এক বছর পর একই পাহাড় কাটতে গিয়ে চারজন ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গত বছর একই পাহাড় কাটার মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। এবারও ওই পাহাড়টি কাটতে গেলে পুলিশ খবর পেয়ে ২১ এপ্রিল তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মধ্যবেতছড়ি গ্রামের আবুল হাশেম, সাইফুল ইসলাম, আবু তাহের ও আবু কালাম। পরের দিনই তাঁদের জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে পাহাড় কাটার আইনে মামলা দায়ের করেছে।পুলিশ জানায়, ২১ এপ্রিল বিকেলে উপজেলার মধ্যবেতছড়ি এলাকায় স্থানীয় নূরুল আলমের পাহাড় কাটার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। তবে চারজনই পাহাড় কাটার শ্রমিক। সূত্র জানায়, গত বছরের ১৭ মার্চ ভোরে বুলডোজার দিয়ে মধ্যবেতছড়ি এলাকায় পাহাড়টি কাটার সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা বুলডোজারটি আটক এবং চালক চাইথোয়াই মারমা ও মো. ছালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই দিনই অবৈধভাবে পাহাড় কাটার দায়ে আবুল হোসেন, তাঁর দুই ছেলে নূরুল আলম, মো. ছালাম ও বুলডোজারচালক চাইথোয়াই মারমাকে আসামি করে ইমারত নির্মাণ আইনে থানায় মামলা করা হয়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার গত বছরের ১৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।জানতে চাইলে পাহাড়ের মালিক নূরুল আলম জানান, পাহাড়টি তিনি অন্য এক ব্যক্তির কাছে বেচে দিয়েছেন। তাই তিনি পাহাড় কাটার সঙ্গে জড়িত নন। ২৬ এপ্রিল তিনি বিচারিক হাকিমের আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানান।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে নূরুল আলমকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘গত বছর পাহাড় কাটার সময় যে বুলডোজার আটক করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তারাই আবার একই বুলডোজার দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটছে।’ তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।