এক ন্যানোবিজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা আরেফিন l ছবি: সংগৃহিত
আয়েশা আরেফিন l ছবি: সংগৃহিত

‘ন্যানো সায়েন্টিস্ট আয়েশা আরেফিন হ্যাজ হার্ট’—২০১৩ সালের ২৭ আগস্ট প্রকাশিত একটি নিবন্ধের শিরোনাম এটি। যুক্তরাষ্ট্রের লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির ওয়েবসাইটে বেরিয়েছিল নিবন্ধটি। আয়েশা আরেফিন, যিনি টুম্পা নামেও পরিচিত কাছের মানুষদের কাছে; তাঁর যে শুধু হৃদয় আছে তা নয়। আয়েশার আছে মস্ত বড় হৃদয় আর তুখোড় মস্তিষ্ক। এই দুই মিলিয়ে আয়েশা আক্ষরিক অর্থেই গোটা দুনিয়ার মানুষদের ‘হৃদয়বান’ করে তুলছেন।
খোলাসাই করি। উন্নত বিশ্বের বিজ্ঞানীরা মানুষের আয়ু বাড়াতে, রোগ জয় করতে গবেষণা করে যান। আমরা চমকে উঠি, আনন্দিত হই। তবে খুব িক একাত্মবোধ করি? ওসব গবেষণায় আমাদের মতো দেশের বিজ্ঞানীদের অংশগ্রহণ থাকে না বললেই চলে। শুরুতে যে নিবন্ধের কথা বলা হলো তাতেও লেখা আছে, নারী বিজ্ঞানীর সংখ্যার হারে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে দ্বিতীয়। তাই তো মানুষের কৃত্রিম ফুসফুস তৈরির গবেষক দলে যখন আয়েশা আরেফিনের নাম দেখা যায়, তখন আমাদের বিস্মিত হতে হয়।
লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরিতে এখন ‘স্নাতক গবেষণা সহকারী’ হিসেবে কাজ করছেন আয়েশা। ই-মেইল যোগাযোগে জানালেন ২০১৩ সালে ড. রাশি আয়ার দলের সদস্য হিসেবে ‘অ্যাথেনা’ নামের প্রকল্পে যোগ দেন তিনি। ‘মানুষের শারীরিক অবস্থায় উপযোগী কৃত্রিম হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক (কিডনি), যকৃৎ বানানো ছিল প্রকল্পের কাজ।’ পাশাপাশি ওষুধের মাত্রা নির্ণয়ে এগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, সেটাও এই গবেষণার বিষয়।
আয়েশা যোগ করেন, ‘আমরা এরই মধ্যে সফলভাবে কৃত্রিম হৃৎপিণ্ড ও যকৃৎ নির্মাণ করেছি। কৃত্রিম ফুসফুস তৈরির কাজ চলতি বছরই শেষ হবে। আগামী বছরটা কৃত্রিম বৃক্ক তৈরি করার।’ অ্যাথেনা প্রকল্পের নেতৃত্বে আছেন বিজ্ঞানী রাশি আয়ার। এ দলের বাকি ছয় সদস্যের একজন আয়েশা আরেফিন। প্রকল্পে আয়েশা ফুসফুসের গুরুত্বপূর্ণ অংশ অ্যালভিওলি (ক্ষুদ্র রন্ধ্রগুচ্ছ) তৈরি করেছেন ন্যানো উপাদান দিয়ে। আরও কিছু গবেষণায় যুক্ত আছেন তিনি। বললেন, ‘ক্যানসার কোষ মেরে ফেলে এমন গোল্ড ন্যানো পার্টিকল তৈরি করছি আমরা। এর গেবষণাপত্র প্রকাশ হওয়ার পথে।’ 
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে জিন প্রকৌশলে স্নাতক হয়ে আয়েশা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। একই প্রতিষ্ঠানে আয়েশা বর্তমানে পিএইচডি করছেন ন্যানো সায়েন্স ও মাইক্রো সায়েন্স বিষয়ে। পিএইচডি অভিসন্দর্ভের বিষয় হচ্ছে ওষুধ পরীক্ষার জন্য কৃত্রিম অ্যালভিওলি নির্মাণ।
ন্যানো মানে হচ্ছে ১০০ কোটি ভাগের এক ভাগ। অতি ক্ষুদ্র পরিমাপ এটি। আয়েশা বললেন, ‘বিজ্ঞানের নতুন প্রজন্ম এই ন্যানোবিজ্ঞান ঘিরেই। যাকে আমি বলি “কাটিং এজ”। শরীরে ওষুধ সরবরাহ, টিউমারের ছবি তোলা বা শনাক্ত করা, রোগ নির্ণয়ের কাজে ন্যানো প্রযুক্তি ব্যবহার করছেন বিজ্ঞানীরা।’ প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আয়েশা দেখতে পান ন্যানো প্রযুক্তির বিস্ময়কর সাফল্য, যা তাঁকে ন্যানোবিজ্ঞানী হিসেবে অনুপ্রাণিত করে।
চট্টগ্রামের মেয়ে আয়েশার জন্ম ১৯৮৮ সালের ২৪ আগস্ট, হালিশহরে। অবসরপ্রাপ্ত চাকুরে বেলায়েত হোসেন ও গৃহিণী রোকেয়া বেগমের তিন ছেলে দুই মেয়ের একজন আয়েশা বেড়ে উঠেছেন চট্টগ্রামেই। প্রিয় বা আদর্শ মানুষের তালিকার শুরুতে রেখেছেন মায়ের নাম। ‘আমার দেখা সবচেয়ে নির্ভীক নারী।’ আয়েশার প্রিয় মানুষদের মধ্যে আছেন—বেগম রোকেয়া, আলবার্ট আইনস্টাইন ও মুহম্মদ জাফর ইকবাল।
ন্যানো প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজের সুযোগ কতটুকু। আয়েশার জবাব, ‘এ রকম গবেষণা আমাদের দেশে একটু ব্যয়বহুল তবে অসম্ভব নয়। অনেক প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানই আছে, যেগুলোয় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব। আমাদের দরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা। ধরুন, একজন জীববিজ্ঞানী যদি একজন কম্পিউটার প্রকৌশলীর সঙ্গে মিলে কাজ করেন, তবে তিনি সেই পরীক্ষার বাস্তব একটা ধরন (সিমুলেশন) কম্পিউটারে তৈরি করতে পারবেন। কোনো গবেষণার সবচেয়ে বড় অংশ হলো যোগাযোগ ও সহযোগিতা।’
আয়েশা পছন্দ করেন পাহাড়-পর্বত বাইতে, দৌড়াতে, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে আর বই পড়তে। আয়েশা আরেফিনের গবেষণা অবদান রাখবে রোগ জয়ে, সময়মতো রোগ নির্ণয়ে। ‘এগুলো আমাকে স্বর্গে নিয়ে যাবে, এমনটা ভেবে ভালো কাজ করি না। আমি একজন দায়িত্বশীল মানুষ হিসেবেই কাজগুলো করতে চাই। পুরো জীবন কাটাতে চাই সৎ, পরিশ্রমী গবেষক হিসেবে।’
আয়েশা মনে করেন তাঁর যাত্রা সবে শুরু। আরও বেশি বেশি মানুষ তাঁর গবেষণার উপকার পাক এটাই তাঁর চাওয়া।