এক ছাদের নিচে নামী সব ব্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের বিক্রয়কেন্দ্রে পোশাক দেখছেন ক্রেতারা l প্রথম আলো
ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের বিক্রয়কেন্দ্রে পোশাক দেখছেন ক্রেতারা l প্রথম আলো

মনোরম পরিবেশ। সুসজ্জিত চারপাশ। তাকে তাকে সাজানো উপমহাদেশের নামী সব ব্র্যান্ডের পণ্য। রয়েছে দেশি পণ্যের সমাহারও। এক ছাদের নিচে সব পণ্যের বিক্রয়কেন্দ্র হওয়ায় ক্রেতাদের ভিড় লেগেই আছে।
নগরের ইউনুস্কো সিটি সেন্টারের ষষ্ঠ তলার ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের বিক্রয়কেন্দ্র ঘিরে ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছেই। ঈদ উপলক্ষে জমে উঠেছে এখানকার বিকিকিনি।
বিক্রয়কেন্দ্রে ঢুকে হাতের বাম পাশ ধরে এগোলেই প্রথমে পড়ে ‘আভিলাসা’ নামের কাপড়ের কর্নার। এতে রয়েছে সেলাইবিহীন কাপড়। এখানে জয়পুরী কটন, কিন প্রিন্ট, দিল্লি কটন, ফ্যামিনিন, সানা সাফিনাস, চান্দ্রি কটনসহ বাহারি সব থ্রিপিসের কাপড় মিলবে এক থেকে ত্রিশ হাজার টাকায়। আনারকলি, জিপসি, ফ্লোরটাচ, কটি ফ্রক, কটি থ্রিপিস, টপস, কুর্তাসহ মেয়েদের সালোয়ার-কামিজও রয়েছে। পাওয়া যাচ্ছে ভারতীয় ডিজাইনার সিমা আব্রাই ও পাকিস্তানি ডিজাইনার রোজিনা মনিরের নকশা করা পোশাক। এসব সালোয়ার-কামিজের দাম রাখা হয়েছে ১ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত।
এখানে শাড়ির সংগ্রহও বিশাল। ঋতুকুমার, মানস মনত্রা, সব্যসাচী, সত্যপাল, কালার নিকেতন, কাঞ্চিবরণ, অপ্সরা, গাদোয়াল, হরেক রকমের কাতান, তসর, তন্দুজ, সিল্ক, জামদানি ও টাঙ্গাইল শাড়ি রয়েছে। নেট কাপড় ও রিয়েল স্টোনের কাজ করা শাড়িও পাওয়া যায়।
শুধু শাড়ি বা সালোয়ার-কামিজ নয়, রয়েছে মেয়েদের স্যান্ডেল ও হাতব্যাগও। এই শোরুমে ছেলেদের কর্নারের নাম দেওয়া হয়েছে ‘ম্যানস গ্যালারি’। এখানে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল কুর্তা, পাঠানি কুর্তাসহ নানা ডিজাইনের শেরওয়ানি। এ ছাড়া উপমহাদেশের বিখ্যাত ‘বিং হিউম্যান’, ‘লুইস ফিলিপ্পি’, ‘ভেন হিউসেন’ ও ‘অ্যালেন সোলি’ ব্র্যান্ডগুলোর শার্ট, টি-শার্ট, স্যুট ও প্যান্ট রয়েছে। ‘বিং হিউম্যান’ ব্র্যান্ডের শার্ট পাওয়া যাচ্ছে চার থেকে ছয় হাজার, টি-শার্ট দুই থেকে পাঁচ হাজার এবং প্যান্ট পাওয়া যাচ্ছে সাত থেকে দশ হাজার টাকায়।
গত বৃহস্পতিবার বিক্রয়কেন্দ্রে গেলে কথা হয় পোশাক কিনতে আসা নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক শরফুদ্দীনের সঙ্গে। তিনি বলেন, ‘বিং হিউম্যান ব্র্যান্ডের পোশাক কেনার জন্য এই শোরুমে এসেছি। অন্যান্য নামী ব্র্যান্ডের বাহারি পোশাক দেখতে পেয়ে ভালো লাগছে খুব।’ পোশাকের পাশাপাশি এখানে রয়েছে ছেলেদের নাগড়া, স্যান্ডেল এবং বিভিন্ন ধরনের শু।
লাইফস্টাইলের কিডস সেন্টারের ইনচার্জ মো. লিটন হোসেন জানান, এখানে ছোট ছেলেমেয়েদের নানা ধরনের পোশাক রয়েছে। দাম পড়বে ১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত।
ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের পরিচালক রিপন হাসান বলেন, ‘এবারের ঈদে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে লাইফস্টাইল শোরুমের বিভিন্ন পণ্যের কেনাকাটায়। এ ছাড়া রয়েছে লাকি কুপন। পুরস্কার হিসেবে রয়েছে দুটি ন্যানো টুইস্ট কার, তিন যুগলের চার দিন-তিন রাতের মালয়েশিয়া ভ্রমণ ও ৫০টি ডায়মন্ড জুয়েলারি।’