এক থেকে দুটি নিম্নচাপ এই মাসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। ফলে দু-তিনটি মাঝারি থেকে ভারী তাপপ্রবাহ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার এক সভায় দীর্ঘমেয়াদি এ পূর্বাভাস দেওয়া হয়। সভায় এপ্রিল মাসের আবহাওয়ার বিশ্লেষণও করা হয়। তাতে দেখা যায়, এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত সারা দেশে ৫১ শতাংশ কম হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। এ ছাড়া মে মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুই দিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হবে। এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। মে মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক-দুটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু-মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে জুন মাসে ঘন ঘোর বর্ষা নেমে আসবে বলে আশা করা হয়েছে। জুনের মাঝামাঝিতে মৌসুমি বায়ু সক্রিয় হবে বলে পূর্বাভসে জানা গেছে।