এক ঝাঁক নীল পদ্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসব মুগ্ধতা, স্মৃতিময়তা আর ভালোবাসা ভোলা যায় না—অ্যাডফেস্টে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের ‘সৃজনশীল তরুণ’দের নিয়ে আয়োজিত ‘ইয়াং লোটাস’ কর্মশালা, সৃজনশীল প্রতিযোগিতা আর বর্ণাঢ্য উৎসব শেষে দেশে ফিরে আসার পর এটাই ছিল আমাদের উপলব্ধি।বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থাগুলোর সৃজনশীল তরুণদের নিয়ে ‘শার্পনার’ নামের একটা সৃজনশীল কর্মশালার আয়োজন করে ঢাকা অ্যাড ক্লাব। কর্মশালা শেষে সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয় দুই সদস্যের একটা বিজয়ী দল। তারপর বিজয়ী দলকে ঢাকা অ্যাড ক্লাব বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠায় অ্যাডফেস্টের ইয়াং লোটাসে। ২০১২ সালে শার্পনার বিজয়ী হিসেবে আমি জাকির জাহামজেদ আর খালেদ সাইফুল্লাহ সুযোগ পেয়েছিলাম অ্যাডফেস্টের ইয়াং লোটাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।ইয়াং লোটাসে এবার এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের ১৭টি দেশের তরুণ সৃজনশীল তরুণেরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেছে। এবারের ইয়াং লোটাস কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিল বিজ্ঞাপনী সংস্থা জেডব্লিউটি। কর্মশালার প্রধান ছিলেন জেডব্লিউটি দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্বাহী সৃজনশীল পরিচালক টে গুয়ান হিন।থাইল্যান্ডের পাতায়ায় ১৫-১৭ মার্চ অনুষ্ঠিত হয় ইয়াং লোটাস কর্মশালা আর প্রতিযোগিতা। ইয়াং লোটাস কর্মশালায় বিজ্ঞাপনের ভেতর-বাইরের নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার সুযোগ হয়। কর্মশালা শেষে নিজেদের সৃজনশীলতা দিয়ে আমাদের একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইন তৈরি করতে বলা হয়। আমাদের সময় বেঁধে দেওয়া হয় ২৪ ঘণ্টা। তারপর আমরা ১৭টি দেশের ১৭টি দল আলাদা আলাদাভাবে কাজ শুরু করি নির্ধারিত কোম্পানির গাড়িটির বিজ্ঞাপন তৈরির। পাশাপাশি বসে কাজ করছি একেকটা দল, একেকজনের একেক রকম চিন্তা, আলাদা আলাদা ভাবনা। কেউ ক্যামেরা নিয়ে ছুটে যাচ্ছে, কেউ মেঝেতে বসে ভাবছে, কেউ ইন্টারনেটে ইতিহাস হাতড়ে বেড়াচ্ছে গাড়ি কোম্পানিটির। রাত-দিন টানা কাজ করেও যেন কারও ক্লান্তি নেই। সবাই প্রস্তুত হচ্ছে বিচারকদের সামনে তাদের ক্যাম্পেইন উপস্থাপনের জন্য। আমরা যারা কেউ কাউকে ইয়াং লোটাসে যাওয়ার আগে চিনতাম না, তারাই একসঙ্গে কাজ করতে গিয়ে এই ২৪ ঘণ্টায় খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম।আমরা ১৭টি দেশের ১৭টি দল আলাদা আলাদাভাবে বিচারকদের সামনে পূর্ণাঙ্গ বিজ্ঞাপনী ক্যাম্পেইন উপস্থাপন করি। ফলাফল অ্যাডফেস্টে জানানো হবে এটা জানিয়ে শেষ হয় ইয়াং লোটাস কর্মশালা আর প্রতিযোগিতা। তারপর আমরা সবাই সবার বন্ধু, রাতে খেতে গিয়েছি সবাই একসঙ্গে, পাতায়ার সৈকতে রাতভর দলবেঁধে ঘুরে বেরিয়েছি একসঙ্গে। পরদিন ১৮ মার্চ থেকে শুরু হয় এশিয়া প্যাসিফিকের বৃহৎ বিজ্ঞাপনী উৎসব অ্যাডফেস্ট।ইয়াং লোটাসে বাংলাদেশ থেকে আমরা ছিলাম দুজন। আর অ্যাডফেস্টে বাংলাদেশ থেকে গিয়েছিলেন অ্যাডকমের চেয়ারপারসন গীতি আরা সাফিয়া চৌধুরী ও নাজিম ফারহান চৌধুরী, মাত্রার সানাউল আরেফিন ও আফজাল হোসেন, এক্সপ্রেশনের আপন আহসান, রূপ কমিউনিকেশনের ইউসুফ হাসানসহ আরও অনেকে।অ্যাডফেস্ট ও ইয়াং লোটাসে যাওয়া আমাদের দুজনের জন্য এক বিচিত্র অভিজ্ঞতা। ইয়াং লোটাস কর্মশালা আর প্রতিযোগিতা আয়োজনের আরেকটা দিক হচ্ছে—এশিয়া অস্ট্রেলিয়া মহাদেশের তরুণ ক্রিয়েটিভদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। ইয়াং লোটাস আর অ্যাডফেস্টের এই বন্ধুত্বটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।অ্যাডফেস্টে বিজ্ঞাপন নিয়ে অনেকগুলো কর্মশালা আর সেশনের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনের শ্রেষ্ঠত্বের পুরস্কারগুলো দেওয়া চলছিল। অ্যাডফেস্টের বিশাল মঞ্চে ১৭টি দলই একসঙ্গে উঠেছিল। পুরস্কার পাওয়ার পর বিজয়ী তিন দলের আনন্দ ভাগ করে নিয়েছিল ইয়াং লোটাসে আসা ১৭টি দলই। এ ছাড়া অ্যাডফেস্টে এশিয়া অস্ট্রেলিয়া মহাদেশের নানা দেশ থেকে আসা বিজ্ঞাপনের রথী-মহারথীদের সঙ্গে কাজ নিয়ে কথা বলা আর তাদের নানা ধরনের উপদেশ, আড্ডায় আড্ডায় তাদের কাজ আর অভিজ্ঞতার গল্প শোনাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।২০ মার্চ শেষ হয় অ্যাডফেস্ট। ২১ মার্চ সকালে আমরা যখন ইয়াং লোটাসের বন্ধুরা আলাদা হই, তখন আবেগে কারও কারও চোখ ছলছল করে উঠেছিল। কেউবা বলেছিল, সুযোগ পেলে আমার দেশে এসো। বেশির ভাগই বলেছিল দেখা হবে কাজে, দেখা হবে নতুন কোনো আসরে।