এক ছাদের নিচে এক শ উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালায় অংশ নিতে দলবেঁধে রওনা হয়েছেন অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত
কর্মশালায় অংশ নিতে দলবেঁধে রওনা হয়েছেন অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

ছোট একটি প্লেন। হাতে রিমোট কন্ট্রোল থাকলেই ঘরময় ওড়ানো যাবে ইচ্ছেমতো। শিশুদের জন্য এটা নিঃসন্দেহে হতে পারে একটা দারুণ খেলনা। কিন্তু ওড়ানোর জন্য যে যন্ত্রপাতি লাগবে, এত ছোট খেলনার ভেতরে কি সেসব আঁটানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটাই করে দেখিয়েছেন সফটওয়্যার প্রকৌশলী ইমতিয়াজ হানিফ। তাঁর এই উড়ালযানের সঙ্গে দেখা হলো সম্প্রতি মাইডাস সেন্টারে হয়ে যাওয়া ‘মেক-আ-থন’ অনুষ্ঠানে।

শিক্ষার্থীরা এখানে নিজেরাই কারিগর
শিক্ষার্থীরা এখানে নিজেরাই কারিগর

দেশীয় বাজারে পাওয়া যন্ত্রপাতি দিয়ে মাত্র এক গ্রামেরও কম ওজনের একটি রিসিভার বানিয়েছেন ইমতিয়াজ। খেলনাটির দাম ৩৫০ টাকা। কম দামে এই ‘স্বপ্ন ওড়ানোর’ যন্ত্র যেন শিশুদের হাতে সহজে পৌঁছে যায়, তাই প্লেনটির একটা যথার্থ নামও দিয়েছেন তিনি—হ্যাপিনেস ফর অল। বিচারকদের মন জয় করে এই প্রোজেক্ট জিতে নিয়েছে দ্বিতীয় পুরস্কার। তার চেয়েও বড় পাওয়া, অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এমন আবিষ্কারে অভিভূত হয়ে নিজেই ১০০ পিস তৈরির অর্ডার দেন আবিষ্কারককে।
‘ম্যারাথন’ নামের সঙ্গে মিল রেখে এই উদ্ভাবক-অনুসন্ধান কার্যক্রমের নাম দেওয়া হয়েছিল ‘মেক-আ-থন’। দ্বিতীয়বারের মতো এ বছর হলো এই আয়োজন। মূল আয়োজক হিসেবে আছে পরামর্শক প্রতিষ্ঠান ‘বেটার স্টোরিজ’। এবারের আসরে সার্বিক সহায়তায় ছিল ওয়ার্ল্ড ব্যাংক। সঙ্গে ছিল ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি অধিদপ্তর, ইএমকে সেন্টারসহ বেশ কিছু প্রতিষ্ঠান।
কী ছিল মেক-আ-থনে? মুঠোফোনে কথা হচ্ছিল বেটার স্টোরিজের প্রকল্প ব্যবস্থাপক মালিহা মহসিনের সঙ্গে। ‘বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা, যোগাযোগ, অবকাঠামো, কৃষি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, শক্তি উৎপাদন, শারীরিক প্রতিবন্ধকতা, নবায়নযোগ্য শক্তি উৎপাদন, প্রকৌশল, কৃষি, ব্যবসা, ফ্যাশন টেকনোলজি, ডিজাইনসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধানের লক্ষ্যে তরুণদের কাছে সময়োপযোগী সমাধান আহ্বান করা হয়। এ বছর প্রথমে অনলাইনে ৪০০ আবেদনপত্র জমা পড়ে। যেখান থেকে সেরা ১০০ আইডিয়ার জন্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় মেক-আ-থনের মূল পর্বে অংশ নেওয়ার জন্য।’ গত ২৬ থেকে ২৮ মে তিন দিনব্যাপী ৬৮ ঘণ্টার একটি কর্মশালায় অংশ নিতে দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উদ্ভাবকেরা হাজির হন অনুষ্ঠানস্থলে। লক্ষ্য ছিল, তিন দিনের মধ্যে তাঁদের দেওয়া ‘আইডিয়া’ অনুযায়ী একটা ‘থ্রিডি মডেল’ বা প্রোটোটাইপ (প্রায়োগিক রূপ) তৈরি করা।

