এক ডাকাতের দুই স্ত্রীসহ ১৪ জন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানা থেকে আড়াই শ গজ দূরে বোমা ফাটিয়ে দুটি জুয়েলার্স থেকে সোনা লুটের মামলায় এক ডাকাতের দুই স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। ঘটনার ১৬ মাস পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৈরি করা এই অভিযোগপত্র শিগগিরই আদালতে জমা দেওয়া হতে পারে। তবে লুট হওয়া ৫২ ভরি সোনার মধ্যে ৪৮ ভরি এখনো উদ্ধার হয়নি।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে আড়াই শ গজ পশ্চিমে গিনি ও অপরূপা জুয়েলার্সে বোমা ফাটিয়ে সাড়ে ৫২ ভরি সোনা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ সময় ডাকাতদের বোমার বিস্ফোরণে দোকান কর্মচারী ও ফুটপাতের হকারসহ পাঁচজন আহত হন। এই ঘটনায় গিনি জুয়েলার্সের মালিক রুপন কান্তি ধর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলাটির তদারক কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, বোমা ফাটিয়ে সোনার দোকান থেকে সোনা লুটের মামলায় ১৪ ডাকাতের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি আদালতে জমা দেওয়া হতে পারে। মামলাটি প্রথমে তদন্ত করেন কোতোয়ালি থানার সাবেক পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন। ঘটনার দিন রাতে নগরের পাহাড়তলী থেকে অস্ত্রসহ ইমতিয়াজ উদ্দিন নামের ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কামাল ও মনির নামের আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে ইমতিয়াজ আদালতে ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দেন।
গত বছরের ৪ মে মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রাম কার্যালয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন সিআইডি চট্টগ্রাম কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দেব। তিনি প্রথম আলোকে বলেন, দুটি জুয়েলার্স থেকে সোনা লুটের মামলায় স্বামী-স্ত্রীসহ ডাকাতের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। তাঁরা হলেন ইমতিয়াজ উদ্দিন, আবুল কালাম, মনির হোসেনসহ তাঁর দুই স্ত্রী খোরশিদা আক্তার ও জুলেখা বেগম, শাহজাহান আলী বেপারী, জাকির হোসেন, ফোরকান হাওলাদার, কামাল হোসেন, হাসান জোয়াদ্দার, মাসুদ আকন, মো. মানিক ওরফে কানা মানিক, সোহেল মৃধা ও ফয়সাল হোসেন। তাঁদের মধ্যে কারাগারে রয়েছেন ইমতিয়াজ উদ্দিন। জামিনে রয়েছেন মনির হোসেন, হাসান জোয়াদ্দার, মো. মানিক, সোহেল মৃধা ও ফয়সাল হোসেন। বাকিরা পলাতক। শিগগিরই তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
তদন্ত কর্মকর্তা অঞ্জন কুমার দেব বলেন, আসামি ১৪ ডাকাতের সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাগুরা, যশোর, ঢাকার রমনা ও মোহাম্মদপুর থানায় সোনার দোকানে ডাকাতির মামলা রয়েছে। মামলাগুলো এখনো বিচারাধীন। অভিযোগপত্রে দুই নারীকে অভিযুক্ত করা প্রসঙ্গে বলেন, এই দুই নারী ডাকাতদের অন্যতম সহযোগী।
তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনায় জড়িত পলাতক ডাকাতদের গ্রেপ্তার করা হলে লুট হওয়া ৪৮ ভরি সোনা উদ্ধার করা যাবে। তবে ঘটনার পর উদ্ধার করা হয় চার ভরি সোনা। তিনি আরও বলেন, চারজন করে আট ডাকাত সদস্য ঘটনার দিন দুটি সোনার দোকানে ঢোকেন ক্রেতা সেজে। চারজন ছিলেন বাইরে। দোকানে ঢুকেই শোকেসে থেকে ৫২ ভরি সোনা লুট করেন। এ সময় তাঁরা দোকানের সামনে বোমা ফাটিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান।
অভিযোগপত্রে ৩৫ জনকে সাক্ষী রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আবুল কালামের স্ত্রী হাসিনা বেগমকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
মামলার বাদী গিনি জুয়েলার্সের মালিক রুপন কান্তি ধর প্রথম আলোকে বলেন, ১৬ মাস পেরিয়ে গেলেও লুট হওয়া সোনা উদ্ধার করা যায়নি। পলাতক ডাকাতদেরও নাগাল পাচ্ছে না পুলিশ। এ কারণে প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকি।