এক ঠিকানায় নানা খাবার
কোলাহল ছাড়িয়ে নিরিবিলি লেকের পাড়। ঢাকার উত্তরায় লেক সেতুর পাশেই। এক বছরে জায়গাটি পেয়েছে বেশ পরিচিতি। এখানে যাঁরা আসেন, তাঁরা খাবারপ্রেমী। নামটা ‘ফুড জংশন’। বলছিলাম নগরের একটি রেস্তোরাঁর কথা। এখানে রয়েছে নানা ধরনের খাবারের সমাহার। রেস্তোরাঁর নাম নিয়ে বললেন ফুড জংশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান, ‘দই, ফুসকা থেকে শুরু করে দেশি খাবার, দক্ষিণ ভারতীয়, থাই-চীনা বা কন্টিনেন্টাল খাবার—সবই আছে এখানে। আর তাই আমরা রেস্তোরাঁটির নাম দিয়েছি ফুড জংশন। তা ছাড়া আমরা ক্যাটারিং করি। নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের খাবার সরবরাহ হচ্ছে।’ দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে খাবারের স্বাদ নেওয়া যাবে নিজের চাহিদামতো। আর আপনার ফরমাশ পেয়ে তারপরই তৈরি হবে খাবার। রান্নাঘরটি স্বচ্ছ কাচে ঘেরা। চাইলে আপনি নিজেই দেখতে পারেন আপনার পছন্দের খাবারটি কীভাবে তৈরি হচ্ছে। রেস্তোরাঁর চেয়ারম্যান জেসমীন জাহান বলেন, ‘বড়দের পাশাপাশি বাচ্চারাও নিজের পছন্দের খাবারটি কীভাবে তৈরি হচ্ছে, তা দেখতে চায়। এতে করে খাবারের মান নিয়েও গ্রাহকেরা থাকেন নিশ্চিন্ত। প্রতিটি খাবারে আমরা নিজেস্বতা রাখার চেষ্টা করি স্বাদে ও মানে। সময়ের কথা মাথায় রেখেই পুরো রেস্তোরাঁয় আছে ওয়াই-ফাই সুবিধা। ফলে আপনি চাইলেই খাবারের পাশাপাশি ইন্টারনেটে নিজের জরুরি যোগাযোগটা সেরে নিতে পারবেন মুঠোফোন বা ল্যাপটপে।’ রেস্তোরাঁর অন্দরে একদিকে কাচের ওপরে নকশা করা দেশি-বিদেশি ঐতিহ্যবাহী ছবি, আরেক পাশে মনোলোভা খাবারের ছবি। কাঠের টেবিলের সঙ্গে বসার জন্য আছে সোফা। খাবারের ফরমাশ দিয়ে বসে যেতে পারেন আড্ডায়। সপ্তাহের সাত দিনই খোলা থাকে রেস্তোরাঁটি। খাবারের মান বা ব্যবহার নিয়ে কোনো অভিযোগ থাকলে লিখে যেতে পারেন কাস্টমার কমেন্টস কার্ডে।এখানে পাবেন চটপটি, দই, ফুসকা, বিভিন্ন পদের পাকোড়া, ফ্রায়েড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, নানা পদের স্যুপ, বারবিকিউ চিকেন, মাসালা দোসা, তন্দুরি চিকেন, পিৎজা, পাস্তা, চওমিন, স্টেক থেকে শুরু করে নানা ধরনের সেট মেন্যু। ১৩০ টাকা থেকে শুরু করে ২৩০ টাকায় সেট মেন্যুতে রয়েছে খাবারের নানা পদ। সব মিলিয়ে মোট ১৬২ প্রকারের খাবার রয়েছে তাদের। উত্তরার ৭ নম্বর ব্রিজসংলগ্ন ১৪ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের পাশেই রেস্তোরাঁটির অবস্থান। যেখানে একই ছাদের নিচে বসে উপভোগ করতে পারেন নানা স্বাদের এসব খাবার।