এক দিনে বেড়েছে চার পণ্যের দাম!
এক দিনেই পাম তেল, সয়াবিন, চিনি ও মরিচ—এই চারটি নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিপ্রতি তিন থেকে ছয় টাকা। এ হিসাব সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। গতকাল বুধবার সংস্থার খুচরা বাজারের প্রতিবেদনে দাম বাড়ার এ চিত্র তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম বন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে দাম বেড়েছে। অর্থাৎ সরবরাহসংকটের কারণে দাম বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ছে স্থানীয় বাজারে। এ দামে কেনা পণ্য এখনই দেশে না এলেও এর মাশুল দিচ্ছেন ভোক্তারা। কারণ, চট্টগ্রাম বন্দর দিয়ে ভোজ্যতেল এবং চিনি অপরিশোধিত আকারে আমদানি হয়। বিশ্ববাজার থেকে এসব পণ্য কেনার পর নানা ধাপ অতিক্রম করে ভোক্তার কাছে আসতেই অন্তত দুই থেকে তিন মাস সময় লেগে যায়।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এক দিনে টনপ্রতি ৪০-৫০ মার্কিন ডলার দাম বাড়ার প্রভাবে ভোজ্যতেলের দাম বেড়ে যায় স্থানীয় বাজারেও। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে গতকাল পাম তেল বিক্রি হয়েছে প্রতি মণ তিন হাজার ৭৫০ টাকা। সয়াবিন বিক্রি হয় প্রতি মণ চার হাজার ১০০ টাকা। অর্থাৎ পাইকারি বাজারেই পাম ও সয়াবিনের দাম কেজিপ্রতি যথাক্রমে ১০০ টাকা ৪৮ পয়সা ও ১০৯ টাকা ৮৬ পয়সা। টিসিবির গতকালের বাজার প্রতিবেদনে পাম তেল লিটারপ্রতি ৯৪ থেকে ৯৬ টাকা এবং সয়াবিন তেল ১০৩ থেকে ১০৬ টাকা দেখানো হয়েছে। কেজি হিসেবে দাম পড়ে পাম তেল সর্বোচ্চ ১০৫ টাকা ৬০ পয়সা ও সয়াবিন সর্বোচ্চ ১১৬ টাকা ৬০ পয়সা। এ হিসাবে এক দিনের ব্যবধানে দাম বেড়েছে চার থেকে ছয় টাকা।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে এ সপ্তাহে পাঁচটি জাহাজে ৪১ হাজার ৭৫৪ টন ভোজ্যতেল আমদানি হয়েছে। এর মধ্যে ১০ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। ২০১০ সালে বন্দর দিয়ে পরিশোধিত ও অপরিশোধিত আকারে মোট ভোজ্যতেল আমদানি হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ৮১১ টন। আগের বছর ২০০৯ সালে আমদানি হয় ১৩ লাখ ৬১ হাজার ২২৬ টন। অর্থাৎ এক বছরে ভোজ্যতেল আমদানি বেড়েছে প্রায় ৫৫ হাজার টন।ভোজ্যতেলের মতো পাইকারি বাজারেও এখন অস্থির চিনির দাম। গতকাল বুধবার খাতুনগঞ্জে প্রতিমণ চিনি বিক্রি হয় দুই হাজার ১০০ টাকা। কেজিপ্রতি দাম পড়ে ৫৬ টাকা ২৭ পয়সা। খুচরা বিক্রি হয় ৫৮ থেকে ৬০ টাকা। চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ সালে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১৫ লাখ ২০ হাজার ৫৮৭ টন। আগের বছর ২০০৯ সালে আমদানি হয় ১৪ লাখ ৪৪ হাজার ২০৩ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে প্রায় ৭৬ হাজার টন।খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী সাহেদ উল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ভোগ্যপণ্যের মজুদ এবং আমদানি হচ্ছে কি-না সেজন্য সরকারের নজর দেওয়া উচিত। কারণ আন্তর্জাতিক বাজারে দাম চড়া থাকায় সরবরাহে যাতে ঘাটতি না থাকে সেজন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার। এই তিনটি পণ্য ছাড়াও পাইকারি ও খুচরা বাজারে শুকনা মরিচের দাম বেড়েছে। টিসিবির হিসেবে প্রতিকেজি শুকনা মরিচের দাম ১৪০-১৭০ টাকা থেকে বেড়ে ১৭০-১৯০ টাকা হয়েছে খুচরা বাজারে।চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারের ব্যবসায়ী মোজাহের আলম প্রথম আলোকে বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরায়ও এই চারটি পণ্যের দাম বেড়েছে।