এক পাতে ক্রেতা-বিক্রেতা
প্রথমে লেবুর শরবত, এরপর খেজুর। একে একে আসতে থাকল ফালি করে কাটা ফজলি আম, মাল্টা, ছোলা, পেঁয়াজু, চপ, জিলাপি, বেগুনি, কচুরি আর মুড়ি। আরেকটা প্লেটে পরিবেশন করা হলো পুদিনা পাতা দিয়ে মাখানো গোল করে কাটা শসা। দোকানের ছয়জন বিক্রয়কর্মী ও মালিক একসঙ্গে গোল হয়ে বসেছেন ইফতার করতে। আজান দিতেই কয়েকজন এক সঙ্গে বলে উঠলেন, সেকি শরবত নিন, শুরু করুন।ইফতারের মিনিট দশেক আগে রিয়াজউদ্দিন বাজারের আল আকসা শাড়িজ নামের দোকানে ঢুকতেই বিক্রয়-কর্মীদের অনুরোধে বসে পড়তে হলো। তাঁরা জানালেন, এখানকার এটাই রেওয়াজ। এ সময় কোনো ক্রেতা এলে ইফতারে যোগ দিতে অনুরোধ করা হয়। এখানকার সব দোকানেই ক্রেতা-বিক্রেতারা একসঙ্গে ইফতার করেন।বিশাল রিয়াজউদ্দিন বাজারের বেচাকেনার কোলাহলের মধ্যে ইফতারের আয়োজন শুরু হয় বিকেল থেকেই। বাজারের ভেতর প্রায় প্রত্যেক গলিতেই গড়ে উঠেছে ইফতার সামগ্রী বিক্রির অস্থায়ী দোকান। ফল, শসা, পুদিনা ও ধনেপাতা, ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, হালিম, ফিরনিসহ নানা পদ বিক্রি হয় এসব দোকানে। এখানকার বিক্রেতারা জানান, দোকানে দোকানে পার্সেলে ইফতারি পৌঁছে দেন তাঁরা। আবার কেউ কেউ কর্মচারী পাঠিয়ে কিনেও নেন। ইফতার সামগ্রী কিনতে কার্পণ্য নেই এখানকার ব্যবসায়ীদের। প্রত্যেক দোকানেই ফল, শরবতসহ ছয়-সাত পদ থাকবেই।গত রোববারের কথা, সন্ধ্যা ছয়টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আমতলী এলাকার বাহার লেইনে গিয়ে দেখা যায় তখনো প্রতি দোকানেই দু-একজন ক্রেতা কেনাকাটায় ব্যস্ত। গলির প্রান্তে ইফতার বিক্রেতা বড় অ্যালুমিনিয়ামের পাতিলের ঢাকনা দিয়ে শব্দ করে ক্রেতা ডাকছেন। ‘আর মাত্র আধা ঘণ্টা। নিয়া যান পছন্দের ইফতার। স্টক সীমিত।’দোকানগুলোতে কেনা-বেচার পাশাপাশি ইফতারের আয়োজনও চলছিল। কেউ লেবু চিপে শরবত বানাচ্ছেন, কেউ বা গামলায় ছোলা-মুড়ি মাখছেন। পুদিনা পাতা আর লেবুর গন্ধে ম ম করছে আশপাশ। এখানকার ইফতার আয়োজনের বিশেষ বৈশিষ্ট্য হলো ফলের উপস্থিতি। প্রায় প্রতি দোকানেই কলা, আম, পেয়ারা, মাল্টা, জাম্বুরাসহ নানা ফল দেখা গেল।আল আকসার স্বত্বাধিকারী চট্টগ্রামের বোয়ালখালী নিবাসী মো. গিয়াস জানালেন, গত ১৮ বছর ধরে এই বিপণিকেন্দ্রে ব্যবসা করছেন। নিজে দোকান দিয়েছেন ১৫ বছর আগে। এখানে আসার পর থেকেই দেখেছেন, দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতারা একসঙ্গে একপাতে ইফতার করেন। তাঁর দোকানেও প্রায় প্রতিদিন দুই-চারজন বাড়তি লোক ইফতার করেন। আয়োজনটাও সে ভাবেই সাজানো হয়।তিনি বলেন, ‘কখনো এমনও হয়, কাস্টমাররা দরদাম করতে করতে ইফতারের কথা ভুলে যান। তখন আমরাই তাঁদের আপ্যায়ন করি। অনেক সময় দেখা যায় কেনাকাটা অর্ধেক শেষ করেছেন কেউ কেউ, তখন আজান দিয়ে দিল। আমরা তাঁদেরও দোকানে বসে ইফতার করার অনুরোধ করি। ইফতারের পর আবার শুরু হয় দরদাম, কেনাকাটা।’বহুজাতিক সংস্থায় কর্মরত নগরের হালিশহর এলাকার বাসিন্দা শফিউল ইসলাম কেনাকাটা করতে এসেছিলেন রিয়াজউদ্দিন বাজারে। পাশের একটি দোকানে ইফতার করেছেন তিনিও। বললেন, ‘প্রায় প্রতিবছর রোজার সময় একদিন না একদিন কেনাকাটা করার সময় আমাকে এখানে ইফতার করতে হয়। এরা সবাই খুব আন্তরিক। মনে হয় বাড়িতে বসেই ইফতার সারলাম।’