এক বছরে ১১ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত এক বছরে ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কেবল চলতি মাসেই একজন খুন ও চারজন গুলিবিদ্ধ হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত না হওয়ায় এবং জড়িত সন্ত্রাসীরা ধরা না পড়ায় এমন ঘটনা বারবার ঘটছে বলে মনে করে এলাকাবাসী।দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, উপজেলায় ঘটে যাওয়া ১১ হত্যাকাণ্ডের মধ্যে এ পর্যন্ত চারটি মামলার অভিযোগপত্র দাখিল ও তিনটি মামলার ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘১১টি হত্যার ঘটনার মধ্যে অধিকাংশই ঘটেছে আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। এ ছাড়া দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের তদন্ত করতে গেলে স্থানীয় বাসিন্দারা কোনো সহযোগিতা করতে চায় না। এ কারণে পুলিশের পক্ষে দুর্গম এলাকায় মামলার তদন্ত শেষ করা কঠিন হয়ে পড়ে। এ পর্যন্ত পুলিশ চারটি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে। কয়েকটি মামলা তদন্তনাধীন রয়েছে।’পুলিশ সূত্রে জানা যায়, ১ জুলাই উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর যৌথ খামার এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে জেএসএসের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রীতি খীসা আহত হন। ৮ জুলাই গভীর রাতে উপজেলার নারকেল বাগান এলাকার একটি ছাত্রাবাসে অস্ত্রধারীরা গুলি চালালে স্কুলছাত্র রুবেল চাকমা (১৫), কনক জ্যোতি চাকমা (১৭) ও পলাশ চাকমা (১৭) গুলিবিদ্ধ হয়। ছাত্রাবাসটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মী-সমর্থকেরা থাকতেন বলে জানা গেছে।এরপর ৯ জুলাই দুর্গম কাটারুংছড়ামুখ এলাকার কৃষক সুসময় চাকমা (৩৪) নামের একজনকে অপহরণের পর জবাই করে হত্যা করা হয়। ১০ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।এর আগে গত ১৭ মার্চ উল্টাছড়ি গ্রামের কার্বারি (গ্রামপ্রধান) রণজিৎ চাকমাকে অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরণ করে। এখনো তাঁর হদিস পাওয়া যায়নি। গত ১২ এপ্রিল বৈসাবির প্রথম দিন উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা (৪২) বড়াদম এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর গত ২৩ এপ্রিল ভূঁইয়াছড়ি এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন হাজাছড়া গ্রামের কৃষক নূর আলী।এ ছাড়া ২০১১ সালের বিভিন্ন সময়ে খুন হন নূরুল আমিন (১৪), বাবলা চাকমা (৪৮), স্মরণিকা চাকমা (১১), জেসমিন আক্তার (২০), আমিনুল ইসলাম (১৮), বিমল চাকমা (৪২), আবদুস ছাত্তার (২৩) ও চিগোন মিলা চাকমা (৪৮)।কয়েকজন আদিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অধিকার আদায়ের আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দলগুলো এখন তিন ভাগে বিভক্ত। একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালাচ্ছে। অনেক চেষ্টা করেও এ বিভক্তি দূর করা সম্ভব হচ্ছে না। উপজেলার জেএসএস (এমএন লারমা) সভাপতি প্রীতি চাকমা বলেন, ‘সন্তু লারমার পক্ষের লোক আমাদের দেখলেই হামলা করে। তারা আমাদের কয়েকজন নেতাকে হত্যা করেছে। ১ জুলাই আমাদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আমিও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিট প্রধান কিশোর চাকমা বলেন, ‘কয়েক দিন আগে সন্তু লারমার পক্ষের লোকজন আমাদের একটি ছাত্রাবাসে গুলি করে তিন ছাত্রকে আহত করেছে। গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক আলো জীবন চাকমাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে তারা।’ জনসংহতি সমিতি (জেএসএস সন্তু লারমা) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেন, ‘জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফ যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত তাঁদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।’