কালুরঘাট ও নাসিরাবাদ শিল্প এলাকায় এক দশকে ছোট, মাঝারি ও বড় ২৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। এগুলোর অধিকাংশই ইস্পাত ও পোশাক কারখানা। প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়েছেন ৫০ হাজারের বেশি শ্রমিক। এর মধ্যে বেশির ভাগই নারী। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ওই দুটি শিল্পাঞ্চলের ২৫টি কারখানা বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অব্যবস্থাপনা, শিপমেন্ট অর্ডার ফেল, বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কারণে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।’ কালুরঘাট বিসিক শিল্পনগরীর কর্মকর্তা এ এম জসিম উদ্দিন বলেন, অব্যবস্থাপনা ও ঋণখেলাপির কারণে বিসিকের আওতাভুক্ত আটটি কারখানা বন্ধ হয়েছে। কালুরঘাট বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরী আটটি ছোট ও মাঝারি কারখানা বন্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কারণেও অনেক প্রতিষ্ঠান লোকসানের বোঝা সইতে না পেরে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।’সূত্রমতে, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ছোট ও মাঝারি কারখানা আছে ১৫৯টি, ভারী শিল্প এলাকায় আছে ৪০টি। কাজ করেন প্রায় এক লাখ শ্রমিক। ভারী শিল্প এলাকায় বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, এফআইভিসি, গাজিওয়ের, পারফিউম কেমিক্যাল, বার্জার পেইন্টসসহ অন্তত ১০টি বড় কারখানা রয়েছে।নাসিরাবাদ শিল্প এলাকায় দেড় শতাধিক কারখানা আছে। গত এক দশকে এই এলাকায় বন্ধ হয়ে গেছে ১৬টি কারখানা। এর মধ্যে বেশির ভাগ ইস্পাত ও পোশাক কারখানা। এ ছাড়া ভালিকা উলেন মিল ও বাংলাদেশ ক্যান ফ্যাক্টরি নামের দুটি সরকারি শিল্পপ্রতিষ্ঠানও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, কালুরঘাট বিসিক শিল্প এলাকার মোহাম্মদিয়া পোশাক কারখানা, এসপি লিমিটেড, দিলারা টেক্সটাইল, এলএনকি নিটওয়্যার, সাউদার্ন টেক্সটাইল, রশিদুজ্জামান প্যাকেজিং, এইচপিআরআই ফ্যাশন লিমিটেডসহ আরও দু-তিনটি কারখানা বন্ধ রয়েছে।এদিকে বায়েজিদ, শেরশাহ ও রুবি গেট এলাকা ঘুরে দেখা যায়, ফরিদপুর স্টিল, ডানকান মিনারেল ওয়াটার, ইঞ্জিনিয়ার নিটওয়্যার, কমপ্যাক্ট ওয়্যার গার্মেন্টস, কাশেম ক্যান ফ্যাক্টরি, বাংলাদেশ স্টিল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর অধিকাংশই এখন ব্যবহূত হচ্ছে গুদাম হিসেবে। বাংলাদেশ স্টিলটি এখন পরিণত হয়েছে বিএসআরএমের গুদামে। কারখানা বন্ধ হওয়ার কারণ জানালেন এসটি লিমিটেডের স্বত্বাধিকারী ব্যবসায়ী ইমতিয়াজ আলী। তিনি বলেন, ‘আমার কারখানায় দুই হাজার শ্রমিক কাজ করতেন। ২০০৯ সালে আমেরিকার একটি কোম্পানি থেকে দুই লাখ ডলারের পোশাক রপ্তানির অর্ডার পাই। অনেক চেষ্টা-তদবির করেও বিদ্যুৎ ও গ্যাস-সংকট মোকাবিলা করতে ব্যর্থ হই। একপর্যায়ে অর্ডারের সময় পেরিয়ে গেলে আমেরিকার ওই কোম্পানিটি আমাদের সঙ্গে চুক্তি বাতিল করে। লোকসানের ঘানি আর টানতে না পেরে একসময় (জুন, ২০১০) কারখানাটি বন্ধ করে দিই।’ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক এম সলিমুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎবিভ্রাট ও গ্যাস-সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। নাসিরাবাদ ও কালুরঘাট শিল্প এলাকায় বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কারণে বছরে লোকসানের পরিমাণ ১০০ কোটি টাকা।কালুরঘাট বিসিক শিল্পনগরী কর্মকর্তা এ এম জসীম উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু কারখানায় বিকল্প ব্যবস্থা থাকলেও অনেক ক্ষুদ্রশিল্পকে নির্ভর করতে হয় সরকারি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ওপর।’ আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিগত অর্থবছরে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৫৯৫ কোটি টাকা। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ-সুবিধা থাকলে বছরে আরও ৫০ কোটি টাকার পণ্য রপ্তানি সম্ভব হতো।’ গ্যাস, বিদ্যুৎ সংকট ছাড়াও এখানকার অনুন্নত যোগাযোগব্যবস্থার কথাও তুলে ধরেছেন ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা যায়, নাসিরাবাদ শিল্প এলাকায় এ ব্লক (বায়েজিদ) ও বি ব্লকের প্রধান চারটি সড়ক (বাংলাবাজার সড়ক, চা-বোর্ড সড়ক, রুবি গেট সড়ক ও টেক্সটাইল সড়ক) যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একইভাবে কালুরঘাট শিল্প এলাকার এফআইডিসি সড়কের একাংশে এখনো ইট বিছানো। বিসিক শিল্পনগরের তিনটি উপসড়কেরও (এ এবং সি ব্লক) করুণ দশা। এসব সড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে গেছে। তাতে পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটছে। বিসিক শিল্পনগরীর কর্মকর্তা এ এম জসিম উদ্দিন জানিয়েছেন, গত অর্থবছরে রাস্তার উন্নয়নে সিটি করপোরেশন থেকে চার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। সিটি করপোরেশন সূত্রমতে, নাসিরাবাদ শিল্প এলাকার রাস্তাঘাটের উন্নয়নেও একই সময়ে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কের উন্নয়নে বরাদ্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি।’