এক-তৃতীয়াংশে নামতে পারে বিদ্যুৎ উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়া ও ক্রমবর্ধমান গ্যাসসংকটের কারণে আগামী ছয় মাস চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন এক-তৃতীয়াংশে নেমে যেতে পারে। বর্তমানে উৎপাদনক্ষমতা ৭৭০ মেগাওয়াট, চলতি অক্টোবর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত সময়ে তা ২৫০ মেগাওয়াট হতে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা। এতে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় লোডশেডিং বাড়বে, বোরোর উৎপাদনও ব্যাহত হতে পারে। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রকৌশলীরা আশা করছেন, উৎপাদনে ঘাটতি হলেও শীত মৌসুমে অন্তত তিন মাস তেমন দুর্ভোগ হবে না। তবে গরমের মৌসুম শুরু হলে বিদ্যুতের উৎপাদন বাড়বে কি না নিশ্চিত নন পিডিবির কর্মকর্তারা। তখন বাড়তে পারে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি। পিডিবির প্রধান প্রকৌশলী সুজিত চাকমা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘গ্যাসসংকটের কারণে চট্টগ্রামের তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে এখনই উৎপাদন কমে গেছে। সামনে হয়তো আরও কমবে। তবে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা পরিমাণমতো রয়েছে। আগামী এক মাস যদি কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র পুরোদমে চালু রাখা যায় তাহলে দুশ্চিন্তা অনেক কমে যাবে। কারণ এরপরেই শুরু হবে শীত মৌসুম। এপ্রিলের দিকে বৃষ্টি হলে হ্রদের পানির উচ্চতা বাড়বে, তাতে বাড়বে বিদ্যুৎ উৎপাদন।’ বোরো মৌসুমে বিদ্যুৎ চাহিদা সম্পর্কে তিনি বলেন, ‘শুনছি সরকার কৃষককে ভর্তুকি দিয়ে ডিজেল সরবরাহ করবে। তখন বিদ্যুৎ নিয়ে ভোগান্তি হবে না। কারণ ভর্তুকি দিয়ে ডিজেল আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করার চেয়ে কৃষককে ডিজেল সরবরাহ করার ভাবনা ইতিবাচক। জানা যায়, বোরো মৌসুমে ইউরিয়া সারের মজুদ নিশ্চিত করতে সরকার দেশের সারকারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এ সপ্তাহেই চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাবে। সিইউএফএলে প্রতিদিন গ্যাসের চাহিদা ৪৫-৪৮ মিলিয়ন ঘনফুট। এদিকে, টানা এক মাস সিইউএফএলে উৎপাদনের পর কর্ণফুলী সার কারখানায় (কাফকো) গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিইউএফএলে সরবরাহ করা গ্যাসই তখন রেশনিং করে কাফকোকে দেওয়া হবে। এখানে দিনে গ্যাসের চাহিদা ৫০-৫৫ মিলিয়ন ঘনফুট বলে জানা গেছে। ফলে গ্যাসের অভাবে শীত মৌসুমে কেবল একটি তাপবিদ্যুৎকেন্দ্রই সচল থাকবে। বিদ্যুৎকেন্দ্র বন্ধ রেখে সেই গ্যাস সরবরাহ করা হবে সার কারখানায়। পিডিবির কর্মকর্তারা জানান, গ্যাসের ঘাটতির বিষয় মাথায় রেখে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ওভারহোলিংয়ের (বড় ধরনের মেরামত ও সংস্কার) সিদ্ধান্ত নিয়েছে পিডিবি। রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে গ্যাসের চাহিদা প্রায় ৯৫ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রের চাহিদা ১৫ মিলিয়ন ও পিকিং পাওয়ার প্লান্টের চাহিদা ৩৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু আগামী বছরের এপ্রিলের আগে এসব কেন্দ্রে মাত্র ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। জানা গেছে, গ্যাস সরবরাহ কমে গেলে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ছাড়া চট্টগ্রামের গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্রই বন্ধ থাকবে। এতে এসব কেন্দ্র থেকে সর্বোচ্চ বিদ্যুৎ পাওয়া যাবে মাত্র ১৫০ মেগাওয়াট। অথচ চট্টগ্রামের গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা ৬৩০ মেগাওয়াট।একইভাবে কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন কমে যাবে বলে পিডিবির কর্মকর্তারা ধারণা করছেন। কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে বর্তমানে চারটি ইউনিট চালু রয়েছে। এখানে গড়ে ১৭৫-১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পিডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাসের ওপর বেশি নির্ভরতার কারণে আগামী দেড় বছরে চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির তেমন সম্ভাবনা নেই। এ এলাকায় ফার্নেস অয়েল দিয়ে একাধিক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র পরিচালনার যে উদ্যোগ সরকার নিয়েছে সেগুলোতে উৎপাদন শুরু হতে অন্তত আরও দেড় বছর সময় লাগতে পারে।