এক পৌরসভায় এত স্বশিক্ষিত প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ৪৯ জন প্রার্থীর মধ্যে ২১ জনই ‘স্বশিক্ষিত’। গত ২২ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় প্রার্থীরা এই তথ্য উল্লেখ করেছেন। এসব স্বশিক্ষিত প্রার্থীর মধ্যে একজন মেয়র পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি পৌরসভা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের কাছে পৌরসভা নির্বাচনের প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দেন।
প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীদের মধ্যে শিক্ষায়-দীক্ষায় এগিয়ে আছেন দল দুটির মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়া মকছুদ মিয়া ‘স্বাক্ষরজ্ঞান’সম্পন্ন এবং বিএনপির প্রার্থী মহিউদ্দীন ‘স্বশিক্ষিত’। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরওয়ার আজম স্নাতক (বিএ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হামিদুল হক এলএলবি পাস করেছেন। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মকছুদ মিয়ার স্ত্রী সর্জিনা আকতারও ‘স্বাক্ষরজ্ঞান’সম্পন্ন।
৪৪ জন নারী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২০ জন ‘স্বশিক্ষিত’ প্রার্থী। বাকি ২৪ জনের মধ্যে পঞ্চম শ্রেণি থেকে এমএসসি পাস করা প্রার্থী রয়েছেন। কাউন্সিলর পদে ‘স্বশিক্ষিত’ প্রার্থীরা হলেন হামিদুল হক, আজিজ মিয়া, দীপক কান্তি দে, আব্দুল শুক্কুর, জয়নাল আবেদীন, মং লায়েন, জালাল আহমদ, মকছুদ আলম, মনজুর আলম, পূর্ণ চন্দ্র দে, প্রণব দে, সনজিত চক্রবর্তী, মো. মিশকাত সিকদার, ছৈয়দুল ইসলাম, খাইয়ের হোসেন, সুলতানা রাজিয়া, রহিমা কবির, মনোয়ারা বেগম, রওশন আরা, জাহেদা আক্তার।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম গত ২৯ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, গত ১০ ফেব্রুয়ারি মহেশখালী পৌরসভার নির্বাচনের তফসিল করে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২২ ফেব্রুয়ারি। আর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়। এখন মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ২০ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
হলফনামায় ২১ প্রার্থী নিজেদের স্বশিক্ষিত ঘোষণা দিয়েছেন বলে তিনি জানান। স্বশিক্ষিত বলতে কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা বোঝানো হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে বেদারুল ইসলাম জানান, কোনো প্রার্থী নিজে শিক্ষিত হয়েছেন কিন্তু কোনো সনদ নেই, এমন ক্ষেত্রে স্বশিক্ষিত লিখতে পারবেন।
স্বশিক্ষিত বলতে কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা বুঝিয়েছেন, এমন প্রশ্ন করা হলে পৌরসভায় মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী মহিউদ্দীন বলেন, ‘আমি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছি। কিন্তু বিদ্যালয় থেকে সনদ আনতে অনেক সময় ব্যয় হবে, এ কারণে আইনজীবীর পরামর্শে হলফনামায় স্বশিক্ষিত লিখেছি।’