এক পায়ের সংগ্রাম

ঘড়ির কাঁটা সকাল নয়টার কাছাকাছি। নগরের জিইসির মোড়ে বাস থেকে নামলেন এক তরুণ। ডান পা নেই। হাতে ক্রাচ। পিঠে ব্যাগ। বাস থেকে নেমেই ক্রাচে ভর দিয়ে ছুট ওমর গণি এমইএস কলেজের দিকে। হাতে সময় নেই একেবারে। সোয় নয়টার ক্লাস ধরতে হবে। তড়িঘড়ি করে ক্লাসে ঢুকে তারপর স্বস্তি। এভাবেই প্রতিদিন চলছে তার।
এই তরুণের নাম মো. আহাদুল ইসলাম। পড়ছে ওমর গণি এমইএস কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগে। এটুকুতেই শেষ নয় আহাদের কাহিনি। যে যাত্রার একপর্ব শেষ হয় জিইসির মোড়ে, সেই যাত্রা শুরু হয় ভোর সাড়ে ছয়টায় ৩৫ কিলোমিটার দূরের আনোয়ারার বরুমচড়া থেকে। বাড়ি থেকে বের হয়ে প্রথমে এক কিলোমিটার হাঁটা। এরপর সিএনজিচালিত অটোরিকশায় আরও কিছুদূর। শেষে দুটি বাস পাল্টে সকাল নয়টার মধ্যে শহরের জিইসি মোড়ে।
আহাদ মাত্র দুই বছর বয়সে সড়ক দুর্ঘটনায় ঊরু থেকেই ডান পা হারায়। এর পরও থেমে থাকেনি। তখন থেকেই শুরু হয় তার এক পায়ের সংগ্রাম। দুর্ঘটনার কথা মনে নেই। পরে মা–বাবার মুখ থেকে শুনেছে সেই দুঃসহ দিনের কথা। ‘আমার বয়স তখন দুই বছর। শুনেছি, মামাবাড়ি যাওয়ার সময় চাতরী চৌমুহনীতে ট্রাকের ধাক্কায় আমার ডান পা হারাই। তার পরও আমি পড়ালেখা চালিয়ে যাই।’ বলে আহাদ।
আহাদ এবার আনোয়ারা শহীদ বশিরুজ্জামান উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ–৩.৫৭ পেয়ে এসএসসি পাস করে। এরপর ভর্তি হয় নগরের ওমর গণি এমইএস কলেজে। অনেকে বলেছিলেন আনোয়ারা কলেজে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আহাদের ইচ্ছা একটা ভালো কলেজে পড়ার। সেই চিন্তা থেকে শহরের কলেজে ভর্তি হয়।
তার কথায়, ‘ওখানে পড়লে ভালো কিছু হতে পারতাম না। তাই এখানে পড়তে এসেছি। আমি লেখাপড়া শেষ করে একটি ভালো চাকরি করতে চাই।’
আহাদুলের বাবা আলী আকবর দরিদ্র কৃষক। তাঁদের নিজের জমি নেই। অন্যের জমিতে বর্গা চাষ করেন। মা পাটি বানান। অভাবের সংসার। দুই ছেলেমেয়ের পড়ালেখার খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয় মা–বাবাকে। তবু ছেলেমেয়েকে পড়ালেখা শিখিয়ে বড় করার সাধ তাঁদের। এক ভাই এক বোনের মধ্যে আহাদ বড়। বোন অষ্টম শ্রেণিতে পড়ে।
আহাদ প্রতিদিন সকালে তিনটি গাড়ি বদলে শহরের কলেজে আসে। আসতে গিয়ে অনেক সময় এক পায়ে বাসে দাঁড়িয়েও থাকতে হয়। ঠাসাঠাসি ভিড়ের মধ্যে উঠতে পারে না কোনো কোনো সময়।
আহাদ বলে, ‘বাসে ক্রাচে ভর দিয়ে উঠলে সিট না থাকলে শহরের দিকের মানুষ উঠে দাঁড়িয়ে বসতে দেন। কিন্তু গ্রামের দিকে এ প্রবণতা কম। তবে আমার কোনো সমস্যা হয় না। প্রতিদিন আসা-যাওয়ায় অভ্যাস হয়ে গেছে। তবে এখন একটি মেসে থাকার চেষ্টা করছি।’

কলেজের শিক্ষকেরা আহাদকে নিয়মিত ক্লাস করার প্রয়োজন নেই জানিয়েছিলেন। কিন্তু সে প্রতিদিন ক্লাস করার জন্য নানা ঝামেলা পেরিয়ে ছুটে আসে।
তার শিক্ষক ওমর গণি এমইএস কলেজের প্রভাষক সুমন কান্তি দাশ বলেন, ‘ছেলেটির মধ্যে পড়ালেখার প্রতি অদম্য ইচ্ছা। মনোযোগী এই ছাত্রটি প্রতিদিন আনোয়ারা থেকে অনেক কষ্ট করে আসা–যাওয়া করে। সে নিয়মিত ক্লাস করে, যেখানে অনেক ছাত্রই প্রতিদিন ক্লাস করে না।’
তবে আহাদ নিজেকে কোনোভাবেই পিছিয়ে পড়া ভাবতে রাজি নয়। সে আর দশজনের মতোই সব কাজ করতে পছন্দ করে। অদম্য মনোবল তার মধ্যে। এক পা নিয়েই আহাদ ফুটবল, ক্রিকেট খেলে। গাছেও ওঠে। তার মনোবলের কাছে হার মেনেছে পঙ্গুত্ব।
যখন অন্যদের খেলতে দেখ, তখন কি তোমার আফসোস হয়, এমন প্রশ্নের জবাবটা আহাদের মুখেই শোনা যাক, ‘তা কেন লাগবে? আমি তো সব কাজ করতে পারি। আমি তো ফুটবল খেলি গোলপোস্টে দাঁড়িয়ে। ক্রিকেটও খেলি। গাছে উঠি। সাঁতার কাটতে পারি। আমি সবই করতে পারি।’
বলেই একগাল হাসি দিল। ওই হাসিতেই ফুটে ওঠে সংগ্রামী আহাদের মানসিক দৃঢ়তা।