এক ঘণ্টায় ট্রেড লাইসেন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আয় বাড়াতে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এখন বিপণিবিতান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সরাসরি দেওয়া হচ্ছে ট্রেড লাইসেন্স। এতে সময় লাগছে মাত্র এক থেকে দেড় ঘণ্টা। এই কার্যক্রমে ব্যবসায়ীদের ভালো সাড়া মিলছে।
‘স্পট ট্রেড লাইসেন্স প্রদান’ নামের এই কর্মসূচি গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়। এই কর্মসূচির অধীনে প্রায় ৩০ হাজার নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ব্যাপারে আশাবাদী সিটি করপোরেশনের কর্মকর্তারা। এতে বাড়তি রাজস্ব আয় হবে প্রায় তিন কোটি টাকা।
গত ২৮ ফেব্রুয়ারি নগরের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেন ও আগ্রাবাদের সমবায় সিঙ্গাপুর মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা সেখানে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ইস্যু করেন।
ব্যবসায়ীরা বলেন, সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স পাওয়া ও নবায়নের ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় তাঁদের। অনেক সময় অতিরিক্ত টাকাও দিতে হয়। এসব কারণে ব্যবসায়ীদের অনেকে ট্রেড লাইসেন্স নিতে ও নবায়নে আগ্রহী ছিলেন না। করপোরেশনের এ উদ্যোগের ফলে হয়রানি ছাড়াই অল্প সময়ে (সর্বোচ্চ এক থেকে দেড় ঘণ্টা) ট্রেড লাইসেন্স পাচ্ছেন।
মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নতুন ট্রেড লাইসেন্স ইস্যু কিংবা নবায়নের ক্ষেত্রে দুর্নীতি যে হতো না, তা অস্বীকার করব না। ব্যবসায়ীদের হয়রানি কমাতে ও সময় বাঁচাতে বিভিন্ন বিপণিবিতানে গিয়ে সরাসরি ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যবসায়ীরা ভালো সাড়া দিচ্ছেন।’
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান খাত হচ্ছে ট্রেড লাইসেন্স ফি। এ খাতে গত অর্থবছরে (২০১৫-১৬) আদায় হয় ২১ কোটি ৫৩ লাখ টাকা। চলতি অর্থবছরের (২০১৬-১৭) ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ খাতে আয় হয়েছে ১৭ কোটি ৮৬ লাখ ২৯ হাজার টাকা। গত অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছে ২২৯ কোটি ৯৪ লাখ টাকা।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, নগরের দোকানের সংখ্যা জানতে সম্প্রতি একটি জরিপ করা হয়। প্রাথমিক জরিপে দেখা যায়, বর্তমানে নগরে ৮০ হাজার ৩৭৫টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ জরিপ এখনো চলছে। কিন্তু চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স ইস্যু করেছে ৬৪ হাজার ৭৯৬টি। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন অভিযানে দেখা যায়, অনেকে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করে আসছেন। ওই সময় তাঁদের জরিমানাও করা হয়।
মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, নগরে বিভিন্ন বিপণিবিতানে প্রায় ৬০টি ব্যবসায়ী সমিতি রয়েছে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য এসব সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হবে।
গত ২২ ফেব্রুয়ারি নগরের আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে প্রথমবারের মতো স্পট ট্রেড লাইসেন্স দেয় সিটি করপোরেশন। ওই দিন তাৎক্ষণিকভাবে ৮০টি নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয় ১৪টি ট্রেড লাইসেন্স। এতে রাজস্ব আদায় হয় ২ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।
রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেনের কাপড় ব্যবসায়ী মাহবুবুর রহমান, শওকত ওসমান ও স্টেশনারি ব্যবসায়ী আফসার উদ্দিন জানান, আগে ট্রেড লাইসেন্স নিতে গেলে কিংবা নবায়ন করতে হলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতেন। অতিরিক্ত টাকাও দিতে হতো। সময়ও লাগত বেশি। কিন্তু কোনো ধরনের হয়রানি ছাড়াই সঙ্গে সঙ্গেই ট্রেড লাইসেন্স পেয়েছেন।
তামাকুমণ্ডি লেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল খালেক বলেন, সমিতির অধীনে প্রায় তিন হাজার দোকান আছে। কিন্তু ট্রেড লাইসেন্স আছে এক হাজার দোকানের। হয়রানিসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিতে আগ্রহী ছিলেন না। নতুন পদক্ষেপের ফলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ট্রেড লাইসেন্স নিচ্ছেন।
সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৭-এর কর কর্মকর্তা জানে আলম জানান, আগ্রাবাদের সমবায় সিঙ্গাপুর মার্কেটে ১৬৫টি দোকান রয়েছে। কিন্তু ২০টির মতো প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ছিল। নতুন উদ্যোগের ফলে মঙ্গলবারই ১০৩টি নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে। নবায়ন করা হয়েছে ২০টি ট্রেড লাইসেন্স।
সিটি করপোরেশনের কর কর্মকর্তারা জানান, সাধারণত নতুন ট্রেড লাইসেন্স নিতে হলে সার্কেল অফিস থেকে একটি ফরম নিতে হয়। তা পূরণ করে সংশ্লিষ্ট সার্কেল অফিসে জমা দিতে হয়। লাইসেন্স পরিদর্শক যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান রাজস্ব কর্মকর্তা অনুমোদন দেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে দুই দিন সময় লাগে।