চট্টগ্রাম বন্দর দিয়ে এক বছরের ব্যবধানে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বেড়েছে ৯৫ লাখ টন। নিয়মিত পণ্য আমদানির পরিমাণ বাড়ার পাশাপাশি নতুন কয়েকটি পণ্য আমদানির তালিকায় যুক্ত হয়েছে। এ কারণে বিগত বছরের তুলনায় এবার বন্দর দিয়ে পণ্য পরিবহনের পরিমাণ বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বন্দর সূত্র জানায়, সদ্য সমাপ্ত অর্থবছরে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন হয়েছে ৬ কোটি ৪২ লাখ টন। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে পরিবহন হয় ৫ কোটি ৪৭ লাখ টন। পণ্য পরিবহন বাড়ার হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। পরিমাণের হিসাবে ৯৫ লাখ টন। বন্দরের ১৩০ বছরের ইতিহাসে এক বছরের ব্যবধানে ৯৫ লাখ টন পণ্য পরিবহন বাড়েনি।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, নিয়মিত পণ্যের পাশাপাশি বন্দর দিয়ে এখন বড় বড় প্রকল্পের নির্মাণসামগ্রী ও সরঞ্জাম আমদানি বেড়েছে। দেশে ব্যবসার প্রবৃদ্ধিও বাড়ছে। এর ফলে বন্দর দিয়ে পণ্য আমদানিও বাড়ছে।
ব্যবসায়ী ও বন্দর কর্মকর্তারা বলেন, গত অর্থবছরে বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়। ভারত থেকে পাথর আমদানি সহজলভ্য না হওয়ায় পদ্মা সেতুর নদীশাসনের জন্য বিশেষ পাথর আমদানি শুরু হয়। চট্টগ্রামে উড়ালসড়কসহ বড় প্রকল্পের নির্মাণকাজের জন্য এখন নিয়মিত পাথর আমদানি হচ্ছে বন্দর দিয়ে। পাথর ছাড়াও সমুদ্রপথে কয়লা আমদানিও যুক্ত হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে কয়লা আমদানি শুরু হয়। গত অর্থবছরে বন্দর দিয়ে কয়লা আমদানি হয় সোয়া ২২ লাখ টন। আমদানি শুরু হওয়ার দ্বিতীয় বছরে কয়লা পরিবহন বেড়েছে ৬১ শতাংশ।
বন্দরের তথ্যে দেখা যায়, আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের মধ্যে মূলত আমদানি পণ্য পরিবহনই বেড়েছে। এক বছরের ব্যবধানে আমদানি পণ্য পরিবহন বেড়েছে ৯৩ লাখ ৮৩ হাজার টন। অন্যদিকে রপ্তানি পণ্য পরিবহন বেড়েছে এক লাখ ৩১ হাজার টন। আমদানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয় সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার। গত অর্থবছরে বন্দর দিয়ে ১ কোটি ৬৯ লাখ টন ক্লিংকার আমদানি হয়। ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ক্লিংকার আমদানি বেড়েছে ২৭ লাখ টন। এ ছাড়া কয়লা, পাথর, খাদ্যশস্য, পুরোনো লোহা, বিলেট ইত্যাদি আমদানির পরিমাণ বেড়েছে।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, ‘মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশ হলে বন্দরে পণ্য পরিবহন বাড়ে ৮-১০ শতাংশ। এখন ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে। আবার কয়লা-পাথরও আমদানি হচ্ছে। প্রতিনিয়ত ভোগ্যপণ্যের চাহিদা বাড়ছে। এ ছাড়া বেড়েছে শিল্পপণ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ও কাঁচামালের চাহিদাও। এসবের প্রভাবে পণ্য আমদানি বাড়ছে। এটি স্বাভাবিক।’
বন্দরের তথ্যে দেখা যায়, বন্দরের মূল স্থাপনায় থাকা ১৯টি জেটি, কর্ণফুলী নদীর দুই পাড়ে বিশেষায়িত জেটি ও মুরিং স্থাপনা এবং বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো হয়। এর মধ্যে আমদানি-রপ্তানি পণ্যের ৫২ শতাংশই বহির্নোঙরে জাহাজ থেকে ওঠানো-নামানো হয়। তবে খোলা ও বস্তাবন্দী পণ্য আমদানির হিসাব ধরা হলে ৭২ শতাংশই খালাস হয় বহির্নোঙরে। বড় জাহাজ থেকে ছোট জাহাজে স্থানান্তর করে এসব পণ্য খালাস হয়।
দুই বন্দরের তথ্যে দেখা যায়, সমুদ্রপথে পণ্য পরিবহনের ৯৩ শতাংশই আনা-নেওয়া হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। মোংলা বন্দর দিয়ে আনা-নেওয়া হয় মাত্র ৭ শতাংশ।