এক চিলতে জীবন
ভিভেকা রিজবার্গের জন্ম সুইডেনের স্টকহোমে। ১৯৬৫ সালে। বাবা ছিলেন একজন জ্যাজ শিল্পী। মা করতেন সেলাই শেখানোর কাজ। পাঁচ বছর বয়সে পিয়ানো বাজানো শুরু। একই সঙ্গে চলেছে সংগীত সৃষ্টির চেষ্টাও। কিশোরী ভিভেকা পরে হাতে তুলে নেন গিটার। সংগীত বিদ্যালয়ে যাতায়াত শুরু ছোটবেলা থেকেই। বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয় ছিল ফরাসি ভাষা এবং সাহিত্য। একই সঙ্গে চালিয়ে গেছেন মিউজিক কম্পোজিশনবিষয়ক কোর্স। কিন্তু গান বা সাহিত্য কোনোটিই নয়। ভিভেকা শেষতক পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। তাঁর ভাষায় তিনি ছিলেন একজন ‘সেমি-মিউজিশিয়ান’। দায়িত্ব পালন করেছেন সুইডেনের একটি সাময়িকীর প্রধান সম্পাদক হিসেবেও। ভিভেকা ঢাকায় ছিলেন চার বছরের বেশি সময়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। ঢাকায় এসে বাংলা শিখেছেন দীর্ঘদিন। শিখেছেন তবলাও। তাঁর নিজের লেখা গান নিয়ে এ সিস্টার’স জার্নাল প্রকাশ করে সাউন্ড মেশিন। ২০০৯ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে হয়েছে গান ধারণের কাজ। ভিভেকা এ মুহূর্তে সুইডওয়াচ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করছেন স্টকহোমে।