এক দিন স্বপ্নের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা করি নতুনের সন্ধান/ নতুন কিছু দেখব বলে/ নতুন কিছু দেখাব বলে।’ তারুণ্যের এই জয়গানকে গানের মাধ্যমে উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।২৭ অক্টোবর ২০১১। বিভাগের বরণ, অগ্রায়ণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই নবীন, বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে টিএসসির প্রাঙ্গণ।‘বড় সাংবাদিক হওয়ার ইচ্ছা নিয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি।’ বলছিলেন বিভাগের নবীন সদস্য প্রথম বর্ষের শিক্ষার্থী সাহস মুস্তাফিজ।বিদায়ী শিক্ষার্থী এ এস এম আতিক বলেন, ‘বিভাগ থেকে বিদায় নিলেও বিভাগের সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছিন্ন থাকবে বলে আশা করি। আমরা পেশাজীবনেও বিভাগের সুনাম অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’সারা দিনই ছিল উৎসবমুখর আমেজ। গল্প, আড্ডা, গান-নাচ এবং অভিনয়ের মূর্ছনায় হারিয়ে যান শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। শোভাযাত্রার পর প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়। প্রথম পর্বের অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী দিনা ও তানভীর। বরণ ও অগ্রায়ণের পর বিভাগের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ ও বিভাগীয় চেয়ারপারসন গীতি আরা নাসরীন।দ্বিতীয় পর্ব শুরু হয় মধ্যাহ্নভোজের পর। অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী শম্পা ও তারেকের উপস্থাপনায় শুরু হয় দ্বিতীয় পর্ব।সূচনাসংগীতের পরেই ছিল দলীয় সংগীত। দলীয় সংগীতে অংশ নেন শাখি, ফরচুন, সাহস, পিন্টু, দ্বিতীয়া, ত্রিবেণী। সাহস ও মনিরের একক সংগীত পরিবেশনায় সুরের মূর্ছনায় হারিয়ে যান দর্শকেরা। অতঃপর নাটকের মধ্য দিয়ে গণমাধ্যমের বিভিন্ন ত্রুটিকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন চতুর্থ সেমিস্টারের রাজু, সোহান, রিংকি, দ্বিতীয়া, জাকির, এনামুল, সজল, রাফাত। এখানেই শেষ নয়, বিকেল চারটায় শুরু হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘যাত্রা’। বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় যাত্রা মদনকুমার। যাত্রায় অভিনয় করেন সাব্বির, নিশি, যুথি, কারিশমা, শ্যামল, ফাল্গুনী ও ইমন।নৃত্য পরিবেশন করে বিভাগের শিক্ষার্থী জিতু, নিরা ও শাহিন।চমক যেন এখানেই শেষ নয়; এরপর পরিবেশিত হয় ‘বাংলা সিনেমা’। সিনেমায় অভিনয় করেন মনির, তানভীর, দিনা, আল আমিন, শাহিন, ইম্পা, তারেক, ফাহাদ ও সোয়েব। সবশেষে ডিজের নাচের তালে হারিয়ে যান শিক্ষার্থীরা। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে চারদিকে। সবাইকেই ঘরে ফিরতে হবে। ব্যস্ত দিনের কথা মনে করতেই সব আনন্দ ম্লান হয়ে যেতে চায়; তার পরও মনের মাঝে সেই সূচনাসংগীতটি নতুন প্রেরণা জাগায়। ‘আমাদের বুকে আছে দেশকে গড়ার অঙ্গীকারআমরা নির্ভীক, আমরা দুর্বারআমরা এমসিজে পরিবার।’