এক নজরে বায়ান্ন ও একাত্তর
বায়ান্ন ও একাত্তরের প্রতিটি ঘটনাই আমাদের অনুপ্রাণিত করে। স্বাধীনতার পর থেকে প্রচুর বইয়ে পাতার পর পাতায় তুলে ধরা হয়েছে বিভিন্ন ঘটনা। নতুন প্রজন্মের কাছে এ ঘটনাগুলোই আরও সহজভাবে তুলে ধরার জন্য নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। একটি পোস্টারে উঠে এসেছে স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস। আরেকটি পোস্টারে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস। দুই বছর চেষ্টার পর চলতি মাসেই এ দুটি পোস্টার বাজারে এসেছে। পোস্টার দুটি তৈরি করেছেন ফেরদৌস আরেফিন। ‘বাইরের দেশের লোকেরা স্বাধীনতার নয়টি মাসের ইতিহাস খুব কম জানে। পাকিস্তানেও মুক্তিযুদ্ধের ব্যাখ্যাটা একটু অন্য রকম, যা সত্য, প্রকৃতভাবে হয়েছে তা অনেক দেশ আজও জানে না। কিন্তু বিশ্বের ১৯২টি দেশে বর্তমানে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে জানানোর উদ্দেশ্যেই আমার এ উদ্যোগ নেওয়া।’ বলেন ফেরদৌস আরেফিন।‘এক নজরে একুশ’ এবং ‘এক নজরে ৭১’ প্রকাশ করেছে ক্লাসিক প্রোডাক্টস। এক নজরে একুশ প্রকাশনাটিতে ১৯৪৭—২০০০ সাল পর্যন্ত বাংলা ভাষাভিত্তিক ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। সংক্ষিপ্ত বিবরণীর মাধ্যমে লেখা হয়েছে ভাষা আন্দোলনের সূত্রপাত, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাংলা ভাষার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের ঘটনা প্রভৃতি। এক নজরে ৭১ প্রকাশনাটিতে ১৯৭১ সালের জানুয়ারি-ডিসেম্বর মাস পর্যন্ত পুরো বছরের ঘটনা তুলে ধরা হয়েছে। কিছুদিনের মধ্যেই বের হবে এ দুটি পোস্টারের ইংরেজি সংস্করণ।