এক বছরে তিন দফা বেড়েছে বাসভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরে তিন দফা বাসভাড়া বৃদ্ধিতে ভোগান্তি বেড়েছে চট্টগ্রামের বিভিন্ন যাত্রাপথের (রুট) প্রায় পাঁচ লাখ যাত্রীর। ভাড়া বৃদ্ধির সর্বশেষ ঘটনা ঘটেছে চলতি মাসে। সরকারিভাবে আন্তজেলা রুটে ভাড়া বাড়ানোর পর অভ্যন্তরীণ উপজেলা রুটগুলোতেও পরিবহন মালিক-শ্রমিকেরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ আছে। লাগামহীন ভাড়া বাড়ার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষজন। কোনো কোনো রুটের গাড়িতে বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) নির্ধারিত তালিকা থেকেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে প্রতিদিন বাসশ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। চট্টগ্রাম থেকে আনোয়ারায় নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী আবু রায়হান বলেন, ‘এ বছর এ নিয়ে তিনবার ভাড়া বেড়েছে। আমরা মধ্যবিত্তরা কীভাবে চলি। আমাদের তো বেতন বাড়েনি। বাসচালকদের সঙ্গে প্রতিদিনই আমাদের ঝগড়া হচ্ছে। তাঁরা যেমন খুশি তেমন ভাড়া আদায় করতে চান।’এ প্রসঙ্গে বিআরটিএর উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘আমরা নয়টি যাত্রাপথে বর্ধিত ভাড়া নির্ধারণ করে দিয়েছি। তবে মালিক সমিতি বিআরটিএর অনুমোদনহীন কিছু রুটে নিজেদের খেয়ালখুশিমতো ভাড়া আদায় করছে। বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া আদায় করলে আমরা ব্যবস্থা নেব।’বিআরটিএর হিসাবে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা-উপজেলায় ১১টি যাত্রাপথের অনুমোদন রয়েছে। সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ার পর ৯ জানুয়ারি বিআরটিএ নয়টি যাত্রাপথের বর্ধিত ভাড়া অনুমোদন করে। বিআরটিএর অনুমোদিত তালিকা অনুযায়ী চট্টগ্রাম-কাপ্তাই ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ২০ পয়সা। কিন্তু বাস মালিক-শ্রমিকেরা আদায় করছেন ১০০ টাকা। একইভাবে চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৭ টাকা ৮০ পয়সা। কিন্তু আদায় করা হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত অনুমোদিত ২০৩ টাকা ভাড়ার স্থলে নেওয়া হচ্ছে ২২০ টাকা। এভাবে অনুমোদিত রুটসহ প্রতিটি যাত্রাপথে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আন্তজেলা বাস মালিক গ্রুপের হিসাবে, চট্টগ্রাম থেকে বিভিন্ন স্থানে ৪০টি যাত্রাপথ নির্ধারণ করে জেলা ও উপজেলায় এই বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। আবার সরকার ডিজেলচালিত আন্তজেলা রুটে ভাড়া বাড়ানোর তালিকা দিলেও বাস মালিকেরা সিএনজিচালিত বাসগুলোকেও বর্ধিত ভাড়ার আওতায় নিয়ে এসেছেন। এদিকে, বিআরটিএর উপজেলা রুটে ভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলে দাবি করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রামের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ‘আন্তজেলা সড়কে ডিজেলচালিত গাড়িতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চট্টগ্রাম বিআরটিএর পাশাপাশি উপজেলা রুটের ভাড়াও বৃদ্ধি করেছে। এটা ঠিক হয়নি।’ চলতি বছর তিন দফা পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে বিআরটিএর উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘আমরা সরকারি নিয়মানুযায়ীই ভাড়া নির্ধারণ করেছি।’ বর্ধিত ভাড়া আদায় সম্পর্কে বাস মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা বিআরটিএ নির্ধারিত ভাড়াই আদায় করছি। বরং কোনো কোনো ক্ষেত্রে কম নিচ্ছি।’ তবে কিছু বাসশ্রমিক মাঝেমধ্যে কিছুটা সমস্যা করে বলে তিনি জানান।