এক বছরে সেবা নিলেন দুই হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো চলছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র। গত এক বছরে এই সেবাকেন্দ্র থেকে সেবা নিয়েছেন ইউনিয়নের দুই হাজার বাসিন্দা। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী ও চাকরি পেতে আগ্রহী তরুণ-তরুণীরা কেন্দ্রটি থেকে সুফল পাচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ সাল বাস্তবায়নের লক্ষ্যে ২০১০ সালের ১১ নভেম্বর সারা দেশের ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র চালু হয়। ল্যাপটপ, স্ক্যানার, লেমিনেটিং যন্ত্র, প্রজেক্টর ও ইন্টারনেট–সংযোগ নিয়ে একই সময় ধলঘাট ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রও চালু হয়। জন্মনিবন্ধন, মৃত্যুসনদ ও সরকারি সেবা পেতে এই কেন্দ্রে ভিড় করেন স্থানীয় লোকজন। এ ছাড়া কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্র থেকে অনলাইনে নিয়োগ পরীক্ষার আবেদন করা যায় এবং জানা যায় বিভিন্ন পরীক্ষার ফলাফল।
গত রোববার বেলা একটায় ধলঘাট ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, দুই শিক্ষক ও তিন স্বাস্থ্যকর্মী অনলাইনের মাধ্যমে মাসিক প্রতিবেদন পাঠাচ্ছেন। পাশে সুতরিয়ার বাসিন্দা আমির হোসেন অনলাইনের মাধ্যমে দেশের বাইরে ওমানে একটি পাসর্পোট পাঠানোর জন্য অপেক্ষা করছেন। লোকজনকে সেবা দিচ্ছিলেন তথ্যসেবাকেন্দ্রের পরিচালক রাজিয়া সুলতানা ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।
তথ্যসেবা নিতে আসা স্বাস্থ্যকর্মী আমান উল্লাহ বলেন, ‘আগে প্রায় ৫০০ টাকা খরচ করে উপজেলা সদরে গিয়ে মাসিক প্রতিবেদন অনলাইনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠিয়েছিলাম। এখন বাইরে না গিয়ে তথ্যসেবাকেন্দ্র থেকে অল্প খরচে মাসিক প্রতিবেদন পাঠাচ্ছি।’
সাপমারার ডেইল এলাকার বাসিন্দা জন্নাতুল ফেরদৌস বলেন, আগে অনলাইনে নিয়োগ পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে এই এলাকার জনগণকে বাইরে যেতে হতো। এখন বাইরে না গিয়ে এ কেন্দ্রে বসে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাচ্ছে।
ধলঘাটা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কম্পিউটার, জেনারেটর, ফটোস্ট্যাট ও ডিজিটাল ক্যামরা নেই। এর পরও জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি ২৪ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর প্রতিদিন জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, সরকারি বিভিন্ন ফরম, বিদ্যালয়ের ফরম পূরণ ও রেজিস্ট্রেশন এবং চাকরির খবরসহ বিভিন্ন তথ্য জানার জন্য এলাকার লোকজন সেবাকেন্দ্রে ভিড় করছেন।
এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের প্রথম আলোকে বলেন, গত এক বছরে ধলঘাট তথ্য ও সেবাকেন্দ্র থেকে এলাকার অন্তত দুই হাজার লোক সেবা নিয়েছেন। দ্বীপের তথ্যসেবাকেন্দ্র বেশ ভালোই চলছে।