এক টেরাবাইট তথ্য সংরক্ষণ করা যাবে ডেল ইনস্পায়রন ল্যাপটপে
প্রযুক্তি বাজারে এসেছে আরও এক নতুন অতিথি। ডেল ইনস্পায়রন (এন৩৪৩৭ মডেল) ল্যাপটপ। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার ল্যাপটপটি শিক্ষার্থী ও বাসাবাড়িতে ব্যক্তিগত কাজে ব্যবহারকারীদের জন্য বেশ কাজে দেবে। কারণ, এতে রয়েছে এক টেরাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা।
চতুর্থ প্রজন্মের কোর আই-৫ প্রসেসর-সমন্বিত ল্যাপটপটিতে রয়েছে চার জিবি (ডিডিআরথ্রি) র্যাম। সেই সঙ্গে রয়েছে ইন্টেল (এইচডি ৪৪০০) গ্রাফিকস এবং আট সিরিজের এক্সপ্রেস চিপসেট। ল্যাপটপটিতে দুটি ইউএসবি-৩ ও একটি ইউএসবি-২ পোর্ট, মাল্টিমিডিয়া কার্ড রিডার, বিল্টইন ব্লুটুথ-৪-সহ বহনযোগ্য পিসির হালনাগাদ সব সুবিধা পাওয়া যাবে। কালো ও লাল রঙের দৃষ্টিনন্দন ল্যাপটপটির ওজন দুই কেজির কম। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে ৫০ হাজার ৬০০ টাকা।
এদিকে দেশের প্রযুক্তি বাজারে পাওয়া যাচ্ছে লেনোভোর (এ১০০০ মডেল) ভয়েজ কল ফিচারের ট্যাবলেট পিসি। সিম-সমর্থিত এই ট্যাবলেট পিসিটিতে ফোন কলের মুঠোফোন ডেটা বা ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে।
ট্যাবলেট পিসিটি অ্যান্ড্রয়েট জেলি বিন (৪ দশমিক ১ দশমিক ২) মুঠোফোন অপারেটিং সিস্টেম চালিত। এতে রয়েছে সাত ইঞ্চি মাল্টি-টাচ ডিসপ্লে, এক জিবি র্যাম, চার জিবি ডেটা স্টোরেজ ডিভাইস, এইচডি ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ (৪ দশমিক শূন্য), জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার প্রভৃতি।
ট্যাবলেট পিসিটিতে সর্বোচ্চ আট ঘণ্টা ওয়াই-ফাই ব্রাউজিং করা যায়। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার ৫০০ টাকা। l নিজস্ব প্রতিবেদক