২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষা। সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষাই দেশের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হিসেবে বিবেচিত। ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির কথা জানাচ্ছেন ২০১১ সালের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শরাফত করিম।গত বছর ঠিক এই সময়ের ক্যালেন্ডারে চোখ পড়লেই আমার বুকের ভেতর ধক করে উঠত। মনে হতো, ভর্তি পরীক্ষার তারিখটা যেন রেসের ঘোড়ার মতো শাঁই শাঁই গতিতে এগিয়ে আসছে!সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ বছর তোমরা যারা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তাদের অবস্থাও বোধ করি সে রকম।তবে বন্ধুরা, ভয় পেয়ো না। আমি কীভাবে সেই সময়টা সামলেছিলাম, তা-ই বলছি, শোনো।আত্মবিশ্বাস ধরে রেখেছিলাম শেষ দিন পর্যন্ত। মাথা ঠান্ডা রেখে শেষের সময়টুকু কাজে লাগিয়েছিলাম। নতুন করে অবশ্য কিছুই পড়তে যাইনি এ সময়ে। আগে যা পড়া ছিল, সেগুলোই ঘুরেফিরে বারবার আত্মস্থ করেছিলাম।সত্যি বলতে কি, ভর্তি-প্রস্তুতির বিষয়গুলোর সঙ্গে তোমার সম্পর্ক তো দুই বছর ধরেই। কাজেই একেবারে অজানা কোনো বিষয় কিন্তু তোমাকে আত্মস্থ করতে হচ্ছে না। সুতরাং, মনে সাহস রাখো। তবে হ্যাঁ, যে বিষয়ে তোমার কিছুটা দুর্বলতা আছে বলে মনে হচ্ছে, সেগুলোর প্রতি একটু বিশেষ নজর দিতেই পারো। যেমন, রসায়ন দ্বিতীয় পত্র একটু বেশি সমস্যা মনে হয় অনেকের কাছে। এই বিষয়ে একটু আলাদাভাবে চোখ বুলিয়ে নাও।মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ‘সময়’ খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য হাতে আছে মাত্র দুই দিন। এখন বাসায় বসে ‘এক ঘণ্টা সময়’ ধরে বারবার ‘পরীক্ষা’ দিতে হবে। এ জন্য বেছে নিতে পারো গত কয়েক বছরের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র। এতে সময় ব্যবস্থাপনার একটা ধারণা পাওয়া যাবে।বিশেষভাবে বিবেচনায় রাখো পরীক্ষার আগের রাতকে। কারণ, পরীক্ষার আগের রাতে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে গিয়ে অনেকেই মাথা ভারী করে ফেলে কিংবা সারা রাত পড়ালেখা করে সকালে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি বলব, এ সময় বেশি রাত না জাগায় ভালো। বরং ভালো একটা ঘুম দিয়ে সকালে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও।অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করো। পরীক্ষায় সময় কারও সঙ্গে কথা বলবে না। এতে মনোযোগ হারিয়ে যেতে পারে। তুমি আর তোমার প্রশ্ন—এর বাইরে কোনো চিন্তা মাথায় এনো না।প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই সময় ভাগ করে নাও। পরীক্ষার এক ঘণ্টা সময়ের প্রতিটি সেকেন্ড কিন্তু মহামূল্যবান। তাই যে প্রশ্নগুলো সম্পর্কে তুমি শতভাগ নিশ্চিত, সেগুলোর উত্তর আগে দাও। চেষ্টা করো ৪০ মিনিটের মধ্যেই তোমার জানা প্রশ্নগুলোর বৃত্ত ভরাট সম্পন্ন করতে। তারপর বাকি ২০ মিনিট কাজে লাগাও কিছুটা জানা ও পরিচিত প্রশ্নগুলোর উত্তর করতে। তবে খুবই সাবধান! মনে রেখো, প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু ০.২৫ নম্বর কাটা যাবে। তাই এ ব্যাপারে তোমার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ছাড়া উপায় নেই। সতর্কতা অবলম্বন করতে হবে উত্তরপত্রের প্রয়োজনীয় তথ্যগুলো ঠিকভাবে পূরণ করার ব্যাপারেও। কারণ, এখানে একটি তথ্য ভুল হলে তোমার এত দিনের সব পরিশ্রম কিন্তু পণ্ড হয়ে যেতে পারে।এসবের পাশাপাশি আর যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে, পরীক্ষাকক্ষে যাওয়ার সময় রেজিস্ট্রেশন কার্ড, স্টুডেন্টস কপি, প্রবেশপত্র, বলপয়েন্ট কলম ও আনুষঙ্গিক সবকিছু ঠিকঠাক মতো সঙ্গে নিয়েছ কি না, তা বাসা থেকে বের হওয়ার আগে আরেকবার দেখে নাও।সবসময় আত্মবিশ্বাস রাখো। মনে রেখো, তুমি জয়ের জন্য যাচ্ছ। তোমাদের সবার জন্য শুভকামনা। (অনুলিখিত)