এক জীবনে অনেক যুদ্ধজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির ছোট মেয়েটি বড় অভিমানী। কেউ বকেছে তো, তক্ষুনি লুকিয়ে খাতায় লিখত সেই কষ্টের কথা। একদিন ধরা পড়ল বড় বোনের চোখে। নালিশ গেল বাবার কাছে। মেয়েটি ভয়ে কাঁপছে। রাশভারী বাবা বললেন, ‘স্কুলের খাতায় এসব লিখতে নেই।’ মেয়েটির কাঁদো-কাঁদো প্রশ্ন—‘তাহলে কোথায় লিখব?’ বাবা পরদিনই লাল মলাটের একটি খাতা এনে দিয়ে বললেন, ‘যা লিখতে ইচ্ছে করে, এখানে লিখো।’ সেই যে লেখা শুরু, আজও থামেনি। ছোট্ট সেই মেয়েটি আজ প্রখ্যাত সাহিত্যিক—শহীদজায়া বেগম মুশতারী শফী। এ পর্যন্ত তাঁর ১৪টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে বোদ্ধা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে স্বাধীনতা আমার রক্তঝরা দিন, মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী, চিঠি: জাহানারা ইমামকে ও আমি সুদূরের পিয়াসি। সামনের একুশের বইমেলায় বের হবে তিনটি বই—স্মৃতিতে অমলিন যাঁরা, মুক্তিযুদ্ধের গল্প এবং একুশের গল্প। মুশতারী শফী ষাটের দশকের প্রথম ভাগে চট্টগ্রামে মেয়েদের সংগঠন বান্ধবী সংঘ প্রতিষ্ঠা করেন। বান্ধবী নামে একটি মাসিক সাহিত্য পত্রিকাও বের করেন ১৯৬৪ সালে। ১৯৬৯ সালে একেবারে ব্যতিক্রমী এক ছাপাখানা চালু করেন। সব বিভাগের কাজই মেয়েরা করত। একাত্তরে ছাপাখানাটা গুঁড়িয়ে দেয় পাকিস্তানি সেনারা। গত সোমবার এনায়েত বাজারের মুশতারী লজে কথা হয় তাঁর সঙ্গে। বাড়িটা ইতিহাসের অংশ ভেবে রোমাঞ্চ হচ্ছিল। ষাটের দশকে আইয়ুববিরোধী আন্দোলন থেকে রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একাত্তরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সূচনা এ বাড়িতেই। গল্প করতে করতে শৈশবের সোনালি স্মৃতিতে হারিয়ে গেলেন তিনি। ‘ছেলেবেলা থেকেই বইয়ের প্রতি ছিল আমার প্রবল ঝোঁক। সে সময় মুরুব্বিরা পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়া অপরাধ মনে করতেন। লুকিয়ে গল্প-উপন্যাস পড়তে গিয়ে কতবার যে শাস্তি পেয়েছি।’ তিন মাস বয়সেই মাকে হারিয়েছেন। ১২ বছর বয়সে বাবাকে। বাবা খন্দকার নজমুল হক আনসারী ছিলেন ডেপুটি পুলিশ সুপার। তখন তিনি ঢাকার কামরুন্নেসা গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বাবার মৃত্যুর পর স্কুলের গণ্ডিটা আর পেরুনো হয়নি। চাচারা ১৫ বছর বয়সে বিয়ে দেন। ১৯৪৯ সালে দৈনিক আজাদ পত্রিকার মুকুলের মাহফিলে প্রথম ছাপা হয় তাঁর ছোটগল্প। ওই সময়কার স্মৃতি হাতড়ে বললেন,—‘পুরো নাম ছিল মোছাম্মত উম্মে কুলসুম মুশতারী বেগম। চাচাতো ভাই জহুর গল্পটি উম্মে কুলসুম নামে আজাদ পত্রিকায় পাঠায়। ছাপার অক্ষরে নিজের নাম দেখে আমার সে কি আনন্দ! অনেক দিন বালিশের কাছে পত্রিকাটা রেখে দিয়েছিলাম। এরপর কচিকাঁচার আসর, ছোটদের খেলাঘর, বেগমে লেখা ছাপা হতে থাকে। অনেকেই কটাক্ষ করত এই বলে, তুই তো নোবেল পুরস্কার পেয়ে যাবি। তখন কান্না পেত খুব।’একাত্তরের ৫ এপ্রিল তাঁর ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এহসান এবং স্বামী দন্ত্য চিকিৎসক মো. শফীকে পাকসেনারা ধরে নিয়ে যায়। তাঁদের আর কোনো খোঁজ মেলেনি। শুরু হলো কঠিন জীবন-সংগ্রাম। বললেন সেই কাহিনি—‘পরদিনই মাত্র ৭০ টাকা সম্বল নিয়ে ছোট ছোট ছেলে-মেয়ের হাত ধরে এক কাপড়ে পথে নামি। অনেক পথ পেরিয়ে আগরতলায় পৌঁছি। সেখানে নার্সিংয়ের ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধাদের সেবায় লেগে যাই। পরে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে শব্দসৈনিক হিসেবে যোগ দিই।’একাত্তর মুশতারী শফীর জীবনটাই এলোমেলো করে দিয়েছিল। তবু তাঁর কলম বন্ধ ছিল না। ‘তখন দিন-রাত লিখেছি। কখনো স্বাধীন বাংলা বেতার ও আকাশবাণী কলকাতার জন্য, কখনো আনন্দবাজার ও বসুমতির জন্য। কলকাতায় যে বাড়িতে শরণার্থী ছিলাম, সেখানে ইলেকট্রিসিটি ছিল না। কেরোসিন ও মোমবাতির খরচ বাঁচাতে পার্কের লাইটপোস্টের নিচে বসে লিখতাম।’ দেশ স্বাধীন হলে ফিরে এসে দেখেন, লুণ্ঠিত বাড়ির খোলসটুকু পড়ে রয়েছে। চট্টগ্রাম বেতারে পাণ্ডুলিপি লেখকের (পরে চিফ স্ক্রিপট রাইটার) কাজ পেলেন। সাত ছেলে-মেয়েকে লেখাপড়া শেখালেন। সবাই মাস্টার্স শেষ করে আজ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। দীর্ঘ ২৫ বছর পর অবসর নিয়ে তিনি এখন নিজ ভবনে হোলি ফ্যামিলি টিউটোরিয়াল নামে একটা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছেন। অবসর কাটান বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ ও লেখালেখি করে।‘একাত্তরের ১৬ ডিসেম্বর আমারও জীবনের আনন্দের মুহূর্ত। সেদিন পাকসেনারা আত্মসমর্পণ করল। এই সোনার দেশটা পেতে আমিও হারিয়েছি অনেক। তবুও সারা বিশ্বের মানুষের মুখে যখন বাংলাদেশ নামটি উচ্চারিত হয়, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে পালিত হয়, আমি খুশিতে আত্মহারা হয়ে যাই।’ বয়সকে ছাপিয়ে আবেগে জ্বলে ওঠেন মুশতারী শফী। কঠিন সংগ্রাম আর কষ্টের স্মৃতিগুলোকে ম্লান করে দিয়ে দুচোখে চিকচিক করতে লাগল আনন্দাশ্রু।