কক্সবাজারের চকরিয়া উপজেলার তিনটি দুর্গম ইউনিয়ন বরইতলী, খুটাখালী ও ফাঁসিয়াখালীর বাসিন্দাদের দিন কাটছে বন্য হাতির আতঙ্কে। এই তিন ইউনিয়নের অবস্থান বান্দরবানের লামা উপজেলার সীমান্তে। এসব এলাকার পাশে অবস্থিত পাহাড় ও বন থেকে বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। সবশেষ ১৬ ডিসেম্বর বরইতলী ইউনিয়নের ভিলেজারপাড়ার শফি আলম নামের এক কৃষকসহ চলতি ডিসেম্বর মাসে এই এলাকায় বন্য হাতির হামলায় মারা গেছেন তিন ব্যক্তি।
এসব এলাকার লোকজন জানান, খাদ্যের সন্ধানে নিয়মিত বিরতিতে হাতির পাল জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতিরা ধান ও সবজিখেত এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করে। পাশাপাশি হাতির আক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটছে। গত এক বছরে বন্য হাতির হামলায় সাতজন নিহত হয়েছেন বলে বন বিভাগ জানায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বিচারে পাহাড় থেকে গাছ কাটার ফলে বন্য হাতির আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে। হাতির পাল রাতের অন্ধকারে লোকালয়ে হামলা চালায় বলে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১২ ডিসেম্বর বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামে ব্যাপক তাণ্ডব চালায় দুটি হাতি। এ সময় প্রায় তিন একর জমির পাকা ধান নষ্ট করার পাশাপাশি হাতিগুলো মো. সিনহা (৮) নামের এক শিশুকে আছাড় দিয়ে হত্যা করে। এর আগে ৮ ডিসেম্বর একটি হাতির পাল একই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার ধানখেতে হামলা চালিয়ে মিলন কান্তি দাশ (৬০) নামের একজন কৃষককে হত্যা করে। এ ছাড়া চলতি বছরে খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার কৃষক ছাবের আহমদ (৪৩), লম্বাতলী এলাকার আবদুল কাদের (৫২), ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং এলাকার ব্যবসায়ী লাল্টু মিয়া (৩৭) এবং একই এলাকার শিশু নাশিদ রায়হান (১০) হাতির হামলায় নিহত হয়।
স্থানীয় লোকজন জানান, খুটাখালী ইউনিয়নের পাহাড়ি জনপদ গোলঢেবা, ফান্ডাছড়ি, মধুর শিয়া, কাদেরের ঘোনা, সেগুনবাগিচা, ভিলেজারপাড়া, লম্বাতলী, তানজুক কাটা, দরগাহপাড়া ও টিপঢেবা এলাকার লোকজনের রাত কাটে বন্য হাতির আতঙ্কে।
স্থানীয় বাসিন্দা আবদুল হক বলেন, উপদ্রুত এলাকার লোকজন মশাল জ্বালিয়ে ও থালা-বাসন পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। তবে এর পরও বন্য হাতির আক্রমণ অব্যাহত আছে। প্রতি বছর হাতির হামলায় এই এলাকায় মাঠের ফসল নষ্ট হয়। ঘটে হতাহতের ঘটনাও।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আসলাম মজুমদার বলেন, ‘বনে খাবারের অভাব দেখা দেওয়ায় শুষ্ক মৌসুমে বন্য হাতি লোকালয়ে চলে আসে। এ বছর হাতির হামলায় চকরিয়ায় অন্তত সাত ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। আমরা যখনই খবর পাই, তখনই বন্য হাতি তাড়িয়ে দিই।’