শক্তি কম খরচ হয় বলেই ফ্লেমিঙ্গো পাখিরা কখনো কখনো দুই পায়ের পরিবর্তে একটিমাত্র পায়ে ভর দিয়ে দাঁড়ায়। হতে পারে এই ভঙ্গি তাদের পছন্দের। কিন্তু বিজ্ঞানীরা দীর্ঘদিন ব্যাপারটি নিয়ে ধাঁধার মধ্যে ছিলেন।
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের একদল গবেষক পাখিটির এই আচরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। তাঁরা দেখিয়েছেন, ফ্লেমিঙ্গোদের এক পায়ে দাঁড়ানো অবস্থায় তাদের মাংসপেশির কোনো সক্রিয় প্রচেষ্টা থাকে না। মানে তখন পাখিটির শারীরিক শক্তির অনেকটা সাশ্রয় হয়। এই পরোক্ষ শারীরিক প্রক্রিয়ার কারণে তারা ঝিমানোর সময়ও দাঁড়িয়ে থাকতে পারে অনায়াসে।
আগে গবেষকেরা মনে করতেন, মাংসপেশির ক্লান্তি দূর করতেই বুঝি পাখিটি এ রকম এক পায়ে দাঁড়ায়। কারণ, কখনো কখনো এরা এমন অবস্থায় পা বদল করে। কিছুক্ষণ এক পায়ে ভর দিয়ে দাঁড়ানোর পর অন্য পায়ে ভর দিয়ে দাঁড়ায়। আরেক দল গবেষক ভেবেছিলেন, এ রকম ভঙ্গির সাহায্যে হয়তো পাখিটি নিজ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
ফ্লেমিঙ্গোর ওই বিশেষ শারীরিক ভঙ্গির কারণ নির্ণয়ের গবেষণায় অংশ নেন আটলান্টার জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ইয়ং-হুই চাং এবং এমোরি ইউনিভার্সিটির লেনা এইচ টিং। তাঁরা জ্যান্ত ফ্লেমিঙ্গোর পাশাপাশি মৃত ফ্লেমিঙ্গোর ওপরও গবেষণা চালান। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েল সোসাইটি থেকে প্রকাশিত বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।