
সাত ফুট লম্বা টেবিল। তাতে বহির্নোঙর থেকে কর্ণফুলী নদীর দুই পাশের নানা স্থাপনা। আছে জাহাজ ঢোকার দৃশ্য। রাখা হয়েছে জাহাজের স্টিয়ারিং হুইল (ছুকান), নেভিগেশন লাইটও। কাগজের শিল্পকর্মে এভাবেই ফুটে ওঠে কর্ণফুলী নদীর মোহনা থেকে বন্দর জেটি হয়ে সদরঘাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকার চিত্র।
পোর্ট এক্সপোতে চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগ প্রদর্শন করে এটি। গত বৃহস্পতি ও শুক্রবার দুদিনের প্রদর্শনীতে স্টলে প্রদর্শন করা হয় বন্দরের অন্দরমহলের অনেক কিছুই। দুদিনই প্রদর্শনী ঘুরে দেখা গেল, প্রতিটি স্টলেই ছিল দর্শনার্থীদের ভিড়। বন্দরের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বন্দর কার শেডে প্রদর্শনী কেন্দ্রে ঢোকার মুখে চোখে পড়ে জাহাজের প্রপেলার (পাখা), উদ্ধারকারী বোট ও আস্ত নৌকা। স্টলের একপাশে স্থিরচিত্রের পাশাপাশি লেখা আছে, ‘বন্দরে আসা জাহাজে প্রথম ওঠে পাইলট, জাহাজ থেকে প্রথম নামেও পাইলট।’ স্টলের সামনে দাঁড়িয়ে ডক মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম ও সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মোস্তাহিদুল ইসলাম দর্শনার্থীদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিচ্ছেন।
জাহাজ নিয়ে বন্দর পাইলট এলেন জেটিতে। কিন্তু কনটেইনার ওঠানো-নামানো হয় কীভাবে? এমন কৌতূহল মেটাতে যেন প্রস্তুতি ছিল আরেকটি স্টলে। সেখানে পর্দায় দেখানো হচ্ছে সিমুলেটরে (প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্র) গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কনটেইনার নামানোর দৃশ্য।
শুধু গ্যান্ট্রি ক্রেনই নয়, হরেক রকমের যন্ত্র ব্যবহার হয় পণ্য ওঠানো-নামানোয়। যন্ত্র সংগ্রহ ও পরিচালনার সেই দায়িত্ব যান্ত্রিক বিভাগের। এই বিভাগের স্টলে পাওয়া গেল গ্যান্ট্রি ক্রেন, স্ট্রাডল ক্যারিয়ার, ফর্ক লিফটসহ অনেক যন্ত্রের রেপ্লিকা। আবার জাহাজ যেখানে ভেড়ানো হয় সেই জেটি বা টার্মিনাল নির্মাণের দায়িত্ব প্রকৌশল বিভাগের। তারা তুলে ধরে ভবিষ্যৎ প্রকল্পের রেপ্লিকা। এদিকে জাহাজ আসা-যাওয়ার পথে পানির নিচের সব কাজই হাইড্রোগ্রাফি বিভাগের। এই বিভাগের স্টল আস্ত সব যন্ত্র দিয়ে সাজানো। পানির নিচে জরিপকাজ, খননকাজ ও জোয়ার–ভাটার তথ্য সংগ্রহ যেসব যন্ত্রের মাধ্যমে করা হয় তা তুলে ধরা হয়েছে এখানে।
জাহাজ, জেটি, যন্ত্র, কনটেইনার সবই হলো। কিন্তু এই কনটেইনার যাবে কোথায়? কনটেইনারেই বা কী হয়? এমন নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন পরিবহন বিভাগের স্টলে থাকা কর্মকর্তারা। এই বিভাগের স্টলে ঢুকে জানা গেল, পণ্য আমদানি ও রপ্তানির বিবরণ, কনটেইনার পরিচালন কার্যক্রম।
বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ও স্থানান্তরের কাজ এখন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। বড় পর্দায় সেটি তুলে ধরা হয়েছে বন্দরে নিয়োজিত বার্থ অপারেটরদের স্টলে। যন্ত্রের সাহায্যে পুরোনো লোহা জাহাজ থেকে খালাসের দৃশ্য দেখতে শেষ দিনে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। কনটেইনার ওঠানো-নামানোর ব্যবসায় যুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেডের দৃষ্টিনন্দন স্টলও নজর কেড়েছে দর্শনার্থীদের।
জাহাজ বা কনটেইনারের মালিকপক্ষ ও প্রতিনিধিরাও ছিলেন মেলায়। সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যবসার শীর্ষে থাকা মায়ের্সক লাইন কিংবা এমজিএইচ, জিবিএক্স লজিস্টিকস লিমিটেড, ওওসিএলসহ বিদেশি অনেক প্রতিষ্ঠানই নিজেদের কার্যক্রম তুলে ধরেছে স্টলে।
বন্দরে পণ্য খালাস করতে হলে কাস্টমসের ছাড়পত্র নিতে হয়। মেলায় কাস্টম হাউসের স্টলে তুলে ধরা হয়েছে পণ্য খালাসের নানা প্রক্রিয়া। আবার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আমদানিকারকের প্রতিনিধি হিসেবে পণ্য ছাড়ের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তঁারাও এসেছেন মেলায়।
বন্দরের কার্যক্রমের সঙ্গে যুক্ত নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের স্টলে ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে ছিল নানা কার্যক্রমের বর্ণনা।
শুধু চট্টগ্রাম নয়, মোংলা বন্দরও ঠাঁই নিয়েছিল এ মেলায়। মোংলা বন্দরের ১৩০ কিলোমিটার চ্যানেল, জেটিসহ পুরো বন্দর এক টেবিলে উপস্থাপন করা হয়েছে।
প্রদর্শনীতে স্থান পায় মোট ১২৮টি স্টল। শেষ দিন প্রদর্শনীতে বাবার হাত ধরে বিস্ময়ভরা চোখে এসব দেখে ফিরছিল ইস্পাহানি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মোস্তফা তাওয়াসিফ। ‘জাহাজ, নৌকা, কনটেইনার কত কিছুই দেখেছি। খুব মজা হয়েছে।’