এক ছাদের নিচে কত কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়িতার শোরুমে গিয়ে দাঁড়াই। কী নেই সেখানে! এক ছাদের নিচে যেন হাজির হয়েছে সারা বাংলাদেশ।কোন জেলার জিনিস পেতে চান? হয়তো ভাবছেন, ঢাকায় বসে সব এলাকার জিনিস এক জায়গা থেকে কীভাবে পাব? সেটি সম্ভব করেছে জয়িতা। ঢাকার রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চম তলা মিলে প্রায় ২৪ হাজার বর্গফুট জায়গা নিয়ে জয়িতার পরিসর। শুরুতে চোখে পড়ল ছোট ছোট কয়েকটি স্টল। একেকটি একেক জেলার। সারি সারি হাতের কাজের সালোয়ার-কামিজ, কোথাও টাঙ্গাইলের শাড়ি, কোথাও বা পাবনার। শুধু কি তাই, রাজশাহীর সিল্ক শাড়ি, থানকাপড় মিলের দামে পাবেন এখানে। ঢাকার মিরপুরের কাতান, বেনারসি ও রূপগঞ্জের জামদানি রয়েছে জয়িতার স্টলে। ব্লক প্রিন্ট, নকশিকাঁথার সালোয়ার-কামিজ, তাঁতের সালোয়ার-কামিজ পাবেন এখানে। সুলভে কিনতে পারবেন এসব পণ্য। শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট ও লুঙ্গি পাওয়া যায় জয়িতায়। কথা হলো জয়িতার প্রধান নির্বাহী জেড আই ফারুকের সঙ্গে। তিনি বলেন, ‘দেশের তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের একসঙ্গে করার চেষ্টা করা হয়েছে। সরকারের আর্থিক সহায়তায় তিনবছর মেয়াদি একটি কর্মসূচির ফসল হলো জয়িতা। মহিলাবিষয়ক অধিদপ্তর দ্বারা নিবন্ধনকৃত ১৮০টি সমিতির প্রায় ১৪০টি স্টল আছে এখানে। গত বছরের ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। সবার সহযোগিতা পেলে এই নারীরা আরও এগিয়ে যাবেন। শহরকেন্দ্রিক জীবনে আরেকটু সময় লাগবে তাঁদের খাপ খাওয়াতে। তাঁদের মধ্যে সেই নিষ্ঠা আছে। আশা করি, তাঁরা পারবেন।’গৃহসজ্জার সব জিনিস জয়িতাতে রয়েছে। কুশন কভার, টেবিল কভার, বিছানার চাদর, পর্দা ও ক্রুশের কাজ করা ছোট-বড় নানা আকারের ঢাকনা বিভিন্ন স্টলে দেখতে পাবেন। ফল রাখা ঝুড়ি, কাপড় ও ময়লা ফেলার নানা আকারের বাঁশ-বেতের ঝুড়ি পাবেন। এ ছাড়া মুড়ি, খই, চিড়া, ঢেঁকিছাঁটা চাল, ঘি ও সরিষার তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন এখান থেকে। আছে তরতাজা শাকসবজি, মুরগি ও মাংসের বাজার। পঞ্চম তলায় শিশুদের খেলার জন্য আলাদা জায়গা আছে। কেনাকাটা করার পর খেতে চাইলে আছে ফুডকোর্ট। দেশের ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে পারবেন। এ ছাড়া জয়িতার নিজস্ব মঞ্চে জাতীয় সব পালা-পার্বণ উদ্যাপন করা হয়।