এক বছর যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা মাহমুদ, আরশাদুর রহমান, সায়মা সুলতানা ও শাহরুখ আমিন।
আয়েশা মাহমুদ, আরশাদুর রহমান, সায়মা সুলতানা ও শাহরুখ আমিন।

তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়পড়ুয়া সম্ভাবনাময় তরুণ। নেতৃত্ব দিচ্ছেন কোনো উন্নয়ন কর্মকাণ্ডে কিংবা নব-উদ্ভাবনের। বিশ্বের ২৫টি দেশের এমনই ৮০ জন শিক্ষার্থীকে এক বছরের বৃত্তি দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। যাঁদের মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন চারজন। সদস্যরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আরশাদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়েশা মাহমুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শাহরুখ আমিন ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের স্নাতক সায়মা সুলতানা। বিদেশবিভূঁইয়ে জ্ঞান আর সম্মানের স্মারক হাতে নিয়ে তাঁরা যখন দেশে ফিরেছেন, তখনই কথা হয় দলটির সঙ্গে।
কথার শুরুতেই বৃত্তির আদ্যোপান্ত জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের শাহরুখ আমিন, ‘সাংস্কৃতিক আদান-প্রদানের এ বৃত্তি নেসা বা নিয়ার ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান আন্ডার গ্র্যাজুয়েট একচেঞ্জ প্রোগ্রাম হিসেবে পরিচিত। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের স্নাতক পর্বের কয়েকটি সেমিস্টার পড়ার ও সে দেশের সংস্কৃতি ও আর্থসামাজিক অবস্থা জানার সুযোগ দিতেই যুক্তরাষ্ট্র সরকার এ বৃত্তি দিয়ে থাকে। শুধু এ বছরই নয়, প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েকজন এই বৃত্তি পেয়ে থাকেন।’
বৃত্তি বৃত্তান্ত ফেলে আমরা চোখ ফেরাই তাঁদের যুক্তরাষ্ট্রের দিনগুলোতে। আয়েশা মাহমুদ বলেন, ‘আমরা সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ছুটির দিনগুলোতে সক্রিয়ভাবে জড়িত থাকতে হয়েছে স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের জন্য কাজ করেছি।’
তাঁর সঙ্গে যোগ করেন সায়মা সুলতানা, ‘আমাদের ধারণা যুক্তরাষ্ট্র বা উন্নত দেশে একজন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আদতে তা নয়। প্রতিটি বিষয় নিয়ম-কাঠামোর মধ্য দিয়েই হয়। তাদের সংস্কৃতি, শিক্ষাব্যবস্থাসহ নানা বিষয়ে শেখার সুযোগ হয়েছে। ওদের পড়াশোনা কর্মমুখী, হাতেকলমে শেখা-বাস্তবে যা কাজে দেয়।’
শুধু যুক্তরাষ্ট্র সম্পর্কেই জেনেছেন এমন নয়, বন্ধুত্ব হয়েছে বৃত্তি পাওয়া বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে। ক্লাস বা ক্লাসের বাইরে তাঁদের সঙ্গে আড্ডায় সব সময় বাংলাদেশের খাদ্য, পোশাক, খোলাধুলা, বিভিন্ন পর্যটন স্থান ও সংস্কৃতি উপস্থাপন করেছেন গর্বের সঙ্গে। আরশাদুর রহমানের রয়েছে এমন একটি মজার ঘটনা। শোনা যাক তাঁর মুখেই, ‘খুবই অবাক হলাম, যখন শুনলাম বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে মরক্কোর অ্যাডামের ধারণা আছে। একদিন জানতে চাইল আমাদের ক্রিকেট দলের ক্রমাগত সাফল্যের পেছনের গল্প সম্পর্কে। আমি যখন সবিস্তারে বলছিলাম, তখন অন্য দেশের বন্ধুরা বেশ বিস্ময়ের চোখে তাকাচ্ছিল। ওদের চোখ মুখ বলছে-ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান এত শক্ত! যা আমার কাছে গর্ব করার মতো একটি বিষয়।’
এই প্রতিভাবানরা মেধার প্রমাণ রেখেছেন সেখানেও। স্টুডেন্ট সার্ভিস লিডার নির্বাচিত হয়ে সায়মা সুলতানা আমেরিকান রেড ক্রসে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন। এ ছাড়া কেন্ট ও কেন্টের পার্শ্ববর্তী এলাকায় ইতিবাচক ৩০০ ঘণ্টা স্বেচ্ছাসেবামূলক কাজ করার জন্য কেএসইউর অফিস অব এক্সপেরিয়েনশিয়াল এডুকেশন অ্যান্ড সিভিক এনগেজমেন্ট থেকে পাঁচটি সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।
এভাবেই অর্জন আর বন্ধুত্বে তাঁরা মেতে ছিলেন এক বছর।