এক দুর্ভাগিনীর গল্প
আসিফ ইকবাল (ছদ্মনাম) একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অসচ্ছল পরিবারে জন্ম হলেও মেধায় ঘাটতি ছিল না। তাই মেধার জোরে বিয়ে করেন চট্টগ্রামের অভিজাত পরিবারের সন্তান আফসানা ইসরাতকে (ছদ্মনাম)। পরে শ্বশুরবাড়ি থেকে আসিফকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আসিফ বৃত্তি নিয়ে পিএইচডি করতে অস্ট্রেলিয়া চলে যান। যাওয়ার আগে তাঁদের ঘরে জন্ম হয় দুটি কন্যাসন্তানের।অস্ট্রেলিয়ায় গিয়ে আসিফ স্ত্রী ও দুই কন্যাসন্তানের কথা ভুলে যেতে থাকেন। ফলে স্ত্রীর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। হাঁটি-হাঁটি পা-পা করে তাঁদের দুই মেয়ে বড় হয়ে ওঠে। এর মধ্যে মেয়ের বয়সী আরেক তরুণীকে বিয়ে করেন আসিফ। এদিকে স্ত্রী আফসানার বয়সও বাড়তে থাকে। তিনি এখন মধ্যবয়সী এক নারী। দুই কন্যাসন্তানসহ তাঁর খোঁজখবর নিচ্ছিলেন না আসিফ। তাই আফসানা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদসংক্রান্ত আফসানার চিঠি এবং চট্টগ্রাম মহানগর হাকিম ও সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। আফসানা চিঠিতে বলেন, ‘আমি (আফসানা ইসরাত) স্বেচ্ছায় এবং সম্পূর্ণ বিনা প্ররোচনায় প্রভাবমুক্ত থেকে আসিফ ইকবালকে (ছদ্মনাম) তালাক দিচ্ছি। ১৯৮৪ সালে তাঁর সঙ্গে আমার সামাজিক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর আমাদের ঘরে দুটি কন্যাসন্তানের জন্ম হয়। ১৯৯৬ সাল থেকে আসিফ আমার ও আমার দুই মেয়ের খোঁজখবর রাখছেন না এবং আর্থিক কোনো ভরণপোষণও দিচ্ছেন না। স্বামী হিসেবে পাওয়ার পর আসিফকে অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে আমার মা-বাবা আর্থিক ও সামগ্রিকভাবে সাহায্য করেছিলেন। কথা ছিল তিনি (আসিফ) অস্ট্রেলিয়ায় গিয়ে পিএইচডি ডিগ্রি শেষ করার আগে দুই মেয়েসহ আমাকে নিয়ে যাবেন। তিনি প্রতিশ্রুতি রাখেননি। বরং সায়মা আফরিন (ছদ্মনাম) নামে আমাদের মেয়ের বয়সী অন্য এক তরুণীকে বিয়ে করেন। তাঁকে (সায়মা) অস্ট্রেলিয়ায় নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন। এ ক্ষেত্রে আসিফ আমাদের ভুলে গিয়ে দুই সন্তানকে দূরে ঠেলে দিয়ে বিশ্বাসঘাতকতার পরিচয় দেন।আমি নিশ্চিত হই যে আমার অনুমতি না নিয়ে, প্রচলিত আইনের তোয়াক্কা না করে, আমাদের মেয়ের বয়সের ওই তরুণীকে বিয়ে করেন আসিফ। অত্যন্ত গোপনে তাঁদের এই বিয়ে হয়। এ ব্যাপারে জানতে চাইলে আসিফ মিথ্যার আশ্রয় নেন এবং দ্বিতীয় বিয়ে করেননি বলে দাবি করেন। তাঁর কথায় সন্দেহ হওয়ায় আসিফের কর্মস্থলে গিয়ে বিষয়টি অনুসন্ধান করতে যাই। তাতে আসিফ আমাকে অপমান করে বের করে দেন। এ অবস্থায় আমাদের দাম্পত্য অতীত ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। অবশেষে আমি আমার স্বজনদের সঙ্গে পরামর্শ করে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। ব্যক্তিগত জীবনে আসিফের সঙ্গে আমি দাম্পত্য সম্পর্ক ছিন্ন করব। তাই আসিফকে বিচ্ছেদের চিঠি পাঠাই।’ এ প্রসঙ্গে আদেশে বলা হয়, বর্ণিত ঘটনা অত্যন্ত দুঃখের ও কষ্টদায়ক। যদিও এ ব্যাপারে দ্বিতীয়পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বর্ণিত ঘটনা সত্য-মিথ্যা যাই হোক না কেন এরূপ ঘটনা বিরল নয়। অনেক নিম্নবিত্তের মানুষ আকস্মিক সচ্ছলতা পেলে অনেকের অবদান ভুলে যায়। অনেক সময় উপকারীর অপকারও করেন। যাই হোক, সালিসি পরিষদ এ ব্যাপারে বিশেষ কোনো সিদ্ধান্ত দিতে চায় না। তবে প্রথমপক্ষের বর্ণনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সাধারণ মেয়ে’ কবিতার কথা মনে করিয়ে দেয়। এতে বলা হয়, ‘পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎ বাবু,/ নিতান্ত সাধারণ মেয়ের গল্প-/ সে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয়/ অন্তত পাঁচ-সাতজন অসামান্যার সঙ্গে...।’ নথি পর্যালোচনায় মনে হয়েছে, বিধিবদ্ধ সময় অর্থাৎ ৯০ দিন পার হয়েছে। তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।