এক প্রকল্পে প্রায় ২০০০ চাকরি
দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে দেশের প্রত্যেক নারী ও পুরুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিভিত্তিক উৎপাদনে উৎসাহ দানের লক্ষ্যে দক্ষতা, উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং সহায়ক সেবা কার্যক্রম জরুরি। গ্রামের প্রতিটি মানুষকে সংগঠিত করতে হবে। এসব নানা কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (আরডিসিডি) ২০০৯ সালের শেষের দিকে হাতে নেয় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প। বাংলাদেশের ৬৪টি জেলার ৪৮২টি উপজেলার এক হাজার ৯২৮টি ইউনিয়নের দুটি করে মোট নয় হাজার ৬৪০টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের মেয়াদ আছে ২০১৪ সাল পর্যন্ত। এ প্রকল্পের কাজে তিনটি পদে প্রায় দুই হাজার লোক নিয়োগের উদ্দেশ্যে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফলে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। ৬ জুন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাচ্ছে। বিতরণ চলবে ২৪ জুন পর্যন্ত। পদ ও সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তিনটি পদে এক হাজার ৯২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হচ্ছে উপজেলা সমন্বয়কারী, কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী ও মাঠ সংগঠক। আর এসব পদে লোক নিয়োগের সংখ্যা যথাক্রমে ৪৮২, ৪৮২ ও ৯৬৪। তবে প্রাথমিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সব পদের জন্য আলাদা আলাদা আবেদন ও পরীক্ষা দিতে পারবেন। আবেদনের যোগ্যতা: উপজেলা সমন্বয়কারী পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী এবং মাঠ সংগঠক পদের জন্য ন্যূনতম স্নাতক পাস হতে হবে। উপজেলা সমন্বয়কারী ও মাঠ সংগঠকদের জন্য পল্লী উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আর কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদের জন্য বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ এবংকম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।আবেদন প্রক্রিয়া: প্রকল্পের নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হবে। আবেদনপত্রটি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) জেলা কার্যালয় থেকে নগদ ৩০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে তাঁর নিজ জেলার বিআরডিবির উপ-পরিচালকের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। এক জেলার প্রার্থী অন্য জেলায় আবেদন করতে পারবেন না। তবে যেসব জেলায় কার্যালয় নেই, তাঁরা পার্শ্ববর্তী জেলা থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনকারীরা প্রয়োজনে www.brdb.gov.bd ঠিকানার ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদনটি ২৮ জুনের মধ্যে জেলার উপপরিচালকের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ, ঠিকানা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের বিস্তারিত যোগ্যতা, আবেদন-প্রক্রিয়া ইত্যাদি তথ্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বা উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। কাজ কী ও কোথায়: প্রতিটি উপজেলার চারটি করে ইউনিয়নের ২০টি গ্রাম এ প্রকল্পের অধীনে থাকছে। প্রতিটি গ্রামে ৬০টি করে পরিবার এ সুবিধা পাবে।একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপপরিচালক (প্রশাসন ও সমন্বয়) মো. সদরুল আলম তালুকদার বলেন, মাঠ সংগঠককে দুটি ইউনিয়নের সুবিধাভোগীদের নিয়ে কাজ করতে হবে। মাঠপর্যায়ে সুবিধাভোগীদের নির্বাচন, তাদের নিয়ে দল গঠন, সমস্যা নির্বাচন, আর্থিক সহায়তা নিশ্চিত করা, মহিলাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, গ্রাম উন্নয়ন পরিকল্পনা করা, সুবিধাভোগীদের সমস্যা সমাধানের ব্যবস্থা, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ প্রকল্পের প্রান্তিক পর্যায়ের যাবতীয় দায়িত্ব পালন করবেন একজন মাঠ সংগঠক। কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারীকে উপজেলার প্রকল্প কার্যালয়ে দাপ্তরিক কাজ করতে হবে। আর উপজেলা সমন্বয়কারীকে সংশ্লিষ্ট উপজেলার কার্যক্রম তদারকি ও বিভিন্ন বিভাগীয় পর্যায়ে ও সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। তিনি