এক জীবনে অনেক জীবনের পরশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুন্নাহার রহমানের সঙ্গে মেয়ে পারভীন মাহমুদ (ডানে)
শামসুন্নাহার রহমানের সঙ্গে মেয়ে পারভীন মাহমুদ (ডানে)

মা যেন হঠাৎ করেই নেই আমাদের মাঝে। আমার মা, শামসুন্নাহার রহমান গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। অনেকের কাছে ‘পরান আপা’ নামেই পরিচিত আমার মায়ের জন্ম ১৯৪০ সালের ১ জুন। ১৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। চার সন্তানের মা তিনি। ১৯৬২ সালে ম্যাট্রিক পাস করেন এবং ১৯৬৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। যখন তাঁর পাঁচ সন্তান, তখন পরান রহমান বিএ পাস করেন। ১৯৭০-৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এমএ প্রথম পর্ব সম্মান করলেও মুক্তিযুদ্ধের কারণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা সম্ভব হয়নি।
১৯৭১ সালের পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে কাজ শুরু করেন শামসুন্নাহার রহমান। নারীদের পুনর্বাসন ও স্বাস্থ্যসেবায় তাঁদের এ কাজে সহায়তা করেছিল আইরিশ সংস্থা কনসার্ন। পরবর্তী সময়ে তিনি সমমনা কয়েকজনকে নিয়ে গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল’। এট বর্তমানে বৃহত্তর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের ছয়টি জেলায় কাজ করছে। সুবিধাবঞ্চিতদের জন্য ঘাসফুল স্বাস্থ্য, শিক্ষা, আইনি সেবা, ক্ষুদ্রঋণ ও মানবাধিকার নিয়ে কাজ করে।
১৯৯৬ সালে শামসুন্নাহার ক্যানসারে আক্রান্ত। তবে তিনি সাহসের সঙ্গে পরের এক দশক যুদ্ধ করে এ রোগকে হারিয়ে দেন। এ সময়টাতে কেমোথেরাপি নেওয়ার মধ্যেও ঘাসফুল ও অন্যান্য সমাজসেবায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন।
কয়েক বছর যাবৎ স্বাস্থ্যগত কারণে দীর্ঘ সময় আমার মা ঢাকায় থাকতেন, যদিও তাঁর মন ছুটে যেত চট্টগ্রামে। ঢাকায় কিছুটা অন্তরালে থাকায় কর্মব্যস্ততা কম ছিল। মাঝে মাঝে মন খারাপ করতেন, ভাবতেন তাঁর প্রয়োজন ফুরিয়ে আসছে, সময় কাটছে না। আমি তাঁর কর্মময় জীবনের কথা শোনাতাম আর উনি বলতেন ‘আমি কিছু করিনি’। মাকে ঘাসফুলের সৃজনশীল, অনন্য কিছু কাজের কথা জিজ্ঞসা করলেই বলতেন, অতশত জানি না, আমার ভালো লেগেছে, তাই কাজ করেছি। ঘাসফুল এত বড় হবে ভাবিনি। আমি সব লিখে রাখি নাই। বর্তমানে ঘাসফুলের ৩৭টি শাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
চট্টগ্রামের প্রায় শতাধিক দুস্থ নারীর জন্য ধাত্রিবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। প্রশিক্ষিত ধাত্রীদের কর্মজীবন, পারিবারিক জীবন নিয়ে একটি লিখেছেন তৃণমূলের রমণী বই।
আমি অবাক হয়েছি, সেই ঘাসফুলের সূচনা থেকে তিনি হরিজন, দলিত, মেথরদের নিয়ে কাজ করেছেন। তাদের আপন করে নিয়েছেন। চট্টগ্রামের বস্তিবাসীদের স্বাস্থ্যসচেতন করেছেন। মেথরপট্টির বহু নারী ধাত্রী হিসেবে পেশা গ্রহণ করেছেন। মনে পড়ে, উনি পা ভেঙে ছয় মাস বিছানায় পড়ে ছিলেন। ঢাকায় আমার কাছেই ছিলেন। শুনলেন, ঘাসফুলের অনুষ্ঠানে মেথরপট্টি থেকে বেশি লোক আসে নাই। উনি উষ্মা প্রকাশ করে কেঁদেই ফেললেন। বললেন, ওরা কেন আসবে? ওরা জানে আমি থাকব না। ওদের কাছে টেনে কেউ পাশে বসাবার নাই, সে জন্য আসেনি। সেদিন জানলাম যে ঘাসফুল দলিতদের নিয়ে কাজ করে। আমি বলতাম, তুমি এইগুলো হাইলাইট করো না কেন? তখন বলত, ভালোলাগা থেকেই কাজ করে গিয়েছি।
ঘাসফুল আর পরান রহমান একাত্ম ছিল। আমার ছোট বোন ঝুমা ছোটবেলায় আমাকে অনুযোগ করে বলেছিল, আম্মা আমাদের চেয়েও ঘাসফুলের মেয়েদের বেশি আদর করে। সব সময় তিনি টেনিস বল বা চিপসের খালি কনটেইনার জমাতেন, এমনকি বিদেশে গেলেও নিয়ে আসতেন। ঘাসফুল স্কুলের বাচ্চাদের এগুলো পেনসিল বক্স হিসেবে ব্যবহার করতে দিতেন।
আমার বাবা চট্টগ্রামের আয়কর উপদেষ্টা মরহুম মো. লুৎফর রহমান। মৃত্যুর আগে আমার মাকে বলেছিলেন, ‘পরান, তুমি আমাকে মানুষের কাছে যাওয়া শিখিয়েছ।’
পরান রহমান মুক্তিযুদ্ধে নির্যাতিত মা-বোন বীরাঙ্গনাদের নিয়ে প্রচুর কাজ করেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ’৭১ সালে নির্যাতিত এক কুলবধূ আফিয়া খাতুন খঞ্জনীকে হন্যে হয়ে খুঁজতে থাকেন এবং উদ্ধার করেন বীরাঙ্গনা খঞ্জনীকে। পরান রহমান ‘বীরাঙ্গনা’ শব্দটি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তিনি দাবি করেন, নির্যাতিত এসব মা-বোনকে যাতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। তিনি খঞ্জনীকে খুঁজে পেয়ে ‘সোনাপুরের বউ’ নামে একটি ছোটগল্প লেখেন। এ বছর সরকার খঞ্জনীর দায়িত্ব নিয়েছেন, যেটা তাঁর নিরলস প্রচেষ্টার ফসল।
এক জীবনে অনেক জীবনের পরশ দিয়ে গেছেন আমার মা। মা হারানোর বেদনা আমাদের ভাইবোনদের এখন প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। প্রতিমুহূর্তে উপলব্ধি করছি, মা ছিলেন সংসারের কেন্দ্রবিন্দু, আত্মা। আমার নানিকে মনে পড়ে, তাঁর প্রিয় গান ছিল ‘মধুর আমার মায়ের হাসি, মাকে মনে পড়ে’। আজ যেটা আমার সদা হাস্যময়ী উচ্ছল মায়ের কথা মনে করিয়ে দেয়।
লেখক: ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং সাবেক প্রেসিডেন্ট, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