
চট্টগ্রাম নগরের বৃহত্তর আগ্রাবাদ এলাকার জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধ নির্মাণ করেছিল বন্দর কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরে নগরের বন্দর রিপাবলিক ক্লাবের সামনে এ বাঁধ নির্মাণ করা হয়। তখন থেকেই স্থানীয় বাসিন্দারা বাঁধের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।
বাঁধের উত্তর পাশে থাকা আগ্রাবাদ এলাকার বাসিন্দারা এখন বলছেন, এ বাঁধের কারণে তাঁদের এলাকার জোয়ারজনিত জলাবদ্ধতা অনেকটাই দূর হয়েছে। তবে দক্ষিণ পাশের বাসিন্দাদের দাবি, এতে তাঁদের এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট হয়েছে। এ অবস্থায় তাঁরা বাঁধ অপসারণ চান।
উত্তর পাশে রয়েছে দক্ষিণ ও উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের নিমতলা, ছোটপুল, বড়পুল, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও শান্তিবাগ। দক্ষিণ পাশের এলাকাগুলো হলো উত্তর মধ্যম হালিশহর ও দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের সাইটপাড়া, আদর্শপাড়া, হিন্দুপাড়া, মুনসিপাড়া, মাইজপাড়া, পুরাতন ডাকঘর, শেখপাড়া, ধুপপুল, পুরাতন পোর্ট মার্কেট ও ঈশান মিস্ত্রির হাট।
বাঁধের কার্যকারিতা নিয়ে বিরোধ থাকলেও উভয় এলাকার বাসিন্দারা বলছেন, জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে বাঁধ কোনো স্থায়ী সমাধান নয়। এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে হলে মহেশ খালের মুখে জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরাও একই কথা বলছেন।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নির্বাহী সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, মহেশ খালকেন্দ্রিক জলাবদ্ধতা নিরসনে অস্থায়ী সমাধান হিসেবে বাঁধ নির্মাণ করার বিষয়টি ঠিক আছে। তবে এই বাঁধ স্থায়ী হয়ে গেলে এখানে বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। তিনি বলেন, এই সমস্যা সমাধানে ড্রেনেজ মহাপরিকল্পনায় মহেশ খালের মুখে টাইডাল রেগুলেটর (জোয়ার িনরোধক ফটক) নির্মাণের কথা বলা হয়েছিল। তবে এটি নির্মাণ করার আগে সংশ্লিষ্ট এলাকার খাল ও নালা-নর্দমাগুলো পরিকল্পিতভাবে সংস্কার করতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনও গত সোমবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বাঁধ অপসারণের পক্ষে। আবার আরেকটি অংশ বাঁধ রাখার পক্ষে। এখন এর স্থায়ী সমাধান বের করার জন্য বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে।
গত বছরের ২ সেপ্টেম্বর মহেশ খালের ওপর এই অস্থায়ী বাঁধের নির্মাণকাজ উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রায় ১২০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট উচ্চতার এই বাঁধের নির্মাণকাজ শেষ হয় গত বছরের অক্টোবরে।
অস্থায়ী বাঁধ নির্মাণকারী সংস্থা বন্দর কর্তৃপক্ষের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর অনুরোধে মহেশ খালের জলাবদ্ধতা নিরসনের জন্য সাময়িকভাবে বাঁধ দেওয়া হয়েছিল। এতে আগ্রাবাদসহ একটি বড় এলাকায় জলাবদ্ধতা কমে যায়। তবে ২১ মে বৃষ্টি বেশি হওয়ায় অন্য পাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন তাঁরা বাঁধ অপসারণের দাবি জানান।
গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর সময় হালিশহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছিলেন। বিক্ষুব্ধ লোকজন ওই দিন বাঁধ কেটে ফেলার চেষ্টা করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এরপর কিছুদিনের জন্য বাঁধের দরজা ও পাইপগুলো উন্মুক্ত করে দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে বৃহত্তর আগ্রাবাদ এলাকায়ও নতুন করে জোয়ারজনিত জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাঁধের কারণে জোয়ার ও বৃষ্টির পানি নামতে প্রায় ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এখন আবার বাঁধ পরিচালনা করা হচ্ছে। ফলে বাঁধের উত্তর পাশে জোয়ারজনিত জলাবদ্ধতা হচ্ছে না। তবে দক্ষিণ পাশের দুর্ভোগ রয়েই গেছে।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, মহেশ খালের মুখে একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ব্যুরো রিসার্চ, টেস্টিং ও কনসালটেশনকে দিয়ে একটি নকশা তৈরি করা হচ্ছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে এই নকশা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি নিয়ে সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের বড় একটি প্রকল্পে জলকপাট নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
স্থানীয় সূত্র জানায়, নগরের উত্তর মধ্যম হালিশহর (৩৭ নম্বর) ও দক্ষিণ মধ্যম হালিশহর (৩৮ নম্বর) ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বাঁধ অপসারণের জন্য ‘৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজ’ নামের একটি কমিটি গঠন করে। ১৩ জুলাই বন্দর কর্তৃপক্ষকে এ জন্য স্মারকলিপি দেয় কমিটি।
এই কমিটির সমন্বয়কারী মোহাম্মদ মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, বাঁধ দেওয়ার পর পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের সময় এলাকায় কোমরসমান পানি ওঠে। অথচ আগে এক থেকে দুই ইঞ্চি পানি উঠত। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে হলে এই বাঁধ অবশ্যই অপসারণ করতে হবে। আর এই অঞ্চলের জোয়ারজনিত জলাবদ্ধতা দূর করার জন্য মহেশ খালের মুখে জলকপাট নির্মাণ করা হোক।
এদিকে বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, যাঁরা বাঁধের বিরোধিতা করছেন, তাঁদের ওখানে বাঁধ দেওয়ার আগেও পানি উঠত। আর বাঁধ খোলা থাক আর না থাক, ওসব এলাকায় জোয়ারের পানি ওঠে। এখন বাঁধ দেওয়ার ফলে বৃহত্তর আগ্রাবাদ এলাকার মানুষ যদি স্বস্তিতে থাকে, তাহলে তাঁদের আপত্তি করার কোনো কারণ নেই। অবশ্য তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে বর্তমানের বাঁধটি হচ্ছে ক্ষণস্থায়ী পদক্ষেপ মাত্র। আগ্রাবাদ এলাকার জোয়ারজনিত জলাবদ্ধতার সমস্যা দূর করতে হলে জলকপাট নির্মাণের কোনো বিকল্প নেই।’