সড়কজুড়ে গর্ত আর খানাখন্দ। স্থানে স্থানে উঠে গেছে ইট। গর্তে জমে আছে পানি। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বাংলাবাজার-সাইরারডেইল সড়কের এমন দশা হয়েছে। বেহাল এই সড়কে এক বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন অন্তত ৩০ হাজার মানুষ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এই সড়ক এক সময় কাঁচা ছিল। আট বছর আগে এলজিইডি বিভাগ সড়কটির তিন কিলোমিটার এলাকায় ইট বিছিয়ে সংস্কার করে। এতে মাতারবাড়ী ইউনিয়নের সাইরারডেইল, সর্দারপাড়া, ষাইটপাড়া ও ধলঘাট ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি কমে। সড়কে যানবাহন চলাচল শুরু হওয়ায় পণ্য পরিবহনও সহজ হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই প্রাকৃতিক দুর্যোগের কবলে সড়কের বিভিন্ন স্থান ভেঙে যায়। সৃষ্টি হয় ছোট–বড় গর্তের। বিশেষ করে তিন কিলোমিটার সড়কের আধা কিলোমিটার একেবারেই ভেঙে গেছে।
১৬ জুলাই সরেজমিনে দেখা গেছে, বাংলাবাজার-সাইরারডেইল সড়কের নানা স্থানে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ওই পথে হেঁটেই চলাচল করছে মানুষজন। তিন কিলোমিটার সড়কের মধ্যে আধা কিলোমিটার এলাকার এমন বেহাল দশা।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হামেদ হোছাইন বলেন, ভাঙা সড়ক দিয়ে সাইরারডেইল, সর্দারপাড়ার পাশাপাশি ধলঘাট ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এসব মানুষজন।
মাতারবাড়ি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সাইরারডেইল সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি ওই সড়ক দিয়ে যাতায়ত করতে গিয়ে লোকজন দুর্ঘটনার শিকারও হচ্ছেন। এরপরও সড়কটি সংস্কার হচ্ছে না।
জানতে চাইলে মহেশখালী উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, বাংলাবাজার-সাইরারডেইল সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৮৯ লাখ টাকা বরাদ্দ দেয়। একজন ঠিকাদার কাজের দায়িত্বও নেন। কথা ছিল, এ বছরের ফেব্রুয়ারিতে সংস্কারকাজ শুরু হয়ে ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ হবে। কিন্তু গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে চালিয়াতলি-মাতারবাড়ি সড়ক ভেঙে যায়। ফলে সড়ক যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সড়ক সংস্কারের বিভিন্ন সামগ্রীসহ মালামাল আনতে পারছেন না। এ কারণে দুই মাস ধরে সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে।