এক বছরে ছয় হাজার কোটি টাকার রেমিট্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার প্রবাসীরা ছয় হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন গত বছর। ২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত টানা তিন বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষ অবস্থানে আছে চট্টগ্রাম জেলা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, সারা দেশে চট্টগ্রামেই প্রথমবারের মতো রেমিট্যান্স আয়ের হিসাব শুরু করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। রেমিট্যান্স আয়ের জেলাভিত্তিক তথ্য সংগ্রহে এবং পর্যায়ক্রমে ব্যাংকগুলোকে প্রবাসীদের কল্যাণে সম্পৃক্ত করতে এই হিসাব করা হচ্ছে। সূত্র মতে, প্রায় দুই মাস আগে চট্টগ্রামের ২৬টি ব্যাংকের কাছে রেমিট্যান্স সংগ্রহের হিসাব চাওয়া হয়। ১৭ মার্চ পর্যন্ত ২১টি সরকারি-বেসরকারি ব্যাংকের চূড়ান্ত হিসাব অনুযায়ী গত বছর মোট রেমিট্যান্স আয় হয়েছে ছয় হাজার ১২২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪২৪ টাকা। জানা যায়, রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ব্যাংকের মাধ্যমে জেলায় পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দুই হাজার ২০১ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮৬ কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭৩ কোটি টাকা। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, সারা দেশে রেমিট্যান্স আয়ের জেলাভিত্তিক কোনো হিসাব বর্তমানে নেই। বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন সময় এ বিষয়ে তথ্য দিয়ে থাকে। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামের প্রবাসীদের রেমিট্যান্স আয়ের বিষয়টি জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত টানা তিন বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষ অবস্থানে আছে চট্টগ্রাম। গত বছর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন এক লাখ দুই হাজার ৮৭৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলা জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করেছেন ৮৪ হাজার ৬৪৪ জন। এর আগে ২০১১ সালে চট্টগ্রাম জেলা থেকে বিভিন্ন দেশে কাজ নিয়ে যান ৭৩ হাজার ৪৩৩ জন। জহিরুল আলম মজুমদার জানান, বৈধ উপায়ে টাকা পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে রেমিট্যান্স সংগ্রহের সঠিক তথ্য থাকা জরুরি। পাশাপাশি রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংকগুলোকে প্রবাসীদের কল্যাণে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ খাতে লাভের একাংশ সরকারের সঙ্গে যৌথভাবে প্রবাসী ও তাঁদের পরিবারের কল্যাণে ব্যয় করতে কয়েকটি ব্যাংককে প্রস্তাব দেওয়া হয়েছে।