এক টুকরো সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিল ঠাঁই’ বলতে যা বোঝায় তারই ব্যবহারিক রূপ বলা চলে। লঞ্চ ছাড়ার আগের দৃশ্য এটি। সদরঘাটের লঞ্চঘাট তখন মা-বাবা আর অভিভাবকে ঠাসা। সন্তান যাচ্ছে সুন্দরবন ভ্রমণে, বিদায় জানাতে এসেছেন তাঁরা। তবে যাত্রাটা যেহেতু ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী হিসেবে, তাই অনেকেই নিশ্চিন্ত! হবেনই বা না কেন, ইমপিরিয়াল কলেজের সুন্দরবন ভ্রমণে যে পাকা হাতই বলা চলে। কারণ, এবার নিয়ে তাদের যাত্রাটা ১৩তম। প্রতিবছর প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে তারা আয়োজন করে এই ভ্রমণ।৬ জানুয়ারি সন্ধ্যায় যাত্রা হলো শুরু। তখনো কারও জানা ছিল না, বৈরী আবহাওয়া ভ্রমণের সময়কে আরও এক দিন বাড়িয়ে দেয়। প্রায় দুই শ শিক্ষার্থীর এই ভ্রমণে ছিলেন ডাক্তার, শিক্ষক, অভিভাবক ও অতিথিরাও। প্রতিদিন সন্ধ্যায় লঞ্চের নিচতলায় ছিল খাবার ও সাংস্কৃতিক আয়োজন। যাত্রার শুরুর পরদিন দুপুর নাগাদ লঞ্চ গিয়ে ভিড়ল শরণখোলায়। এখানে এলাকার গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণের পর এবার যাত্রা কটকার উদ্দেশে। তবে প্রথম রাত থেকেই শিক্ষার্থীরা এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি। হূদয় জানান, ‘জীবনে কোনো দিন নিজের বিছানা অন্যের সঙ্গে শেয়ার করিনি। খাবারের জন্য অপেক্ষায় থাকতে হয়নি। এখানে এসে সেসব করতে হয়েছে। এর ভেতর দিয়ে আমাকে এক নতুন “হূদয়” হিসেবে আবিষ্কার করেছি।’ হূদয়ের সঙ্গে যখন কথা হয় ওদিকে আবার একদল শিক্ষার্থী মিলে গাইছেন, ‘চলো না ঘুরে আসি অজানাতে...’, সঙ্গে গিটারের ঝংকার। দোলা বিশ্বাসের মতো অনেকেই তখন বাড়িতে ফোন করছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই নেটওয়ার্ক থাকবে না।ভ্রমণ প্রসঙ্গে কথা হলো কলেজের অধ্যক্ষ মাহফুজুল হকের সঙ্গে। জানালেন আয়োজনের কারণ, ‘আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বাইরের জগৎকে চিনুক নিজের মতো করে। পাঠ্যবই আর বাস্তব অভিজ্ঞতা এক না। তা ছাড়া জীবন সম্পর্কেও এই কদিনে তারা নতুন ধারণা পাবে, যা কোনো টাকার বিনিময়ে মিলবে না।’৮ জানুয়ারি মাঝরাতে লঞ্চ গিয়ে কটকা পৌঁছাল। নদীতে নোঙর করা হলো। পরদিন ভোরেই রওনা জামতলা সমুদ্রসৈকতের দিকে। এবার লঞ্চ থেকে নৌকায় যাত্রা। ছোট্ট খালের দুপাশে গোলপাতা তখন ঝিরি ঝিরি বাতাসে দুলে দুলে স্বাগত জানাচ্ছে। জামতলা নেমেই শিক্ষার্থীরা ওয়াচ টাওয়ারে চড়ে দেখলেন ‘অন্য সুন্দরবন’—অনেকটা পাখির চোখে। এরপর মাইল দুয়েক বনের পথে হেঁটে সমুদ্রের তীরে এসে পৌঁছানো। এখানেও চলল ঢেউয়ের তালে তারুণ্যের ছন্দ মেলানো। সমুদ্রে স্নান শেষে আবার নদী পাড়ি দিয়ে কটকার পশ্চিম পাড়ে। হরিণ দেখে যেন ফুরায় না। হরিণ আর হরিণ! হরিণ ছাড়াও দেখা মিলল নানা প্রজাতির বানর আর পাখির। তারপর রাতে আবার লঞ্চে ফিরে শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন এক প্রতিযোগিতা—মিস এবং মিস্টার সুন্দরবন খোঁজা। যেখানে নিজেদের প্রতিভা দেখিয়ে খেতাব জিতে নেন আজমীর রহমান ও সাব্বির আলম। ছয় দিনের এই আয়োজনে সারাক্ষণ সব কাজে থেকে করিৎকর্মা খেতাব জোটে শিক্ষার্থী তৃষার কপালে।কটকা থেকে পরের গন্তব্য কোকিলমুনি। সেখানে সারা দিন কাটিয়ে ঢাকার পথে যাত্রা সন্ধ্যার আগেই। তবে তখনো মন খারাপ রিয়া পাল, নোশিন তাবাসসুম, ইরা ও দোলার। কারণ এই কদিনেই খুব ভালো বন্ধু হয়ে গেছেন তাঁরা। শিক্ষার্থী মৌ তিথী আহমেদ জানান, ‘চোখের সামনে এত বিশাল বন দেখে সত্যি মনটা আরও বড় হয়ে গেছে। তবে বনের অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে দেখে কষ্টও পেয়েছি।’ভ্রমণ আয়োজনে ছিল শিক্ষার্থীদের নিয়ে গ্রহ-নক্ষত্র দেখানোর ব্যবস্থা। ডিসকাশন প্রজেক্ট তাদের টেলিস্কোপে চোখ রাখার এই সুযোগ করে দেয় শিক্ষার্থীদের। সব আয়োজনে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, বাউলগানের আসর থেকে শুরু করে আরও অনেক কিছু। তবে সবকিছুতেই শিক্ষার্থীদের রব ছিল ‘সুপার লাইক’ শব্দে। যেমনটি চলেছে ফিরতি পথে। ১০ জানুয়ারির বদলে ১১ তারিখে যাত্রা শেষ হওয়াতেও শিক্ষার্থীদের ছিল সুপার লাইক।