এক ছাদের নিচে বিয়েবাড়ির সব আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাডিসন ব্লু চিটাগং বে ভিউয়ের মেজবান হলে বসে বিয়ের সব আয়োজন নিয়ে মেলা। গত শুক্রবার মেলার শেষ দিনে বিয়ের পোশাক নিয়ে আয়োজন করা হয় ফ্যাশন শো। এতে প্রদর্শিত হয় হাল ফ্যাশনের বিয়ে ও গায়েহলুদের পোশাক l জুয়েল শীল
র‍্যাডিসন ব্লু চিটাগং বে ভিউয়ের মেজবান হলে বসে বিয়ের সব আয়োজন নিয়ে মেলা। গত শুক্রবার মেলার শেষ দিনে বিয়ের পোশাক নিয়ে আয়োজন করা হয় ফ্যাশন শো। এতে প্রদর্শিত হয় হাল ফ্যাশনের বিয়ে ও গায়েহলুদের পোশাক l জুয়েল শীল

বাইরে লাল-নীল আলোর রোশনাই। প্রবেশমুখের ফটকও বর্ণিল। অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন একদল তরুণ-তরুণী। আনুষ্ঠানিকতা পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখ চলে যায় মঞ্চে—রকমারি ফুল দিয়ে সাজানো হয়েছে। সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে নানা রঙের আলো। একটু পরেই আসবে বর-কনে। প্রস্তুত রাজকীয় আসন! সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে বেজে চলেছে গান।

এ পরিবেশ দেখে যে কারও মনে হতেই পারে, এ তো বিয়েবাড়ি। সত্যিকারের বিয়েবাড়ি না হলেও তার চেয়ে কম নয়। গত শুক্রবার সন্ধ্যায় নগরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু চিটাগং বে ভিউয়ের মেজবান হলে দেখা যায় এ দৃশ্য। এখানেই দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো-২০১৬’। ভায়োলেট ইনক নামের একটি প্রতিষ্ঠান র‍্যাডিসন ব্লুর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করে।

ফ্যাশন কিউতে এক মডেলের ক্যাটওয়াক l প্রথম আলো
ফ্যাশন কিউতে এক মডেলের ক্যাটওয়াক l প্রথম আলো


বিয়ে মানেই অনেক ঝক্কি— ভেন্যু ঠিক করা, সেটি সাজানো, সব অনুষ্ঠানের জন্য মিলিয়ে অলংকার ও পোশাক কেনা, বর-কনের সাজসজ্জা কত কিছুই যে করতে হয়। আবার বিয়ের সব স্মৃতি ধরে রাখা চাই। এ জন্য দরকার দক্ষ আলোকচিত্রী। এদিকে নতুন সংসার সাজাতে চাই নতুন আসবাবসামগ্রী। এসব ঝক্কি-ঝামেলা দূর করতে মেলায় এক ছাদের নিচেই এসেছিল সব প্রতিষ্ঠান। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ফার্নিচারের স্টল, অভিজাত বুটিক হাউস, জুয়েলারিসহ প্রদর্শনীতে অংশ নিয়েছে এ রকম ৪০টিরও বেশি স্টল।
গত বৃহস্পতিবার শুরু হয় প্রদর্শনী। সমাপনী দিন ছিল শুক্রবার। ছুটির দিন হওয়ায় বিকেল থেকেই মেজবান বলরুমে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শকদের মধ্যে বয়স্ক ব্যক্তিরা যেমন ছিলেন, তেমনি এসেছেন তরুণ-তরুণী ও নতুন দম্পতিরাও। তাঁরা ঘুরে ঘুরে দেখেন স্টলগুলো। অনেকে নিজেদের বিয়ের আয়োজনের প্রস্তুতির কাজটি সেরে রেখেছেন এ উৎসবে।
উৎসবে আসা দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় জমকালো ফ্যাশন শো। গায়েহলুদ, বিয়ের বৈচিত্র্যময় পোশাক ও সাজ নিয়ে ক্যাটওয়াক করে দর্শকদের মাতিয়ে তোলেন মডেলরা।
মেলায় কথা হয় স্কুলশিক্ষক হেলাল উদ্দিনের সঙ্গে। সামনে তাঁর বিয়ের অনুষ্ঠান। তাই মাকে নিয়ে প্রদর্শনীতে এসেছিলেন। তিনি বলেন, ‘বিয়ের প্রস্তুতির জন্য যা প্রয়োজন, এখানে সব এক ছাদের নিচে রয়েছে। যাচাই–বাছাই করে পছন্দ করারও সুযোগ আছে।’ একই কথা বলেন ব্যবসায়ী আফতাব উদ্দিনও।
প্রদর্শনীতে ভালো সাড়া পেয়েছেন বলে জানান অংশ নেওয়া প্রতিষ্ঠান পিটুপি কমিউনিকেশনস অ্যান্ড ইভেন্টজের উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ ও এক্সক্লুসিভ ফার্নিশিং অ্যান্ড ডেকোর ব্যবস্থাপক মো. মহিউদ্দিন কাদের। 

মেলায় দর্শনার্থীদের ভিড় l প্রথম আলো
মেলায় দর্শনার্থীদের ভিড় l প্রথম আলো