এক বছর ধরে থেমে আছে ১৪ সড়কের উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় ১৪টি সড়কের উন্নয়ন প্রকল্পের কাজ এক বছর ধরে থেমে আছে। বেশির ভাগ প্রকল্পের কাজ ১৫ থেকে ২০ ভাগ করে বাকি কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারেরা। ফলে সড়কগুলোতে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ। নানা কারণে লোকসানের অজুহাত দেখিয়ে এসব উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ১৪টি সড়কের উন্নয়নকাজের জন্য ১৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর। সড়কগুলো হলো এক কোটি আট লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে নজরেরঠিলা ও সোনারগাঁও সড়ক, চার কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে কুলালপাড়া রজনিকান্ত ও হাজি ছৈয়দ আলী সড়ক, দুই কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পদুয়া দারিকোপ ও এসডিও সড়ক, ৩২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে চন্দ্রঘোনা উচ্চবিদ্যালয় সড়ক, এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ফিরিঙ্গীরখীল সড়ক, ৩১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে চন্দ্রঘোনা আধুরপাড়া সড়ক, ৭০ লাখ টাকা ব্যয়ে রইস্যাবিল সড়ক, ৪৪ লাখ টাকা ব্যয়ে শিয়ালবুক্কা সড়ক, ৮২ লাখ টাকা ব্যয়ে মহতিপাড়া-মালিরহাট সড়ক ও এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে হাজিপাড়া-মাইজপাড়া সড়ক। এর মধ্যে তিনটি সড়ক কাঁচা ও বাকিগুলো ছিল ইটের তৈরি। সড়কগুলো কংক্রিট ও বিটুমিন দিয়ে পাকা করার কথা। কোনো কোনো সড়কে রয়েছে কালভার্ট নির্মাণের কাজও। ২০১০ সালের জুলাই থেকে এসব কাজ শুরু করে ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে তা শেষ করার কথা। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সড়কের উন্নয়নকাজ শেষ করেনি ঠিকাদারেরা। এক পর্যায়ে কাজ করতে অপারগতা প্রকাশ করে আংশিক কাজের বিল দাখিল করেন তাঁরা। পরে বিলের ৯০ ভাগ পরিশোধ করে কার্যাদেশ বাতিল করা হয়।সূত্র জানায়, তিনটি কালভার্টসহ এক হাজার তিন শ মিটার দীর্ঘ কুলালপাড়া রজনীকান্ত সড়কের উন্নয়নকাজ করার কথা থাকলেও ঠিকাদার কালভার্ট তিনটি করে সড়কের কাজ ফেলে রাখেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদার কর্ণফুলী এন্টারপ্রাইজের ইকবাল হোসেন বলেন, সড়কটির দুই পাশে গাছ থাকায় উন্নয়নকাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে স্থানীয় সরকার পরিষদও কোনো সমাধান দিতে পারেনি। ৩২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ চন্দ্রঘোনা উচ্চবিদ্যালয় সড়কের কাজ পান ইসলাম কনস্ট্রাকশনের নজরুল ইসলাম। কাজটি অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘দরপত্রে শতভাগ পুরোনো ইট ব্যবহারের কথা উল্লেখ থাকলেও সড়কে ৫০ ভাগও পুরোনো ইট পাওয়া যায়নি। নতুন ইট দিয়ে কাজ করলে খরচ দ্বিগুণ হয়ে যাবে। এতে আমাদের লোকসান হবে। কিন্তু লোকসান দিয়ে কাজ করা সম্ভব নয়।’ রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা হাসান আলী জানান, সড়কগুলো উন্নয়নের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হচ্ছে। এরই মধ্যে হাজিপাড়া-মাইজপাড়া সড়কের কাজ শুরু করা হয়েছে। অন্য সড়কগুলোর জন্যও দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘উন্নয়ন কাজের জন্য বরাদ্দ ১৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকার মধ্যে প্রায় দুই কোটি টাকার বিল দেওয়া হয়েছে। তবে নতুন করে উন্নয়নকাজ করতে খরচ প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয় বেড়ে যাবে।’