উপজেলা পর্যায়ে প্রকল্পের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে কাজ করবেন। নিয়োগ-প্রক্রিয়া: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্য নিয়োগ-প্রক্রিয়ার মতোই এ প্রকল্পের নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের সহকারী পরিচালক (প্রশাসন ও সমন্বয়) গোলাম সারোয়ার মোস্তফা জানান, পুরো নিয়োগ প্রক্রিয়াটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। তবে কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদের প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার আগে বা একই দিনে একটি ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। অন্য দুটি পদের জন্য এ ধরনের ব্যবহারিক পরীক্ষা হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা করা হবে। যাঁরা লিখিত পরীক্ষায় ন্যূনতম নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন, কেবল তাঁরাই পরবর্তী ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানা গেছে। লিখিত পরীক্ষা: প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র করতে দেশের স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ফিন্যান্স বিভাগ বা অর্থনীতি বিভাগ সাধারণত এ কাজ করে। তবে লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নিয়ে জেলা পর্যায়ে আয়োজনের ব্যবস্থা করা হতে পারে। সে ক্ষেত্রে প্রার্থীকে নিজ জেলায় পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার আয়োজন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জেলার বিআরডিবি কার্যালয়। লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে বলে জানা গেছে। বহুমুখী নির্বাচনী প্রশ্ন এমসিকিউ ধরনের ১০০টি প্রশ্ন হবে। আর সময় দেওয়া হবে এক ঘণ্টা। গোলাম সারোয়ার মোস্তফা বলেন, অন্যান্য নিয়োগ পরীক্ষার মতো বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন করা হবে। প্রতিটি বিষয় থেকে সমপরিমাণ প্রশ্ন থাকবে। তিনটি ভিন্ন পদের লিখিত পরীক্ষা একই দিনে হতে পারে। তবে প্রশ্নপত্র অবশ্যই আলাদা হবে। সাধারণ জ্ঞান অংশে গ্রাম, গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং কৃষি-সংশ্লিষ্ট প্রশ্ন বেশি থাকবে। প্রশ্ন খুব জটিল ধরনের হবে না।মৌখিক পরীক্ষা: মো. সদরুল আলম তালুকদার বলেন, সব পদের মৌখিক পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে। সাত সদস্যবিশিষ্ট বোর্ড এ পরীক্ষা নেবে। বোর্ডের সভাপতি থাকবেন প্রকল্প পরিচালক এবং সদস্যসচিব থাকবেন উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও সমন্বয়)। এ ছাড়া থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একজন উপসচিব (উন্নয়ন), উপপ্রধান, বিআরডিবির একজন যুগ্ম সচিব, অর্থ বিভাগের একজন সিনিয়র সহকারী সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব। এ পরীক্ষার নম্বর ২০ হতে পারে। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের বাংলাদেশের কৃষি খাত, কৃষিজ পণ্য, কৃষি অর্থনীতি থেকেই বেশি জানতে চাওয়া হবে। এ ছাড়া তাঁর কাজ করার মানসিকতা কতটুকু এবং মাঠপর্যায়ে কাজ করতে ভালোবাসেন কি না ইত্যাদি বিষয় মূল্যায়ন করা হবে।ব্যবহারিক পরীক্ষা: কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি নির্দিষ্ট নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে কম্পিউটার ব্যবহার, এমএস ওয়ার্ড, এমএস এক্সসেল, এমএস একসেস ইত্যাদি কম্পিউটারবিষয়ক খুঁটিনাটি বিষয় দেখা হবে। তাই যাঁরা এ পদের জন্য আবেদন করবেন, তাঁদের কম্পিউটারবিষয়ক ন্যূনতম জ্ঞান থাকতে হবে। বেতন-ভাতা: ২০০৯ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী উপজেলা সমন্বয়কারীরা সর্বসাকল্যে পাবেন ১০ হাজার ১৩০ টাকা এবং কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পাবেন আট হাজার ৮৫০ টাকা। আর একজন মাঠ সংগঠক পাবেন আট হাজার ৫৫০ টাকা। প্রকল্পের চাকরি হলেও বাংলাদেশ সার্ভিস রুল (বিএসআর) অনুযায়ী তিনটি পদের চাকরি পরিচালিত হবে। আবেদনকারী নিয়োগপ্রাপ্ত হলে তাঁকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে হবে। তাই আগ্রহী ব্যক্তিরা আর বসে না থেকে আবেদন করে ফেলুন। সঙ্গে শুরু করে দিন প্রস্তুতিটাও। কারণ, অবশ্যই আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে হবে।