এক নক্ষত্রের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের তাকটা ঝাড়তে ঝাড়তে হঠাৎ জিনিসটা চোখে পড়ল। এই পুরোনো ফোনবুকটা কত হন্যে হয়ে খুঁজেছি। এই মোবাইলের যুগে কে আর ফোনবুক সংগ্রহে রাখে।এটা সে সময়কার, যখন মোবাইলফোনের চল খুব একটা হয়নি। ধুলোবালি, ময়লা ঝেড়ে পাতাগুলো ওল্টালাম। ভার্সিটির বন্ধুবান্ধব, শিক্ষকদের ফোন নম্বর ও ঠিকানা লেখা। অনেক পাতায় এলোমেলো আঁকাঝোকা। ফোনবুকটা বন্ধ করতে যাব, ঠিক সেই মুহূর্তে পেছনের পাতায় একটি নামের দিকে চোখ আটকে গেল, যেন অনেক নামের ভিড়ে নামটি স্বমহিমায় জ্বলজ্বল করছে ধ্রুবতারার মতো—আমার ডিপার্টমেন্টের প্রিয় আফসার স্যার। স্যারের নামের পাশে বাসার ঠিকানা আর ল্যান্ডফোনের নম্বর লেখা। ফোনবুকটা হারানোর পর থেকে স্যারের ফোন নম্বরটা কত খুঁজেছি। কী অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন স্যার! আমায় কী ভীষণ স্নেহ করতেন। একজন মানুষের ভেতর সৌন্দর্যবোধ, শিল্পের প্রতি শ্রদ্ধা, সাহিত্যপিপাসু মন—সবকিছুর সমন্বয় কম ক্ষেত্রেই দেখা যায়, স্যার ছিলেন সে রকম বিরল ব্যক্তিত্বের অধিকারী। এমন হয়েও অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন তিনি। ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুর মতো।ডিপার্টমেন্ট থেকে পাস করে বেরিয়ে আসার পর স্বাভাবিক নিয়মে ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ কমে যায়। এমনকি প্রিয় স্যারের সঙ্গেও। বিশেষ করে স্যারের বাসার ফোন নম্বর হারানোর পর থেকে আর যোগাযোগ ছিল না। যেদিন ফোনবুকে স্যারের বাসার নম্বরটা পেলাম, ভাবলাম, এত বছর পর স্যারের বাসায় ফোন করব, নম্বর ঠিক আছে তো? কিন্তু আমার যে একবার ফোন করে দেখতেই হবে তিনি কেমন আছেন। এসব কথা মনে মনে বিরবির করছি আর নম্বর টিপছি সেলফোনে। প্রথম দু-একবার রিং হলে কেউ ধরল না। আবার চেষ্টা করলাম। একটা ভারী পুরুষকণ্ঠ ওই প্রান্ত থেকে বললেন, ‘কাকে চাই?’ এটা আফসার স্যারের বাসা? স্যারকে একটু দেওয়া যাবে?‘কে বলছেন?’আমি ওনার একসময়কার ছাত্রী।‘না, বাবাকে দেওয়া যাবে না।’কেন, বাসায় নেই? ঠিক আছে, আমি পরে ফোন করব।ফোনটা রাখতে যাব, ঠিক তখন শোনা গেল, ‘শুনুন, পরে ফোন করেও লাভ নেই, ছয় মাস ধরে বাবা প্যারালাইসিস হয়ে বিছানায়, কথা বলেন না, কাউকে চেনেন না। রাখছি।’ফোনটা কেটে গেল, নাকি আমি কেটে দিলাম, মনে নেই। শুধু মনে পড়ে, সব অনুভূতিগুলো কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। এ কী শুনলাম। এর থেকে মৃত্যুসংবাদ শুনলেও এতটা কষ্ট পেতাম না। একজন চিরনবীন, চিরচঞ্চল ও প্রাণবন্ত মানুষ বিছানায় জড় পদার্থের মতো নির্বাক পড়ে রয়েছেন, মানুষের কৃপার বস্তু হয়েছেন, এ চরম সত্যটা কীভাবে সহ্য করব? নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল, কেন ডিপার্টমেন্টে গিয়ে স্যারের সঙ্গে এক দিনও দেখা করিনি? স্যার, আপনি কি আমায় ক্ষমা করেছেন তো?মিতা মেহজাবিনমোহাম্মদপুর, ঢাকা।