এক পালার শিক্ষকে চলছে দুই পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সাড়ে তিন বছর আগে প্রভাতি ও দিবা শাখা—দুই পালায় ক্লাস চালু হয়েছে। কিন্তু রয়ে গেছে আগের জনবল। এখনো প্রভাতি শাখার জন্য শিক্ষকের কোনো পদ সৃষ্টি করা হয়নি। দুই পালার জন্য শিক্ষক প্রয়োজন ৫৩ জন আছে ২৬ জন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রভাতি ও দিবা শাখার প্রতিটি শাখায় ৮০ জন করে শিক্ষার্থী ক্লাস করার কথা থাকলেও অষ্টম শ্রেণীর একটি শাখায় ১২৮ জনকে ক্লাস করতে হয় গাদাগাদি করে। এ ছাড়া আরও কয়েকটি শাখাও শতাধিক শিক্ষার্থীকে গাদাগাদি করে ক্লাস করতে হয়। এসব শ্রেণীকক্ষে পেছনের সারিতে বসা শিক্ষার্থীরা পাঠদান শুনতে পায় না। বিদ্যালয় সূত্রে জানা যায়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় স্থাপিত হয় ১৯১০ সালে। বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা ১৫৫০। সে বিবেচনায় ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রভাতি ও দিবা শাখার দুই পালার ক্লাস চালু হয়। কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। বর্তমানে ২৬ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ছাড়া প্রভাতি পালায় ১২ জন এবং দিবা পালায় ১৩ জন শিক্ষক পাঠদান করছেন। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বিদ্যালয়ে শিক্ষক-স্বল্পতার কথা স্বীকার করে প্রথম অলোকে বলেন, ‘বিদ্যালয়ে দুই পালা চালু করা হয়েছে ঠিকই, কিন্তু সাড়ে তিন বছরেরও দ্বিতীয় পালার জন্য শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। শিক্ষকের পদ সৃষ্টির জন্য এরই মধ্যে নানাভাবে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির জন্য ফাইল সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময় যেসব বিদ্যালয়ে দুই পালা চালু করা হয়েছে, সেসব বিদ্যালয়ের জন্য নতুন শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের সময় এ বিদ্যালয়ে দুই পালা চালু হলেও শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। ফলে এক পালার শিক্ষক দিয়ে দুই পালার শ্রেণীকক্ষে পাঠদান করা হচ্ছে।’