
শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে বেড়াতে যায় রবীন্দ্রপ্রেমী অথই ও তার বন্ধু নেহাল। কুঠিবাড়ি দেখতে দেখতে একসময় একাই দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় অথই। একটি কক্ষে প্রবেশ করে হঠাৎ সে দেখতে পায়, সামনে যে দাঁড়িয়ে, সে আর কেউ নয়—স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
অথইয়ের সঙ্গে আলাপ জমে ওঠে ২৯ বছরের রবীন্দ্রনাথের। সে জানতে চায় রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য বিষয়ে। কুঠিবাড়িতে এ যুগের তরুণী যেন ধীরে ধীরে রবীন্দ্রনাথের জীবনের ভেতরে প্রবেশ করতে থাকে। সংক্ষিপ্ত এই সফরে তার সামনে খানিক পরপর হাজির হন ৩০ থেকে ৮০ বছর বয়সের রবীন্দ্রনাথ। রহস্য-রোমাঞ্চ গল্পের আবহ ছড়িয়ে–ছিটিয়ে চারদিকে। বুঝিবা মঞ্চস্থ হচ্ছে রবীন্দ্রনাথেরই ‘ক্ষুধিত পাষাণ’ গল্প। আদতে তা নয়। রবীন্দ্র–প্রতিভাকে নানা তল থেকে দেখার ও দেখানোর চেষ্টা এটা। এমন অভিনব প্রয়াস দেখা গেল আমি ও রবীন্দ্রনাথ নাটকে। ১১ মার্চ অরিন্দমের নাট্যোৎসবের চতুর্থ দিনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের ঢাকার প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চস্থ করে এই নাটক। রচনা আর নির্দেশনায় ছিলেন নূনা আফরোজ।
মঞ্চে চার বয়সের রবীন্দ্রনাথ দর্শকদের সামনে হাজির হয়েছেন। নাটকের চরিত্র অথই এখানে যেন ওয়াইজা বোর্ডে বসে দর্শকের হয়ে ডেকে আনছেন রবীন্দ্রনাথকে। আর প্রশ্ন করছেন তাঁর গান, কবিতা, নাটক, জীবন নিয়ে। অথৈ যা জানতে চায় দর্শকের কৌতূহলও সেখানেই। এটা স্পষ্ট হয় যখন অথই জানতে চায়, কাদম্বরী দেবীর সঙ্গে আসলে কী ধরনের সম্পর্ক ছিল তাঁর? কেন জীবনের বিভিন্ন সময়ে ঘুরে–ফিরে তাঁর কথাই লিখে গেছেন গানে, গল্পে, কবিতায়? কেনই বা ছবি এঁকে গেছেন ক্যানভাসে?
রবীন্দ্রনাথের জীবনের টুকরো টুকরো গল্পের মাধ্যমে এগিয়ে চলে কাহিনি। বিসর্জন উপন্যাসের অপর্ণা, বাস্তবের মৈত্রীয় দেবী বা কাদম্বরী দেবী এসে দাঁড়ায় রবীন্দ্রনাথের মুখোমুখি। আর এসব চরিত্রের সংস্পর্শে এসে আবেগতাড়িত রবীন্দ্রনাথ যেন অদেখা এক চেহারা নিয়ে হাজির হন দর্শকের সামনে।
নাটকে অথই ও রবীন্দ্রনাথের ভিন্ন ভিন্ন নারী চরিত্রে অভিনয় করেছেন নূনা আফরোজ। রবীন্দ্রনাথের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সরোয়ার সৈকত, তৌহিদ বিপ্লব, অনন্ত হিরা, রামিজ মিয়া ও আউয়াল রেজা।
নাটকের নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘দুই বছর ধরে ভাবছিলাম দলের জন্য নতুন নাটক করব। তখনই ঠিক করলাম রবীন্দ্রনাথের জীবন ও শিল্প-সাহিত্যের সঙ্গে মিশে আছে এমন ঘটনা নিয়ে চারটি ভিন্ন বয়সের রবীন্দ্রনাথকে সময়োপযোগী করেই উপস্থাপন করব দর্শকদের সামনে। সে চিন্তা থেকেই নির্মাণ করি নাটক আমি ও রবীন্দ্রনাথ।’