এক টুকরা মোগল সাম্রাজ্য
মেলার মূল ফটকের কাছে দাঁড়ালেই মনে হবে এ যেন এক টুকরা মোগল সাম্রাজ্য। মোগল আমলের স্থাপত্যের আদলে তৈরি। যেন একটি রাজপ্রাসাদ। চন্দনাইশ থেকে মেলায় আসা নির্মাণ প্রকৌশলী ইমতিয়াজ শাওন তো মন্তব্য করেই ফেললেন, ‘তোরণটির কাছে এসে যেন মুহূর্তের জন্য অষ্টাদশ শতাব্দীর নসরত শাহের আমলে চলে গেলাম।’ মেলায় আসা দর্শক ও ক্রেতারা ফটকটি দেখে মুগ্ধ। চারটি স্তরের ওপর পারটেক্স দিয়ে তৈরি নান্দনিক এই স্বল্পস্থায়ী স্থাপত্যটির ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ইমপাল্স প্রোপার্টিজ লিমিটেড। মেলাসংশ্লিষ্ট লোকজন জানান, এক কোটি টাকা দিয়ে ফটকটি ইজারা দেওয়া হয়েছে। ব্যবস্থাপনার জন্য রয়েছেন ইমপালেসর ৭০ জন তরুণ-তরুণী। দেখা গেছে, সাত-আটটি কাউন্টারে তরুণীরা মেলায় ঢোকার টিকিট বিক্রি করছেন। ইমপাল্স প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প তত্ত্বাবধানকারী মো. আবু ইউসুফ জানিয়েছেন, ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর পর ১৪-১৫ মার্চ পর্যন্ত গড়ে প্রতিদিন টিকিট বিক্রি হয়েছে দেড়-দু লাখ টাকার। ১৯ মার্চ তা দাঁড়িয়েছে দু-আড়াই লাখ টাকায়।