এক দিন স্বপ্নের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ মার্চ, ২০১৩। যেদিকেই চোখ যায়, যেন লাল শাড়িতে মোড়ানো একঝাঁক প্রজাপতি। কারণ, রোকেয়া হলের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মেয়েদের আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হলো ওই দিনে। রাঙা প্রজাপতির মতো তাঁরা মাতিয়ে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল চত্বর।রোকেয়া হলের মূল গেট দিয়ে ঢুকলেই প্রথম চোখে পড়ে বিশাল মাঠের এক কোনায় বেগম রোকেয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। এই ‘রোকেয়ার পাদদেশ’ হলের হাজারো মেয়ের সুখ-দুঃখের সাক্ষী। নীরবে চোখের পানি ফেলা থেকে শুরু করে বন্ধুদের নিয়ে আড্ডাবাজি—কী হয় না এখানে! আর উৎসবের ফটোসেশনের কথা আর না-ই বা বললাম।অনুষ্ঠানের শুরু হয় সকালবেলা। এই শিক্ষাবর্ষের দায়িত্বে নিয়োজিত হাউস টিউটর আতিকুন নাহার ও রওশন আক্তার বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।‘থাকি না থাকি একসাথে, বন্ধন রবে সময়ের সাথে’—এই বাণীকে উপজীব্য করে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় সারা ক্যাম্পাস মাতিয়ে রাখেন তাঁরা। ঢাকের তালে মেয়েরা ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে নেচে বেড়ান।শোভাযাত্রা শেষে শুরু হয় ঐতিহ্যবাহী রং খেলা। কারও মনেই রঙের ছোঁয়া লাগতে যেন বাকি ছিল না। তার পরই শুরু হয় মধ্যাহ্নভোজ। প্রিয় হলজুড়েই সবার রয়েছে নানা স্মৃতি। তাই হলের স্মৃতিকে অম্লান রাখতেই সবাই ছবি তুলেছেন ইচ্ছামতো। চারুকলা অনুষদের শিক্ষার্থী তারিনের যেন মনে পড়ে গেল হল-জীবনের প্রথম দিনের কথা, ‘স্বনামধন্য হল হিসেবে রোকেয়া হলের প্রতি একটা বিশেষ আকর্ষণ তো ছিলই, তবুও প্রথম যেদিন এ হলে আসি, সেদিন একটু ভয় ভয় করছিল। সেদিন কল্পনা করতে পারিনি, বন্ধুত্বের বাঁধন ছেঁড়ার কষ্ট আজ এতটা কাঁদাবে!’আবেগভরা কণ্ঠে ব্যবসায় অনুষদের শিক্ষার্থী শারমিন বলেন, ‘যেদিন বাড়ি ছেড়ে পড়ার উদ্দেশ্যে এই রোকেয়া হলে এসেছিলাম, মা বলেছিলেন, “এক মায়ের কোল থেকে আরেক মায়ের কোলে যাচ্ছ।” আজ এই হল ছেড়ে যাওয়ার মুহূর্তে মনে হচ্ছে, সবচেয়ে নিরাপদ আর আপন জায়গাটা ছেড়ে যাচ্ছি। সেই সঙ্গে হলের বন্ধুদের ছেড়ে যাওয়ার কষ্ট তো আছেই।’সন্ধ্যা হতে না-হতেই পুরো হল আলোকিত হয়ে ওঠে নিয়নবাতির আলোয়। আমাদের মধ্যে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহিনসহ আবাসিক অন্য শিক্ষকেরা। ‘অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য সত্যি আমাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে।’ বলেন পুষ্পিতা মণ্ডল। বিদায়ী মেয়েদের পক্ষ থেকে উপাচার্য ও প্রাধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। অতঃপর বিদায়ী শিক্ষার্থীদের হাতে একে একে ক্রেস্ট তুলে দেন উপাচার্য। মুহূর্তটা সত্যিই সবার জন্য স্মরণীয় ছিল। একদিকে আনন্দের বন্যা, অন্যদিকে বাঁধন ছেঁড়ার কষ্ট। সেই মুহূর্ত সবাইকে ভীষণ নাড়া দিয়েছিল।নৈশভোজের পর শুরু হলো ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মেয়েদের অংশগ্রহণে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যার জন্য অপেক্ষায় ছিল পুরো রোকেয়া হল। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রাবেয়া সুলতানা ও শারমিন ফারাহ্। একে একে মঞ্চে আসতে থাকেন অনুশীলা বিশ্বাস তিতলি, পুষ্পিতা মণ্ডল, নুসরাত শারমিন তানিয়া, মুস্তাকিনা তারিন, নাহিদ সুলতানা ও সাদিকা পারভীন। তাঁদের নাচ, ফ্যাশন শো, সিনেমা প্রভৃতিতে মেতে ওঠে রোকেয়া হল। রোকেয়া হলের ডায়নিং ও ক্যানটিন নিয়ে যে বিতর্ক হয়, তা মেয়েদের মধ্যে আলোড়ন তোলে। আরও ছিল একটি ভিন্নধর্মী উপস্থাপনা ছায়া নৃত্য। র‌্যাগ নিয়ে ছিল রসাত্মক সংবাদ। ছিল ফিউশন নাচের ব্যতিক্রমী উপস্থাপনা। রোকেয়া হলের ক্যানটিন-বয়দের গ্যাংনাম নাচে ব্যাপক সাড়া পড়ে যায়। রাত সাড়ে নয়টা—সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজও সত্য সুন্দর’ দলীয় নাচের মাধ্যমে। আর অনুষ্ঠান শেষ হয় ঘড়ির কাঁটা যখন ১২টা ছুঁইছুঁই।আয়োজকদের অন্যতম সদস্য পুন্নি বলেন, ‘এমন র‌্যাগ ডে নাকি পাঁচ বছরেও কেউ উদ্যাপন করতে পারেনি, এমন মন্তব্য সত্যিই ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মেয়েদের জন্য অত্যন্ত গৌরবের। এত অল্প সময়ে যে এত সফল একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি, সে জন্য আমরা অনেক বেশি আনন্দিত।’ পুন্নির সঙ্গে আরও যুক্ত করলেন তামান্না, ‘রোকেয়া হলের মেয়েরা প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত শিক্ষাসমাপনী অনুষ্ঠান হিসেবে র‌্যাগ ডে পালনের ঐতিহ্য ধরে রেখেছে। ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এ ঐতিহ্যের সাক্ষী হতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। পরবর্তী শিক্ষাবর্ষের মেয়েরা এ ঐতিহ্যের ধারা বজায় রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’