সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্স ও এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে আছে এক বছরের বেশি সময় ধরে। ফলে মুমূর্ষু রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিতে ভোগান্তি পোহাচ্ছেন স্বজনেরা। এ ছাড়া এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় রোগীদের হাসপাতালের বাইরে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে যায়। এর পর থেকেই এটি আর মেরামত করা হয়নি। এক্স-রে যন্ত্রটি নষ্ট হয় ২০১২ সালের ডিসেম্বর মাসে। এদিকে হাসপাতালে ইসিজি যন্ত্র থাকলেও রেডিওগ্রাফার না থাকায় সেটিও ব্যবহার হচ্ছে না। শুধু তা–ই নয়, তেল বরাদ্দ না থাকায় হাসপাতালের জেনারেটরটি অচল অবস্থায় পড়ে আছে।
১২ জানুয়ারি হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে সামনের মাঠে পড়ে আছে তিনটি অকেজো অ্যাম্বুলেন্স। এর মধ্যে দুটি মরচে ধরে মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। অন্যটিও ধুলার আস্তরণে বিবর্ণ হতে চলেছে।
বহির্বিভাগে কথা হয় রোগীর স্বজন মোহাম্মদ আলমগীর (৪৫) নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছোট বাচ্চাকে নিয়ে হাসপাতালে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু অ্যাম্বুলেন্স না থাকায় এখন ভাড়া করা মাইক্রোবাসে করে বাচ্চাকে চমেক হাসপাতালে নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. হাসান মুরাদ বলেন, সরকারি বিভিন্ন নীতিমালার কারণে অ্যাম্বুলেন্স মেরামত করা যাচ্ছে না। তা ছাড়া নতুন একটি অ্যাম্বুলেন্স পেতেও দেরি হচ্ছে। ফলে সমস্যা হচ্ছে মুমূর্ষু রোগী আনা-নেওয়ায়।
এদিকে এক্স-রে যন্ত্র মেরামতের ব্যাপারে ঢাকা থেকে একটি দল এসেছিল। তাঁরা যন্ত্রটি দেখে চলে গেছেন, এরপর আর কোনো কিছু জানাননি। তিনি জানান, হাসপাতালে গড়ে প্রতি সপ্তাহে ১৫ জন রোগী চমেক হাসপাতালে পাঠাতে হয়। আর প্রতিদিন অন্ত ও বহির্বিভাগের কমপক্ষে ২০ জন রোগীর এক্স-রের প্রয়োজন পড়ে।
এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, সাতকানিয়া স্বাস্থ্যকেন্দ্রের সমস্যার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগির নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ ও এক্স-রে যন্ত্র মেরামত করা হবে।