এক প্রকল্পে ১৩ হাজার ৫০০ চাকরি
দেশের জনগণকে মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিতে ১৯৯৮ সালে সরকার একটি বিশেষ কর্মসূচি হাতে নেয়। সে কর্মসূচির আওতায় গ্রামীণ জনগণের দোরগোড়ায় অত্যাবশ্যকীয় সেবা পৌঁছে দিতে গ্রাম বা ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সিদ্ধান্ত হয়, দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের। তবে এর মধ্যে উপজেলা এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান হিসেবে রাখা হয় চার হাজার ৫০০টি। অবশিষ্ট এলাকার জন্য ১৩ হাজার ৫০০ নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যে ১০ হাজার ৭২৩টি ক্লিনিক তৈরি করা হয়েছে। এ বছর আরও এক হাজারটি তৈরির কাজ শেষ হবে। বাকিগুলোও আগামী বছরের মধ্যে তৈরি হবে।প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা ও পুষ্টিসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার ২০০৯ সালের জুলাই মাসে হাতে নেয় কমিউনিটি ক্লিনিক প্রকল্প। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের জুন মাসে। প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকগুলোয় কাজ করার জন্য একসঙ্গে নিয়োগ দেওয়া হবে ১৩ হাজার ৫০০ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাজটা কী তাদের: প্রকল্পটি নতুন করে চালু হওয়ায় অনেকেই আবেদন করেলেও জানেন না কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কাজটা কেমন? রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশের (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) প্রকল্প পরিচালক ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস জানান, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে কাজ করবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। প্রকল্প প্রস্তাবে তাঁদের দায়িত্ব হিসেবে সরকারের প্রায় ২২ ধরনের সেবা কার্যক্রম নিয়ে কাজ করবেন তাঁরা। মাখদুমা নার্গিস জানান, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকা কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানোসহ প্রায় সব ধরনের স্বাস্থ্যগত সেবা পাওয়া যাবে কমিউনিটি ক্লিনিকগুলোতে। আর এর মূল দায়িত্বে থাকবেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। আবেদনের যোগ্যতা: পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই পদের প্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.৫। তবে প্রার্থীদের কম্পিউটার পরিচালনা জানা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য ৩২ বছর। নিয়োগের ক্ষেত্রে মহিলারা অগ্রাধিকার পাবেন। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ধর্ম, শিক্ষাগত যোগ্যতার তথ্য তুলে ধরে আবেদনপত্র তৈরি করে ২০০ টাকার পে-অর্ডারসহ নিজ নিজ জেলার সিভিল সার্জন কার্যালয়ে জমা দিতে হবে। তবে আবেদন করতে হবে প্রকল্প পরিচালক বরাবর। আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০। নিয়োগের প্রক্রিয়া: কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের নিয়োগের প্রক্রিয়াটি সরকারের অন্যান্য নিয়োগ-প্রক্রিয়ার মতোই। এটা সম্পন্ন হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। আবেদনপত্র যাচাইবাছাই করে নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে যাঁরা টিকবেন, তাঁরা নিজ নিজ এলাকায়ই নিয়োগ পাবেন। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে কেন্দ্রীয়ভাবে। অর্থাৎ একটি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তবে পরীক্ষা হবে প্রার্থীর নিজ জেলার সিভিল সার্জনের আয়োজনে। লিখিত পরীক্ষার পূর্ণমান রাখা হয়েছে ৮০। প্রশ্ন হবে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে। স্বাস্থ্য-সম্পর্কিত ও কম্পিউটার বিষয় থেকে প্রশ্ন থাকবে বলে জানা গেছে। বহুমুখী নির্বাচনী প্রশ্ন হবে এমসিকিউ ধরনের। ৮০ নম্বরের জন্য প্রশ্নও থাকবে ৮০টি। মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় যাঁরা পাস করবেন, তাঁদের নিয়ে হবে মৌখিক। মৌখিক পরীক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে বোর্ড গঠন করা হবে। বোর্ডে থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রতিনিধি, প্রকল্প প্রতিনিধি এবং জেলা সিভিল সার্জনের প্রতিনিধি। মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। এখানে প্রার্থীর নিজ জেলা, উপজেলা ও ইউনিয়ন সম্পর্কে নানা তথ্য এবং স্বাস্থ্য-সম্পর্কিত বিষয় থেকে প্রশ্ন করা হবে। প্রশিক্ষণ: চূড়ান্তভাবে যাঁরা টিকবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে ১২ সপ্তাহের। প্রশিক্ষণের প্রথম ছয় সপ্তাহ হবে বুনিয়াদি প্রশিক্ষণ। এ সময় তাঁদের দায়িত্ব সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ে কারিগরি জ্ঞানদান এ প্রশিক্ষণের উদ্দেশ্য বলে জানান প্রকল্পের পরিচালক। পরে ছয় সপ্তাহের কর্মকালীন প্রশিক্ষণের আয়োজন করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলো অত্যাবশ্যকীয় সেবা দানের প্রাথমিক স্তর হিসেবে গণ্য হবে। গ্রামীণ জনগণের চাহিদা অনুসারে এই কেন্দ্রগুলো বিনা মূল্যে সহজলভ্য, নির্দিষ্ট মান ও গুণসম্পন্ন সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টিসেবা দিবে। আর এর মূল দায়িত্বে থাকবেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। যাঁরা এ পদে কাজ করতে চান, আবেদন করে ফেলুন। তবে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে টিকতে হবে। মনে রাখতে হবে, একটি পদের বিপরীতে তিনজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ঢাকা হবে।