এক পাশে গাড়ি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উসমানিয়া গ্লাস কারখানা থেকে সানোয়ারা করপোরেট কার্যালয় ও আশপাশে এক কিলোমিটারেরও বেশি এলাকায় সড়কের এক পাশ সম্পূর্ণ অকেজো। ফলে ওই পাশ দিয়ে যানচলাচল বন্ধ। মাঝেমধ্যে দু-একটা ট্রাক চলতে দেখা যায়। অধিকাংশ যানবাহন সড়কের এক পাশ দিয়ে যাওয়া-আসা করছে। আমি রিকশা নিয়ে নষ্ট সড়ক দিয়ে যাতায়াত করি গাড়ির ঝামেলা এড়ানোর জন্য। কিন্তু সব সময় ভয়ে থাকি, এই বুঝি গর্তে পড়ে রিকশা উল্টে গেল। কারণ পুরো সড়কে পানি জমে থাকায় গর্ত আসলে কত বড় হয়েছে তা ধারণা করা কঠিন।’ বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়কের কী ভয়াবহ অবস্থা—তা এভাবেই বর্ণনা করেন সানোয়ারার কর্মকর্তা নাজমুল হাবিব। তিনি বলেন, সড়কটির ফুটপাত পুরোপুরি দখলে চলে গেছে। মূল সড়কটির কোনো অংশ নালা আর কোনো অংশ খানাখন্দে রূপ নিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্রে জানা যায়, বিগত বিএনপির সময় বহদ্দারহাট থেকে বিএফআইডিসি সড়কের সংযোগ পর্যন্ত প্রশস্ত ও সংস্কার কাজ করা হয়। এতে ব্যয় হয় প্রায় নয় কোটি টাকা। কিন্তু কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক চউকের প্রকৌশলী ও সদস্যের বিরুদ্ধে ১৪টি মামলা করে। বর্তমানে সড়কটি সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রয়েছে। এ ব্যাপারে চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে চাহিদা অনুযায়ী তহবিল পাইনি। এ জন্য সড়কটি প্রত্যাশা অনুযায়ী সংস্কার করা সম্ভব হয় নি।’ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আরাকান সড়কের এ অংশটি চউক থেকে বুঝে নেওয়ার পর সেখানে ছোটখাটো খানাখন্দ ভরাট করা ছাড়া বড় কোনো সংস্কার করা হয়নি। তা ছাড়া বহদ্দারহাট এলাকায় ভরাট নালার মাটি তুলতে গিয়ে সিটি করপোরেশনের এস্কেবেটারগুলো (মাটি খননের যন্ত্র) এ সড়কের ফুটপাতও নষ্ট করে ফেলেছে। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, এ সড়কটির ড্রেন অপর্যাপ্ত। ফলে বৃষ্টি হলে সে পানি সড়কেই থেকে যায়। এতে সড়কটির মূল ভিত্তিই নষ্ট হয়ে গেছে। পুরো সড়কে সৃষ্টি হয়েছে বিরাট বিরাট গর্ত। তিনি বলেন, এ সড়কটি পুরো মাত্রায় চলাচলের উপযোগী করতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে অন্তত দুই থেকে তিন কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট ভারী শিল্প এলাকায় প্রবেশপথ পর্যন্ত পুরো সড়কেরই বেহাল দশা। কোথাও দুই গজ সড়কও মসৃণ নেই। ফলে এ সড়ক দিয়ে চলাচলের সময় গাড়ির গতি কমে যায়। এ জন্য কালুরঘাট থেকে বহদ্দারহাট ও এ সড়কের সঙ্গে সংযুক্ত সবগুলো সড়কে প্রতিদিনই দীর্ঘ যানজট লেগে থাকে।