এক থেকে পাঁচ গুনে ঝাঁপ দিলাম
সেনাবাহিনীর হেলিকপ্টারটি আমাদের নিয়ে যখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাল তখন মাথার ওপর রোদের তাপ। কপ্টারের দরজায় পা দিতেই চোখে পড়ল রানওয়ের এক কোণে সেনাবাহিনীর ছত্রীসেনা (প্যারাট্রুপার) দলের অনুশীলন। জানা গেল, কিছুক্ষণের মধ্যে প্যারাট্রুপাররা বিমানে করে আকাশে উড়বেন, এরপর ঝাঁপ দেবেন মাটিতে। জনা চল্লিশেকের এ দলের সবাই পুরুষ, একজন ছাড়া। তাঁর নাম ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারী ছত্রীসেনা হিসেবে নাম লেখাতে চলেছেন তিনি। অনুশীলনের মাধ্যমে চলছে তাঁরই শেষ মুহূর্তের প্রস্তুতি।বাংলাদেশে নারী ছত্রীসেনা হিসেবে কাজের সুযোগ কতটা? নাকি এটি শুধুই আলংকারিক? জবাব দিলেন ছত্রীসেনা দলের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম সাইফুল ইসলাম। বললেন, বিশ্বের অন্য অনেক দেশের মেয়েরা দক্ষতার সঙ্গেই কাজটি করছেন। বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে?সিলেটের জালালাবাদ সেনানিবাসের কাছে পানিছড়া মাঠে রঙিন তাঁবু খাটানো হয়েছে। তাতে সবার বসার ব্যবস্থা। গ্রামবাসী আর সেনাসদস্য মিলে হাজারের মতো দর্শক। এ বছরের ১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার। ঘড়িতে তখন ১১টা ২০ মিনিট। বিমানবাহিনীর একটি বিমান বিকট শব্দে এগিয়ে আসতেই তাঁবুতে বসা সবার চোখ আকাশের দিকে। মাটি থেকে এক হাজার মিটার উঁচুতে বিমান। প্যারাস্যুট নিয়ে একে একে নামছেন ১০ জন। মিনিট চারেকের মধ্যেই সবাই নেমে এলেন মাটিতে। কিন্তু দর্শকদের দৃষ্টি শুধু জান্নাতুল ফেরদৌসের দিকে। তাঁর পা মাটি ছুঁতেই হাততালিতে ফেটে পড়লেন সবাই। ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের প্রথম নারী ছত্রীসেনা।সফল অবতরণের পর দাঁড়িয়ে ডান হাতের তর্জনী দিয়ে কপালের ঘাম মুছে জান্নাতুল বললেন, ‘এক থেকে পাঁচ গুনে ঝাঁপ দিয়েছিলাম। এ নিয়ে সাতবার হলো। মনে হচ্ছে আরেকবার ঝ দিই।’ছত্রীসেনা হিসেবে নিজেকে গড়ার স্বপ্ন কীভাবে তৈরি হলো? জান্নাতের জবাব, ‘আমার প্রশিক্ষকও আমার কাছে জানতে চেয়েছিলেন, তুমি কেন এ কাজে এসেছ? আমি তাঁকে বলেছিলাম, ‘যদি যুদ্ধের মাঠে আমার মতো মেয়েদের দরকার হয় তখন যাতে কাজে লাগতে পারি।’ ২০০৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৫৯তম ব্যাচের ক্যাডেট হিসেবে যোগ দেন ক্যাপ্টেন জান্নাত। এখন কাজ করছেন বিএমএর কম্পিউটার প্রশিক্ষক হিসেবে। তিন বোন দুই ভাইয়ের মধ্যে জান্নাত চতুর্থ। বাবা আমিনুল হক সরকার একসময় আশুগঞ্জে জিয়া সার কারখানায় চাকরি করতেন। মা নাসিমা সরকার গৃহিণী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে আদিবাস হলেও বেড়ে ওঠা জিয়া সার কারখানা কলোনিতেই। সেখান থেকেই ২০০৩ সালে এসএসসি ও ২০০৫ সালে এইচএসসি পাস করেন। ছত্রীসেনা দলের প্রশিক্ষণ শুরু হয়েছিল এ বছরের ১৩ জানুয়ারি। তবে জান্নাতুল প্রথম আকাশ থেকে ঝাঁপ দেন ৫ ফেব্রুয়ারি। পাঁচ সপ্তাহের প্রশিক্ষণের অংশ হিসেবে দিনে ও রাতে মোট সাতবার আকাশ থেকে নেমে আসতে হয়েছে তাঁকে।এত ঝুঁকিপূর্ণ কাজ, পরিবার কোনো বাধা দেয়নি? জান্নাত বললেন, ‘বাবা-মা বললেন কোনো মেয়েই তো যায়নি, তুমি কেন যাবে? আমি বললাম কাউকে না কাউকে তো একদিন যেতেই হবে। তবে তাঁরা খুব ভয় পেয়েছিলেন। প্রথম আকাশে উড়ার দিন মা তো রোজা রেখেছিলেন।’প্রথম আকাশে উড়তে আপনার ভয় করেনি? জান্নাত বললেন, ‘প্রথম জাম্প করার পর মনে হলো কোথায় যাচ্ছি। কিন্তু প্যারাস্যুট খুলতেই ভয় কেটে গেল। বন্ধুরা ফোন করে বলল, দুর্ধর্ষ কাজ করেছিস। শুনে খুব ভালো লাগল।’ ঝুঁকি মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা থাকে? জান্নাত বললেন, ‘আমাদের কাছে দুটি প্যারাস্যুট থাকে। একটি না খুললে আরেকটা খোলা যায়।’ জান্নাত জানালেন, এ কাজে তাঁকে কেউ আসতে বলেনি তিনি নিজেই এসেছেন। বললেন, ‘আমি স্বপ্ন দেখি সুখী বাংলাদেশের, আর আমার দেশের মেয়েদের এগিয়ে যাওয়ার।’নিজের জীবনসঙ্গী নিয়ে কী ভাবছেন, তাঁকেও কি আপনার মতো প্যারাস্যুট দিয়ে নিচে নেমে আসতে হবে? শুনেই হেসে ফেললেন জান্নাতুল, বললেন, ‘তাকে আমার চেয়েও দুঃসাহসী হতে হবে। তবে প্যারাস্যুট দিয়ে নামতে হবে এমন কথা নেই।’