তিনদিনের মধ্যেই ‘প্রোটোটাইপ’ তৈরি করতে হয়েছে অংশগ্রহণকারীদের
তিনদিনের মধ্যেই ‘প্রোটোটাইপ’ তৈরি করতে হয়েছে অংশগ্রহণকারীদের

বেটার স্টোরিজের প্রধান গল্পকথক মিনহাজ আনওয়ার বলেন, ‘এটা অভাবনীয় যে মাত্র তিন দিনের অনুপ্রেরণায় ও প্রশিক্ষণে শেষ পর্যন্ত আমাদের তরুণেরা ৩২টি প্রোটোটাইপ সফলভাবে তৈরি করেছেন।’
তিন দিনে ছিল বেশ কিছু সেমিনার ও আলোচনা সভার আয়োজন। যেখানে ভাবনাগুলো আরও বড় পরিসরে তুলে ধরা, ব্যবসায়িক পরিকল্পনা ও বাজারজাতকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সে কথাও জানাচ্ছিলেন মিনহাজ, ‘মেক-আ-থনে মোট ২৩টি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। দেশি-বিদেশি প্রশিক্ষকেরা পরিচালনার দায়িত্বে ছিলেন। বাংলাদেশ, কানাডা, পেরু, জাপান, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র...বিভিন্ন দেশের আগ্রহী নাগরিকেরাও অংশ নিয়েছেন।’

হাসিমুখের রোবট নিয়ে হাজির হয়েছিলেন চুয়েটের শিক্ষার্থীরা
হাসিমুখের রোবট নিয়ে হাজির হয়েছিলেন চুয়েটের শিক্ষার্থীরা

মেক-আ-থনে সবার অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল ‘মেকার ফেস্ট’। যেখানে বিভিন্ন প্রকল্প উপস্থাপন ও সেগুলোর কৌশল নিয়ে আলোচনা করা হয়। তবে মূলপর্বে বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ ও ব্যক্তিগত উদ্যোগে আসা প্রতিনিধিদেরও অংশগ্রহণ ছিল বলে জানান আয়োজকেরা।

.
.

তিন দিনে তৈরি ‘প্রোটোটাইপ’ নিয়ে প্রতিযোগীদের বিচারকদের মুখোমুখি হতে হয় অনুষ্ঠানের তৃতীয় দিন। নিজেদের পারদর্শিতা দেখিয়ে ১০ জন জিতে নেন সেরার পুরস্কার। প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রকল্পটির নাম কিউসি প্রো। এই প্রকল্পের কারিগর সৈয়দ আল মাহমুদের মুখ থেকেই শোনা যাক তাঁর প্রকল্পের বিস্তারিত, ‘আমি মূলত ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী হওয়ায় অনেক দিন ধরেই মাথায় ছিল, কীভাবে খাদ্যের মান নিয়ন্ত্রণের পদ্ধতিটি সহজ করা যায়। খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য এখন আলাদা আলাদা পরীক্ষা করতে হয়। আমি এমন একটা যন্ত্র বানিয়েছি, যার মাধ্যমে একবারেই সব পরীক্ষা করা যাবে। এমনকি সেটার জন্য নমুনা নিয়ে আপনাকে পরীক্ষাগারেও পাঠাতে হবে না।’ যন্ত্রটি বহনযোগ্য, তাই কারখানায় গিয়ে পরীক্ষা করে আসা যাবে—এমনটাই জানাচ্ছিলেন তিনি।
সেরা ১০ প্রকল্পের অন্যগুলো হলো ফ্লোবাডি, ডব্লিউবট, হেলথ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হ্যারাসমেন্ট প্রিভেনশন, ইউএভি ফর হিউম্যানিটি, আলট্রাক্যান, স্মার্ট গ্যাস বার্নার, স্মার্ট কার্ড সার্ভিস ও ‘ড্রাইভার! গো সেফ’। মেক-আ-থন থেকে পাওয়া ৩২ টি প্রোটোটাইপকে পণ্যে পরিণত করে সেগুলো বাজারজাত করতে এক বছরের সহায়তা দেবে বেটার স্টোরিজ।