অস্ট্রেলিয়ায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি টানা এক ঘণ্টায় আড়াই হাজারের বেশি বার বুক ডন দিয়েছেন। ইউটিউবে সেই পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। কার্লটন উইলিয়ামস নামের লোকটির সেই পারদর্শিতার দৃশ্য পুরোটা দেখার মতো ধৈর্য কি আছে আপনার?
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ উইলিয়ামসের এই অর্জনের স্বীকৃতি দিয়েছে। তিনি ৬০ মিনিটে ২ হাজার
৬৮২ বার বুক ডন দিয়ে নতুন রেকর্ড (পুরুষ) গড়েছেন। পুরোনো রেকর্ডটি ২০১৫ সালের। সেটিও উইলিয়ামসেরই। তখন এক ঘণ্টায় ২ হাজার ২২০ বার বুক ডন দিয়েছিলেন তিনি। পেশায় নির্মাণশ্রমিক উইলিয়ামস বললেন, ‘নিজেকে সেরা প্রমাণ করতেই আমি এই পরিশ্রমের কাজটা করেছি।’
বুক ডনের নিয়ম অনুযায়ী উইলিয়ামসকে দুই হাত মেঝেতে রাখতে হয়েছে। আর কনুই জোড়া ৯০ ডিগ্রি কোণে না পৌঁছানো পর্যন্ত শরীরটাকে নিচু করে প্রতিবার ডন দিতে হয়েছে। মাঝে মাঝে তিনি বিশ্রাম ও শ্বাস-প্রশ্বাসের জন্য অল্প সময়ের জন্য থেমেছেন। তবে ঘড়ি তো থেমে থাকেনি। তাই রেকর্ড গড়ার প্রত্যয় নিয়ে ফের দ্রুত বুক ডন দেওয়ায় মগ্ন হয়েছেন তিনি।
স্বভাবতই এই মনোমুগ্ধকর রেকর্ড বিস্তর প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে সেই পারদর্শিতার ভিডিও দেখে একজন মন্তব্য করেছেন, লোকটির শারীরিক ও মানসিক সামর্থ্যের প্রদর্শনী সত্যিই বিস্ময়কর। আরেকজন কৌতুক করেছেন, কোনটা বেশি ক্লান্তিকর...এভাবে বুক ডন দেওয়া, নাকি লোকটির এই কাজ ঘণ্টাব্যাপী দেখা।