পাশাপাশি দুটি হোটেল: নিষেধাজ্ঞার কারণে একটির কাজ বন্ধ, অপরটির নির্মাণকাজ শেষ
এক জায়গায় দুই রকম আইন!

কক্সবাজার সমুদ্রসৈকতে পাশপাশি দুটি বহুতল ভবন (হোটেল)। কোনোটির নকশার অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র নেই। ভূমি কার্যালয়ের অনাপত্তি ছাড়পত্রও নেওয়া হয়নি। তা ছাড়া রয়েছে প্রতিবেশ সংকটাপন্ন সৈকতে বহুতল ভবন নির্মাণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা। ফলে, আইনি বাধার কারণে একটি ভবনের নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে আছে। কিন্তু এসবের তোয়াক্কা না করে অপরটির নির্মাণকাজ শেষ করে ফেলেছে কর্তৃপক্ষ। সৈকতের সি-ইন পয়েন্টে ভবন দুটির অবস্থান।
নির্মাণকাজ শেষ করে পর্যটকদের ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত ১৪ তলাবিশিষ্ট হোটেলটির নাম সি-প্রিন্সেস। হোমস্টোন নামের একটি আবাসনপ্রতিষ্ঠান এটির নির্মাণকাজ করেছে। আর আটতলার অপর হোটেলটির নাম বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট। এটি ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠান।
পরিবেশবাদীদের অভিযোগ, একটির জন্য আইনের প্রয়োগ হলেও অন্যটির ক্ষেত্রে তা হয়নি। এটি এক জায়গায় দুই রকম আইনের উদাহরণ।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১২ সালের ২৬ এপ্রিল হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তৎকালীন জেলা প্রশাসক মো. জয়নুল বারী সমুদ্রসৈকতের সি-ইন পয়েন্টে ডেসটিনির অনুমোদনহীন এই বহুতল ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন।
ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্টের কক্সবাজারস্থ প্রকল্প ব্যবস্থাপক সুশান্ত কুমার দাশ বলেন, ‘আমরা আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমাদের এই অবস্থা। কিন্তু পাশের হোটেলটি নিষেধাজ্ঞা অমান্য করে তৈরি হয়ে গেছে।’
এদিকে গত ২৭ মার্চ সি প্রিন্সেস হোটেলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। একইভাবে হোটেলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরও চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া এবং প্রতিবেশ সংকটাপন্ন সৈকতে ১৪ তলার হোটেল ভবনটি নির্মাণ করা হয়েছে। সৈকত দখল করে এই হোটেল নির্মাণ করায় ২০১১ সালে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল। পরে নাম পাল্টিয়ে (সি প্রিন্সেস হোটেল) ভবনটি তৈরি করা হয়। তা ছাড়া এ হোটেলে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করা হয় সৈকতের বালুচর দখল করে। এ ব্যাপারে নানা উদ্যোগ নিয়ে পরিবেশ অধিদপ্তর প্রভাবশালীদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। অথচ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫–এর ৫ নম্বর ধারা অনুযায়ী সৈকতের এই সংকটাপন্ন এলাকায় কোনো ধরনের অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ।
বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের চিঠি পেয়ে আমরা সংযোগটি বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু হোটেল কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র এনে দেওয়ার শর্তে কিছুদিন সময় নিয়েছে। ছাড়পত্রের জন্য তারা পরিবেশ অধিদপ্তরে আবেদনও করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ ছাড়পত্র জমা না দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কারিগরি কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল আলম (সদ্য বদলি) বলেন, নকশা অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের অভিযোগে হোম স্টোনের হোটেল নির্মাণের কাগজপত্র তলব করা হয়। এরপর দেখা গেছে, কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে হোমস্টোন ভবনটি নির্মাণ করা হয়েছে। কিন্তু ভবনের বিপরীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ভূমি অফিসের অনাপত্তি ছাড়পত্র।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, প্রায় ছয় বছর আগে হোম স্টোনের ওই ভবন নির্মাণের অনুমোদন তিনি দিয়েছিলেন। কিন্তু শর্ত দেওয়া হয়েছিল, বহুতল ভবন নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান আইনজীবী ইকবাল কবির বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া সৈকতে হোটেল ও রাস্তা নির্মাণের অভিযোগে ইতিমধ্যে বেলার পক্ষ থেকে হোম স্টোন কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শিগগির তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, সৈকত দখল করে তৈরি করা পাশাপাশি দুইটি হোটেলের মধ্যে প্রশাসন একটির বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অন্যটি বিনা বাধায় নির্মাণ হয়ে গেছে। এক জায়গায় দুই ধরনের আইন কীভাবে হয়?
এ প্রসঙ্গে জানতে চাইলে সি প্রিন্সেস হোটেলের প্রশাসনিক কর্তকর্তা মো. আলা উদ্দিন বলেন, পরিবেশ ছাড়পত্র নিয়ে কক্সবাজারে কয়টা হোটেল তৈরি হয়েছে আমাদের জানা আছে। আর এসব নিয়ে সাংবাদিকদের ঘাঁটাঘাঁটি করার দরকার কী? অনিয়ম হলে দেখার জন্য প্রশাসন রয়েছে।